বসন্ত নাট্যোৎসব সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জলবায়ু পরিবর্তনের ফলে বাংলার ষড়্ঋতুকে যথার্থ সময়ে দেখি না। তবে ঋতুভিত্তিক নাট্যমেলার আয়োজন আমাদের চিরায়ত বাংলার ষড়্ঋতুর কথা মনে করিয়ে দেয়।’ বসন্ত নাট্যোৎসবের উদ্বোধন অনুষ্ঠানে কথাগুলো বলেন উদ্বোধক কবি অরুণ দাশ গুপ্ত। ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদ থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে ২৩ এপ্রিল থেকে দুই দিনব্যাপী বসন্ত নাট্যোৎসবের আয়োজন করে। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এবারের এই আয়োজন কবিকেই নিবেদন করেছেন আয়োজকেরা। এতে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। আলোচনা শেষে পরিবেশিত হয় রবীন্দ্রনাথের গান, প্রমা আবৃত্তি সংগঠনের আবৃত্তি এবং প্রমা অবন্তীর নির্দেশনায় নৃত্যানুষ্ঠান। তারপর পরিবেশিত হয় তির্যক নাট্যদলের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকটি। এই প্রদর্শনীর মাধ্যমে নাটকটি ৯৮তম প্রদর্শনী সম্পন্ন করে। পরদিন ছিল মঞ্চ মুকুটের প্রযোজনা আন্তন চেখভের বিয়ে। নির্দেশনায় ছিলেন সুচরিত দাশ। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ভারতীয় সহকারী হাই কমিশন।