নন্দিনীর বিরাট বিপদ। সে দরদর করে ঘামছে। পলাশ বাথরুমে আটকা পড়েছে। চাবিতেও খুলছে না। পলাশ বাথরুমে ঢোকার পরপরই হাসান ফোন করে বলল, ‘কেমন জানি লাগছে। একদম ভালো লাগছে না। বাসায় চলে আসছি।’ পলাশ নন্দিনীর পরকীয়া প্রেমিক। না, শুধু পরকীয়া প্রেমিক বললে ভুল হবে। পলাশই তার জীবনে প্রথম প্রেমিক। প্রথম প্রেমই এখন পরকীয়া হয়ে গেছে। দুজনের জীবন বাঁধা পড়েছে ভিন্ন দুজন মানুষের কাছে। নন্দিনী প্রথমে চাকু দিয়ে, তারপর হাতের কাছে যা পাচ্ছে, তাই দিয়ে দরজা খোলার চেষ্টা করছে। ভেতর থেকে পলাশও চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। সিনেমার নায়িকাদের মতো নন্দিনী চুলের ক্লিপ দিয়েও চেষ্টা করেছে। যত্ত সব! ওসব সিনেমাতেই খোলে! বাস্তবের তালা বিপদের সময় চাবিতেও খোলে না। বাসায় না আছে একটা হাতুড়ি, না আছে কোনো স্ক্রুড্রাইভার। ভাঙাও যাচ্ছে না। বিয়ের কিছুদিন পর হাসান কোথা থেকে কী শুনে পলাশের কথা একদিন জিজ্ঞেস করেছিল। নন্দিনী যথারীতি বলেছে, ‘ছেলেটা আমার পেছনে ঘুরত।’ কিন্তু এখন কী বলবে? হাসান যে ভয়ংকর রাগী মানুষ! খুন-খারাবি করে ফেলতে পারে। নন্দিনীর ধরা পড়ার ভয় কখনো করেনি, তা নয়। সব সময়ই করেছে। তাই তো এত দিন বাসায় আসতে বলেনি। ফোনে কথা বলত, সেই তো ভালো ছিল। কী মধুর মধুর কথা হতো! একদিন পলাশকে জিজ্ঞেস করেছিল, ‘তোমার তো আকাশ আর সাগর খুব পছন্দ, তাই না?’—হু—তোমার কাছে আমি আকাশের মতো, নাকি সাগরের মতো?—কোনোটাই না। —তা হলে?—তুমি আমার মনের মতো।কী সুন্দর কথা! মনটাই জুড়িয়ে যেত। কিন্তু তার পরও যার প্রতি এত প্রেম, তাকে তো একটু দেখতে ইচ্ছে করতেই পারে। নন্দিনীর শুধু মনে হতো—কত দিন দেখি না তারে! ভালো বিয়ে বলতে যা বোঝায়, নন্দিনীর তার চেয়েও ভালো বিয়ে হয়েছে। কিন্তু দুঃসহ দাম্পত্য জীবন বলতে যা বোঝায়, তারও অধিক কষ্টের জীবন পেয়েছে। কিন্তু সেই কষ্টের কথা কাউকে বলা যায়? তাই সারাক্ষণ শুধু পলাশের কথা মনে পড়ে। প্রথম প্রেমের স্মৃতি নিয়েই অনেকে জীবন কাটায়, নন্দিনীও হয়তো তাই করত। কিন্তু যাপিত জীবনের অপ্রাপ্তিই পলাশকে আরও কাছে টেনেছে। নন্দিনী কী করবে? মনকে বোঝাতে পারলে শরীরকে বোঝাতে পারে না। আবার শরীরকে দমন করতে পারলেও, মন তো মানে না। তাই একদিন পলাশকে বলেই ফেলে— —বাসায় এসো।—আগামী দু-তিন দিন অনেক কাজ।—থাক তোমার কাজ নিয়ে। এত খারাপ কপাল কারও হয়? স্বামী তো আদর করেই না। প্রেমিকেরও সময় নেই।—রাগ করো না, প্লিজ!—আচ্ছা, তাহলে পরশু অথবা তরশু দিন এসো।—তরশু আবার কবে?—পরশুর পরের দিনই তরশু।—ও আচ্ছা। শব্দটি নতুন শুনলাম। —...তো কী হয়েছে? মনে রেখো। তসশ্যু কিন্তু আসতেই হবে। অতঃপর মোবাইলে ‘এত দেরি হচ্ছে কেন জান?’ টাইপের প্রশ্নের উত্তর দিতে দিতে পলাশ এল। কিন্তু এসেই বলে, ‘যাই।’ পলাশ আগের মতো ভিতুই আছে। ওকে দেখে নন্দিনীর কত কিছু মনে পড়ল! একসময় ওর জন্যই নিজের বাবা-মাকেও পর পর লাগত। আবার যখন ভেবেছে, পলাশের কথা আর মনে করবে না, তখন থেকেই আরও বেশি করে মনে পড়েছে। বিয়ের পর নিউমার্কেটে একবার পলাশকে দেখেছিল। রিকশায় সায়েন্স ল্যাবের দিকে যাচ্ছে। নন্দিনী অপলক চেয়ে থেকেছে। অনেকক্ষণ। যদি কাছেই কোথাও নামে, তাহলে পলাশকে ভালো করে একটু দেখবে। কিন্তু পলাশ নামেনি। তার পরও রিকশাটি যতই দৃষ্টিসীমার বাইরে যেতে থাকল, নন্দিনীর কল্পনায় পলাশের মুখটি ততই স্পষ্ট হতে লাগল। হাসান চলে এসেছে। ভয়ে নন্দিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সারা শরীর কাঁপছে। হাসান জামা-কাপড় বদলে বাথরুমের দিকে পা বাড়াল। নন্দিনী কিছু একটা বলার প্রাণান্ত চেষ্টা করেও বলতে পারছে না। গলা শুকিয়ে কাঠ, শব্দ বেরুচ্ছে না। গভীর রাতে হঠাৎ নন্দিনীর গোঙানির শব্দে হাসানের ঘুম ভেঙে গেল। নন্দিনীকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, ‘কী হয়েছে? দুঃস্বপ্ন দেখেছ?’ নন্দিনী কোনো উত্তর দিল না। তার বুকের মধ্যে ধড়ফড় করছে। স্বপ্নের ঘোর কাটছে না। বাথরুমের দরজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল সে। হাসান আবার জিজ্ঞেস করল, ‘স্বপ্নে কী দেখেছ?’ নন্দিনী উঠে বসল, একটু দম নিল। সাইড টেবিলের বোতল থেকে পানি খেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ‘আমার সুখস্বপ্নটা দুঃস্বপ্নের হাতে ধরা পড়েছে।’ শাখাওয়াৎ নয়নঅস্ট্রেলিয়ার নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত।[email protected]