বসন্তে রাঙা ভালোবাসা
‘বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে/তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে...।’ শাহ আবদুল করিমের এ গানের মতোই বসন্ত আর ভালোবাসার ভাব। আজ ১ ফাল্গুন সবাইকে রাঙিয়ে দেবে বসন্তের মাতাল সমীরণ, পরদিন শুধু ভালোবাসাবাসি। তার ছোঁয়া যেন চারদিকে। নানা আয়োজনে মাতবে চট্টগ্রাম আজ ও কাল।আজ ডিসি হিল মুক্তমঞ্চে বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করেছে বসন্ত উৎসব। দিনব্যাপী (সকাল আটটা থেকে রাত নয়টা) এ উৎসবে থাকছে বর্ণিল শোভাযাত্রা, সংগীত, নৃত্য, আবৃত্তি ও ঢোলবাদন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি। চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে ১৪ ফেব্রুয়ারি চারুশিল্পী সম্মিলন পরিষদের আয়োজনে দিনব্যাপী হবে বসন্ত উৎসব। উৎসবে থাকবে বংশীবাদন, গান, নৃত্য, যন্ত্রসংগীত ও স্বরচিত কবিতা প্রভৃতি। উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা মুক্তমঞ্চে আয়োজন করছে বসন্ত উৎসব। এতে থাকছে শোভাযাত্রা, কথামালা, সংগীত, আবৃত্তি ও নৃত্য। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কনকর্ড এন্টারটেইনমেন্ট ফয়’স লেক আয়োজন করেছে জমজমাট কনসার্ট। বিকেল তিনটার এ অনুষ্ঠানে গান করবেন ফুয়াদ, বালাম ও ব্যান্ডদল শিরোনামহীন। বহদ্দারহাটের স্বাধীনতা পার্কে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মডেল স্টার ইভেন্ট পার্ক আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান। এতে অংশ নেবেন নৃত্যশিল্পী নাদিয়া লিকন, কৌতুক অভিনেতা পাপ্পু, শফিক তুহিন, মিমি, পড়শী ও রুপা।