বসন্ত বাতাসে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করিডরে দেখা, তারপর ক্লাসের ফাঁকে নিত্য চোখাচোখি। বিশ্ববিদ্যালয়ের শালিক কিংবা হাকিম চত্বরে বসে গরম চায়ে চুমুক। অতঃপর একদিন টিএসসির সড়কদ্বীপে দুজনে পাশাপাশি। অপরাজেয় বাংলার কাছের নিরালা কোণে বৃথা আড়াল খোঁজার চেষ্টা। রোকেয়া কিংবা শামসুন্নাহার হলের সামনে ভরসন্ধ্যায় দাঁড়িয়ে অপেক্ষা। আর কপাল মন্দ হলে ইয়ার দোস্তের হাতে যাকে বলে একদম হাতেনাতে ধরা। তারপর গোটা ক্লাসে প্রেমের কথা রাষ্ট্র হতে সময় লাগে না। বন্ধুবান্ধবের ঠাট্টা-টিটকারি। কখনো বা আবার তৃতীয় পক্ষের বাগড়া। সব ডিঙিয়ে দুর্বারগতিতে এগিয়ে চলে প্রেম। ভাগ্যলক্ষ্মী বেজার হলে অকস্মাৎ একদিন কঠিন বাস্তব এসে পথ আগলে দাঁড়ায়। ফলাফল ‘আমরা তো জাস্ট ফ্রেন্ড’-জাতীয় একটা কিছু বলে মুখ দেখাদেখির পালা চিরতরে বন্ধ। এমনি করেই প্রেম আসে, প্রেম যায়। এক দলের পালা ফুরোতে না ফুরোতেই আসে পরের দল। একই নাটক, একই চিত্রনাট্য। পাত্র-পাত্রী পাল্টে যায় শুধু। এখন অবশ্য দিনকাল পাল্টেছে বেশ। পাশের বাসার তরুণ-তরুণীর পরস্পর উঁকিঝুঁকি। বিকেলে ছাদ থেকে ছাদে প্রেম। পার্কে বসে বাদাম চিবোনো। সেসব বাঙালির শতবর্ষের ইতিহাসের পাতায় লেখার সময় বুঝি হয়ে এল। জিয়া উদ্যান আর রমনা ছাড়িয়ে মধ্যবিত্ত-উচ্চবিত্ত সবার ভালোবাসা এখন ইন্টারনেটমুখী। চণ্ডীদাস প্রেমের আশায় ছিপ ফেলেছিলেন পুকুরে। এবার ছিপ ফেলে বসে থাকার পালা ফেসবুকে। শুধু পাড়ার সুন্দরী নয়, গণ্ডি এবার সারা দুনিয়া। প্রেমের বিশ্বায়ন আর কাকে বলে! চায়নিজ আর ফুচকা বিলাসের দিনও যায় যায়। বসন্তের সঙ্গে হাত ধরে আসছে ভালোবাসার দিনও। এমন দিন হেলায় হারানো সত্যিই বোকামি। কেবল ১৪ ফেব্রুয়ারি একটি মাত্র দিনই কেন ভালোবাসার দিন হবে, সে নিয়েও বিতর্কের সুযোগ রইল। ভ্যালেন্টাইনস ডে-কে ‘পশ্চিমা’ বলে কেউ এড়িয়ে যেতে চাইলেও আপত্তি নেই। তবে রাধা-কৃষ্ণ, চণ্ডীদাস-রজকিনী, লাইলি-মজনু, শিরি-ফরহাদের মতো ভালোবাসার নায়ক-নায়িকারা কেউ পশ্চিমা নন। দেশ-কাল-সীমানার গণ্ডি ছাড়িয়ে জয় হোক শুধু ভালোবাসার।— ইকবাল হোসাইন চৌধুরী