‘বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা/ বইলো প্রাণে দখিন হাওয়া-আগুন জ্বালা...।’ চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ যেন বহুদিন পর জেগে উঠল এই বসন্তগানে। পরনে হলুদ শাড়ি, খোঁপায় ফুল—এমন সাজে দেখা গেল বেশির ভাগ নারীকে। ঋতুরাজের উপস্থিতিকে আরও সরব করে তুলতে পুরুষেরাও পরেছিলেন ধুতি ও রঙিন ফতুয়া।গত শুক্রবার চারুকলা প্রাঙ্গণে বসন্ত উৎসবে এমনই মুখর পরিবেশ তৈরি হয়েছিল। দিনব্যাপী এই বসন্ত উৎসবের আয়োজন করে চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর কথা মাথায় রেখে এবার বিশেষভাবে সাজানো হয়েছিল এই আয়োজনকে।সকাল সাড়ে নটায় শুরু হয়ে রাত পর্যন্ত চলে এই উৎসব। যোগ দিয়েছিলেন নগরের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত লোকজনেরা। এসেছিলেন সংস্কৃতিপ্রেমী নাগরিকেরাও। প্রভাতি অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ ও হঠাৎ দেখা কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। কবিতা দুটি আবৃত্তি করেন অরুণ ভদ্র। ‘ম্লান আলোকে ফুটলি যেন দোলনচাঁপার ফুল’ এই নজরুল গীতি গেয়ে দর্শককে মুগ্ধ করেন ভুবন মজুমদার। এর পরপরই রবীন্দ্রসংগীত ‘অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া’ গেয়ে শোনান আকিব হায়দার। এরপর ‘আজ সবার রঙে রং মিশাতে হবে’, ‘তোমার খোলা হাওয়া’, ‘আলো আমার আলো’ পর পর এই তিনটি গান শুনিয়ে দর্শকের মন জয় করেন শিল্পী শ্রেয়সী রায়। সকালের অনুষ্ঠান শেষ হয় ‘স্কুল অব ওরিয়েন্টাল ডান্স’ এর শিল্পীদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। নৃত্য পরিচালনা করেন শুভ্রা সেনগুপ্ত। উৎসবের শুরুতে সকালে লোক সমাগম কম থাকলেও বিকেল হতে না হতেই সংস্কৃতিপ্রেমী নাগরিকেরা আসতে থাকেন দলে দলে। বিকেলে বসন্তের পঙিক্তমালা শিরোনামে অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর। আইয়ুব সৈয়দ, আশীষ সেন, কামরুল হাসান বাদল, হাফিজ রশিদ খান, আকতার হোসেন, মৃদুল গুহ, পুলক পাল প্রমুখ কবিতা পড়েন।এরপর আবৃত্তি, লোকগান, নাচ ও সব শেষে বাউল গান পরিবেশিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফারুক তাহের এবং ইয়াসমীন আক্তার।সন্ধ্যার অন্ধকার গাঢ় হতে থাকলে জমে ওঠে উৎসব প্রাঙ্গণ। হাজারো দর্শক উপভোগ করেন বাউলগান। শেষে বসন্তের মাতাল বাতাসে সুখস্মৃতি নিয়ে চারুকলা প্রাঙ্গণে ছেড়ে যান আগত লোকজনেরা।