বসন্তে রঙিন সাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উলের পোশাক, মাফলার-টুপিতে মুড়ে গোটা শীতকাল তো কাটলই। এই বসন্তে শিশুর চাই আরামদায়ক পোশাক। ফ্যাশন হাউসগুলো এরই মধ্যে বাজারে এনেছে গরমে শিশুর পোশাকের নতুন সংগ্রহ। দেখুন তার খোঁজ। ফ্যাশন হাউস যাত্রার ডিজাইনার উর্মিলা শুক্লা বলেন, ‘বসন্তের এই সময়টায় ভাপসা গরম পড়ে। শিশু সহজেই ঘেমে ওঠে। তাই এ সময় শিশুর জন্য সুতি ও তাঁতের কাপড়ের তৈরি পোশাকই বেশি উপযুক্ত।’ যাত্রার শিশুদের পোশাকের এবারের সংগ্রহগুলো সে রকমই। ভয়েল ও তাঁতের ওপর প্রাকৃতিক রং করা কাপড় দিয়ে তৈরি পোশাকগুলো শিশুদের জন্য বেশ আরামদায়ক হবে।যাত্রায় নবজাতক থেকে শুরু করে তিন-চার বছর বয়সের শিশুদের জন্য আছে তৈরি হাতা কাটা শার্ট, কুর্তা, টপ। ছেলেশিশুদের জন্য আছে সুতির তৈরি ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট। মেয়েশিশুদের জন্য পাবেন ফিতাওয়ালা ফ্রক, হাত কাটা টপ, ফ্রক, সালোয়ার-কামিজ। উজ্জ্বল রঙের প্রাধান্য চোখে পড়বে।শিশুদের জন্য আরামদায়ক সুতির পোশাক পেতে যেতে পারেন আড়ংয়ে। এখানে পাবেন সুতির তৈরি শার্ট, কুর্তা, ফ্রক, টপ ও স্কার্ট। হালকা হলুদ, সাদা, আকাশি, গোলাপি, বেগুনি—চোখে আরাম লাগে এমন রংগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে যোগ করা হয়েছে হাতের কাজের ফুল পাতা আর প্রজাপতির নান্দনিক নকশা। শিশুদের জন্য নিট সুতির তৈরি ফ্যাশনেবল পোশাক পেতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের শৈশব, মেট্রো শপিং মল, রাপা প্লাজা, সীমান্ত স্কয়ারেও একবার ঘুরে আসতে পারেন। সীমান্ত স্কয়ারের লুলু ডিপার্টমেন্ট স্টোরের কর্ণধার রাশেদুজ্জামান বলেন, ‘আমরা ছেলেশিশুদের জন্য পাতলা কাপড়ের তৈরি প্যান্ট, হাতা কাটা গেঞ্জির সেট এবং মেয়েশিশুদের জন্য এক ছাঁটের ফ্রক, ঘটি হাতা ফ্রক, ডিভাইডার সেটসহ নানান ডিজাইনের পোশাক সংগ্রহে রেখেছি।’ রাপা প্লাজার ক্যাথি রেডিমেড গার্মেন্টসের বিক্রেতা আবুল কালাম জানালেন, এখানে পাওয়া যাবে হাতা কাটা গেঞ্জি, পাতলা প্যান্ট, ফ্রক, স্কার্ট। এসব পোশাকে দেখা মিলবে শিশুদের পছন্দের কার্টুন চরিত্রগুলো। ডোরেমন, মিকিমাউস, বেনটেন, বার্বির এই পোশাকগুলো শিশুদের যেকোনো পার্টিতে যোগ দেওয়ার ক্ষেত্রেও বেছে নিতে পারেন। শিশুদের পোশাক কেনার ক্ষেত্রে কিছু কিছু বিষয় লক্ষ রাখতে পারেন। খুব আঁটসাঁট পোশাক না কিনে একটু ঢিলেঢালা পোশাক কিনুন। এতে শিশু আরাম পাবে। খুব চকমকে ও নকশাদার পোশাক নির্বাচন থেকে বিরত থাকুন। বেছে নিন হালকা রঙের পোশাক। কাপড়খানি যেন কোমল হয় সেদিকে লক্ষ রাখুন। ছেলেশিশুদের জন্য মোটা জিনসের বদলে নিট বা গ্যাবার্ডিনের তৈরি প্যান্ট বেছে নিন। সুতির হাতা কাটা ফ্রক পাবেন ৫০০-৬৫০ টাকায়, টপ পাবেন ৩০০-৪৫০ টাকায়, সুতির ফতুয়া ও কুর্তা পারেন ৫০০-৭৯০ টাকায়। সুতির পাঞ্জাবি পাবেন ৫৫০-৬৫০ টাকায়, টি-শার্ট পাবেন ১০০-১৫০ টাকায়, নিট কাপড়ে তৈরি গেঞ্জিসেট পাবেন ৬৫০-৯৫০ টাকায়, ফ্রক পাবেন ৮৫০-২৫০ টাকায়, হাতা কাটা গেঞ্জি সেট ৩০০-৫০০ টাকায়, পাতলা গ্যাবার্ডিন প্যান্ট পাবেন ৫০০-৮০০ টাকায়। পার্টি ফ্রক পাবেন ১২০০-২২৫০ টাকায়।