বসন্তবরণে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ১৩ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন। বসন্তের এই আগমনী দিনটিকে উৎসবের রঙে রাঙাতে নানা কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন। নগরের বিভিন্ন এলাকায় পৃথকভাবে বসন্তবরণের আয়োজন করেছে বেশ কিছু সংগঠন।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ: প্রকৃতিতে বসন্ত আসার এক দিন আগেই বসন্তবরণের আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ। আজ ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে থাকবে আলোচনা, নাচ, গান, নাটক ও আবৃত্তি।
বোধন আবৃত্তি পরিষদ: ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’ স্লোগানে এ বছর বসন্তবরণের দিনব্যাপী আয়োজন রয়েছে নগরের নজরুল স্কয়ারে। সকাল নয়টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত আটটা পর্যন্ত। আয়োজনে থাকবে যন্ত্রসংগীত, কবিতা আবৃত্তি, দলীয় ও একক সংগীত, কথামালা ও নৃত্য পরিবেশনা।
প্রমা আবৃত্তি সংগঠন: নগরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসন্তবরণের আয়োজন করেছে প্রমা আবৃত্তি সংগঠন। সকাল সাড়ে আটটায় এই উৎসব শুরু হয়ে চলবে রাত নয়টা পর্যন্ত। দিনব্যাপী এই উৎসবে থাকবে সংগীত, দলীয় নৃত্য, ঢোলবাদন, যন্ত্রসংগীত, আবৃত্তিসহ নানা আয়োজন।
চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন পরিষদ: ১৭ ফেব্রুয়ারি নগরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসন্তবরণের আয়োজন করেছে চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন পরিষদ। বিকেল পাঁচটায় শুরু হবে বসন্তবরণের বর্ণিল এই আয়োজন। এতে থাকবে যন্ত্রসংগীত, নাচ, গান, কথামালা নাটক ও আবৃত্তি।