ইট-কাঠের শহর, পিচঢালা রাজপথ আর কংক্রিটের দেয়ালের ভিড়ে হঠাৎ করেই শোনা যায় কোকিলের ডাক। অবাক লাগে। কুয়াশার ছিটেফোঁটাও নেই কোথাও। সূর্যের আলো বাড়তেই চোখে পড়ে পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়া ফুল। প্রকৃতিতে লেগেছে আজ আগুনের রং। চেষ্টা চলতে থাকে আমের মুকুলের সোঁদা গন্ধ নেওয়ার। বুঝি, ফাগুন এসেছে। বাসন্তী রঙের শাড়ি পরা তরুণীরা জানিয়ে দিয়ে যায় পয়লা ফাল্গুনের কথা। সেই ভোর থেকে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস—টিএসসি থেকে চারুকলা চত্বর হয়ে কেন্দ্রীয় গণগ্রন্থাগার পর্যন্ত। ঝলমলে রোদে শামিয়ানার নিচে দাঁড়িয়ে সবাই উপভোগ করে চারুকলার বকুলতলার অনুষ্ঠান। গানে গানে, কবিতায় টের পাওয়া যায় ফাগুনে প্রাণের এক দারুণ উচ্ছ্বাস।কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী জান্নাত, মনিকা আর সুপ্রভার সঙ্গে। তাঁদের হলুদ শাড়ি জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা।কোকিলের ডাকের উৎস খুঁজতে গিয়ে দেখা হয় মনিপুর স্কুুলের ছাত্র ছোট্ট শিশু প্রিতুলের সঙ্গে। ছোটখাটো শরীরে বড় আকারের এক পাঞ্জাবি গলিয়ে বাবার হাত ধরে এসেছে শাহবাগে। কে যেন তার নরম, কোমল গালটায় কাঁচা রং দিয়ে এঁকে দিয়েছে ফুলের ছবি। ‘বাবা, এইটা কী পাখি?’ ‘কী খায়?’ ‘ওরা আমার কাছে আসতে ভয় পায় কেন?’ ‘আমি কোকিল দেখব।’ এমন নানা প্রশ্ন আর আবদারে সে বিপদেই ফেলে বাবাকে। শহরের এই ভিড় ঠেলে ছেলের কোকিল দেখার শখ পূরণ করা চাট্টিখানি কথা নয়। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো তাই তাকে চারুকলার সামনে থেকে একটা কাঠের পাখির পুতুল কিনে দেন বাবা। শহুরে শিশু তাতেই খুশি। বাবার বিশ্বাস, আরেকটু বড় হলে গুগল থেকে হয়তো ঠিক ঠিক সে দেখে নেবে আজকের এই কোকিল।ফারিনের এসএসসি পরীক্ষা চলছে। বাবা-মায়ের বকা উপেক্ষা করে চলে এসেছে সে। পরনে তার বাসন্তী রঙের শাড়ি। পয়লা ফাল্গুন নিয়ে কথা বলতে গিয়ে জানাল, ‘প্রতিদিন কি আর পড়ায় মন বসে! আর আজকে একটা বিশেষ দিন। একে তো পয়লা ফাল্গুন, তার ওপর এই শাড়িটা আমার বড় ভাইয়া নিজের টাকায় কিনে দিয়েছে।’ রাজু চত্বরের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল বার কয়েক দুলিয়ে সে যেন জানান দেয় ভাইকে নিয়ে তার গর্বের কথা। পাশে দাঁড়ানো সদ্য চাকরি পাওয়া লাজুক ভাইটির জীবনে আসা বহু পয়লা ফাল্গুনের মধ্যে এটাই যে সেরা, সন্দেহ নেই তাতে।ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী তমাল। পয়লা ফাল্গুনের আগের দিন ট্রেনে চেপে চলে এসেছেন ঢাকায়। রাজধানীতে বাস করেন তাঁর প্রাণের বন্ধু বরুন; পড়ছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার নিয়ে। ফাগুনের জন্য দুই বন্ধু আলমারিতে তোলা পুরোনো পাঞ্জাবি বের করে ভালো করে ধুয়ে মাড় দিয়েছেন। তাতে সুবিধার চেয়ে অসুবিধা হয়েছে বেশি। পাঞ্জাবি দেখতে পরিষ্কার আর সুন্দর হলেও পাপড়ের মতো মচমচে হয়ে গেছে। দুঃখ নেই তাতে। তাঁদের সঙ্গে কথা বলার সময় বারবার বলে দিলেন, ‘পত্রিকায় লেখার সময় নামের বানানটা যেন ভুল না হয়, সেদিকে খেয়াল রাখবেন কিন্তু।’ভাষার মাসে বইমেলার কাছাকাছি যেতেই চোখ পড়ে এক অভিমানী তরুণীর ওপর। সঙ্গে আসা তরুণটির ওপর তাঁর সব রাগ। পয়লা ফাল্গুনে খোঁপায় বাঁধার জন্য উপহার হিসেবে তরুণটি গাঁদা ফুল আনেননি, এটাই তরুণীর অভিমানের কারণ। ভিড়ের মধ্যে তাঁদের এ কাণ্ড দেখতে মন্দ লাগে না। মন উচাটন হয়। বেলা পড়তেই বাড়ির পথ ধরি। উচাটন মনে ফাগুনের সুর। আর তাতে আপনা-আপনি বসে যাচ্ছে কথা... ‘বসন্ত বাতাসে, ও সই গো বসন্ত বাতাসে...বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে...।’