নিজেকে বসন্তপ্রেমী বলে মানি, অথচ এবার বসন্ত আসার আগে বসন্তের কোনো খোঁজই আমি রাখিনি। এবারের বসন্ত অঙ্কের হিসাবে আমার কাছে একটু অন্য রকম। এবারের বসন্ত যে আমার জীবনের ২১তম বসন্ত। আমার ২১তম বসন্তের আগমনী বার্তা টের পেলাম পয়লা ফাল্গুনের ঠিক আগের দিন রাতে। জানালা খুলে পড়ার টেবিলে বসে আছি। শীতের শেষ লগ্নের বহমান হাওয়া যখন আমার গায়ে লাগল, বুঝতে পারলাম বসন্ত আসছে। সঙ্গে সঙ্গে সেই হাওয়ায় স্নানটা সেরে নিতে খালি গায়ে অনেকক্ষণ জানালার পাশে বসে রইলাম। একবারও তখন ক্যালেন্ডারে তাকানোর প্রয়োজন অনুভব করিনি। হিসাব কষে বসন্ত উপভোগের চেয়ে, এভাবে হঠাৎ বসন্ত উপভোগর সুযোগ পাওয়াটাই বেশি তৃপ্তিকর ছিল। পরদিন ভোরে পত্রিকায় চোখ রাখতেই নজরে এল শিরোনামটা, আজ পয়লা ফাল্গুন। আগেই বলেছি, ২১তম বলে এবারের বসন্তটা আমার কাছে একটু অন্য রকম। অন্য রকম আরও একটা কারণে। এবারের বসন্ত যে আমার স্বাভাবিক জীবনের প্রথম বসন্ত। আমি বহুদিন নিজেকে অসুস্থ বলে জানতাম এবং মানতাম। অসুস্থ অবস্থায়ই জানতে পেরেছি, আমি ‘পাগল’ হয়েছি বলে অনেকে ধরে নিয়েছেন। আমার অসুস্থ হওয়ার সময়টাও ছিল বসন্তকাল। সেটি আমার ১৯তম বসন্ত ছিল। প্রেসক্রিপশনের ফাইলটা বের করতেই অসুস্থ হওয়ার দিনটার কথা মনে পড়ল। ০১.০৩.২০১১। হ্যাঁ, ওই দিনটি স্পষ্ট মনে পড়ছে। মনে পড়ছে আরও অনেক কিছু। মনে পড়েছে প্রায় এক মাস স্মৃতিহীন থাকার বিষয়টাও। ১৯ বছরের এক কিশোরের মনোজগতের ওপর দিয়ে যে সিডর বয়ে গেছে তা মনে হলে আমি এখনো শিউরে উঠি। ওই কারণেই তো আমার তৃতীয় সেমিস্টারের একটা পরীক্ষা দেওয়া হয়নি। পড়তে হয়েছে পুনঃভর্তির কবলে। ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপ দেখব বলে উদগ্রীব হয়ে বসে ছিলাম। সেটাও হয়নি। মনে পড়ে নির্ঘুম, কঠিন রজনীগুলোর কথা। গভীর রাতে বাসার চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। নিদ্রাদেবী যেন নিদ্রার মায়াজাল বিছিয়ে দিয়ে যায় আমাদের উকিলপাড়ায়। অথচ আমার দুচোখে নিদ্রার বালাই থাকত না। আমি একলা ঘরে ভয়ে আড়ষ্ট হয়ে থাকতাম। মনে হতো, দুষ্টু আত্মাদের কেউ আমার পিছু নিয়েছে। একবার ডাক্তার দেখাতে যাব বলে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় এক কৃষ্ণবর্ণ নারী এসে আমার পা জড়িয়ে ধরেছিল, দুই টাকার জন্য। ভয় পাব জেনে একটু দূরে থাকা বাবা দৌড়ে এসে আমাকে সামলে তাকে (নারীটিকে) টাকা দিয়ে বিদায় করেছিল। কিন্তু ওই দিনের পর থেকে নারীটি আমাকে গভীর রাতে ডাকত। ঠিক আমার পা ধরে যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলোই আমাদের বাসার গেটে ধ্বনিত হতো। আমি ভয়ে তটস্থ হতাম। কাউকে শক্ত করে জড়িয়ে ধরে নিরাপদ আশ্রয় পেতে চাইতাম। কিন্তু পারতাম না...। এভাবে কত বিনিদ্র রজনী যে কাটিয়েছি, সে হিসাব কষে এখন কষ্ট পেতে চাই না। সুস্থ হয়ে উঠেছি, আমার জীবনে আবার বসন্ত এসেছে, এটাই তো বড় প্রাপ্তি। দুটি বসন্ত আমার জীবন থেকে হারিয়ে গেছে। কাউকে এ জন্য দায়ী করতে চাই না। শুধু প্রকৃতির কাছে একটা চাওয়ার কথা পেশ করতে চাই। বসন্ত— তুমি আমার মন ভরিয়ে দিয়ে যেয়ো। তোফায়েল আহমেদ সরিষাবাড়ী, জামালপুরঅলংকরণ: মাসুক হেলাল