বসন্তে ভালোবাসার রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্ত আর ভালোবাসার সম্মিলন ঘটেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে গত সোমবার। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন এ আনন্দোৎসবের আয়োজন করে। এর মাধ্যমে চট্টগ্রাম চারুশিল্পী সম্মেলন সপ্তম বর্ষে পদার্পণ করল। সকাল থেকেই তরুণ-তরুণীরা বাসন্তী রঙে সেজে উৎসবের আঙিনায় চলে আসে। ইনস্টিটিউট চত্বরও নানা রঙে রাঙানো হয়েছিল। ‘আজ সবার রঙে রং মিশাতে হবে/ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়’ কবিগুরুর এ পঙিক্তমালা উদ্ধৃত করে সকাল নয়টা থেকে প্রভাতি অনুষ্ঠানের সূচনা হয়। ফারুক তাহের ও সাবিহা নুসরাতের সঞ্চালনে দুপর্বের এ উৎসবের মধ্যে ছিল কবিতা পাঠ, বাউল গান, লোকগান, একক ও দলীয় নৃত্য, উচ্চাঙ্গ সংগীত, বাঁশি ও বেহালাবাদনসহ বিভিন্ন মনমাতানো পরিবেশনা। শুরুতেই আজিজুল ইসলামের বাঁশির সুরের লহরি দিয়ে বসন্ত উৎসবকে বরণ করে নেওয়া হয়। এরপর রবীন্দ্রনাথের একগুচ্ছ বসন্তের গান নিয়ে আসে অভ্যুদয় শিল্পী গোষ্ঠী। শংকর দে পরিবেশন করে বেশ কয়েকটি বাউল গান। সকালের অধিবেশনের শেষ পরিবেশনা ছিল চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দলীয় গান। দ্বিতীয় পর্বের বর্ণিল এ বসন্ত উৎসবে ‘বসন্তের পঙিক্তমালা’ শীর্ষক কবিতা পাঠ করে শোনান চট্টগ্রামের বিশিষ্ট কবিগণ। বসন্তের পঙিক্তমালা পাঠ শেষে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের দলীয় পরিবেশনাটি উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে এক অন্য রকম আমেজ এনে দিয়েছিল। এরপর বেহালাবাদক শ্যামল দাশ শৈল্পিক ছন্দে তাঁর বেহালার সুরের সাগরে শ্রোতাদের ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন বহুদূর...। আবার যখন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী খায়রুল আলম রবিঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা আবৃত্তি করে শোনাচ্ছিলেন ঠিক তখনই কামিনী ফুলের সৌরভের দমকা হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছিল সবার মন। অমৃতা মজুমদার ও নিবেদিতার নৃত্য উপস্থিত সবাইকে আলোড়িত করে। ঠিক এরপরই ‘ওরে মন/ও উদাস পাগল মন/ওরে আমার কথা শোন/চল জটিল হয়ে যাই’ প্রমা অবন্তী ও তাঁর দলের নৃত্যের তালে তালে একই সঙ্গে নেচে উঠেছিল দর্শকমনও। জনপ্রিয় শিল্পী আব্দুর রহিমের লোকগান পরিবেশনের মধ্য দিয়ে বসন্তের উৎসবের পরিসমাপ্তি ঘটলেও দর্শক-শ্রোতারা থাকলেন এমনই আরেকটি বসন্তের আগমনের অপেক্ষায়।