বসন্ত এল, তাঁরা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়াসী মুৎসুদ্দী, ফারজানা, শান্তা চক্রবর্তী, পাপড়ি মল্লিক, মাহমুদুল হাসান, কপিল বড়ুয়া—এ নামগুলো চেনা মনে হচ্ছে! অন্তত চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদের এসব নাম ভোলার কথা নয়। আর সহপাঠীদের স্মৃতির পর্দা ধূসর হলেও পরিবারের সদস্যদের মন ও মগজে তাঁরা এখনো জাগ্রত। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি পৃথিবীকে বিদায় জানানো এই তরুণ-তরুণীদের কী ভুলতে পারবে তাঁদের পরিবার! বান্দরবানে শিক্ষাসফর থেকে ফেরার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের সাত শিক্ষার্থী ও দুই অভিভাবক মারা যান। আহত হয়েছিলেন অন্তত ২৫ জন। সেদিন শোকমিছিল হয়েছিল, হয়েছিল নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শবযাত্রায় শামিল হয়েছিল সব সম্প্রদায়ের মানুষ। কিন্তু মাত্র দুবছরের ব্যবধানে সেই স্মৃতি মলিন হয়ে গেল! সহপাঠীদের স্মরণে তেমন কোনো আয়োজন নেই চট্টগ্রাম কলেজে। আহত তরুণ-তরুণীরা কোথায় তার খোঁজও কে রাখেন! মেয়ের ছবির অ্যালবাম, দিনলিপির দিকে তাকিয়ে সময় কাটে শান্তা চক্রবর্তীর মা লাকি চক্রবর্তীর। ফোন করে আকুতি জানালেন, তাঁর মেয়ের মৃত্যু দিবসে যেন একটা প্রতিবেদন হয়। সেদিনের দুঃসহ স্মৃতির কথা ভুলতে কি পারবেন কোনো রকমে প্রাণে বেঁচে যাওয়া ফরহাদ, আমজাদ, হোসেন, তুহিন, রাশেদ, ডেইজি, সৌমেনেরা! এখনো ব্যথায় কাতর হন তাঁরা। দুর্ঘটনার কথা মনে পড়লে তাঁরা এখনো আঁতকে ওঠেন। প্রিয়াসী মুৎসুদ্দীর গান থেমে গিয়েছিল ওই দুর্ঘটনায়। দুর্ঘটনার দুদিন পর মিলেছিল তাঁর লাশ। এবারও ডিসি পাহাড়ের সবুজ চত্বরে বসন্ত উৎসব এল। কিন্তু সেই উৎসবে নেই প্রিয়াসীরা।