বসন্ত বরণের আয়োজনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রকমারি পিঠার স্বাদে বসন্ত বরণ করেছে মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। ১৫ ফেব্রুয়ারি এনায়েত বাজারের ক্যাম্পাসে বসে এই আনন্দ আয়োজন।
ঋতুরাজকে বরণ করতে সকাল থেকেই বাসন্তী রঙের শাড়ি ও মাথায় ফুলের লহর পড়ে শিক্ষার্থীরা ছুটে এসেছিল কলেজ প্রাঙ্গণে। বেলুন উড়িয়ে সকাল ১০টায় এই আয়োজন উদ্বোধন করেন কবি কামরুল হাসান। এরপর মঞ্চে জাদু পরিবেশন করেন জাদুশিল্পী রাজীব বসাক। জাদুর পরিবেশনা শেষে ‘ওরে গৃহবাসী’ শিরোনামের দলীয় সংগীতে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এরপর একে একে গান, কবিতা ও নাচের পরিবেশনায় ক্যাম্পাস মাতিয়ে রাখে শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি চলছিল পিঠা উৎসব। কলেজের উপাধ্যক্ষ শাহীন ফেরদৌসী জানান, ১৭টি স্টলে হরেক রকম পিঠা বিকিকিনি করেছে শিক্ষার্থীরা।
আয়োজন প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ তহুরীন সবুর বলেন, ‘প্রকৃতির ঋতুবৈচিত্র্য সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে এই ধরনের আয়োজন করা হয়েছে। এভাবে শিক্ষার্থীদের সহজেই দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যায়।’
উৎসবে প্রথমবারের মতো আসা কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী অর্পিতা শিকদার জানায়, বেশ মজায় কাটল পুরো দিন। নানা স্বাদের পিঠা খাওয়া হলো।