বসন্তের আনন্দ আয়োজন

প্রজাপতি ফটক দিয়ে প্রবেশ করে, পড়ে থাকা শুকনো পাতা মাড়িয়ে সামনে এগোলেই একপাশে সুবিশাল গলফ মাঠ। ফুলের বাগান, আঁকাবাঁকা লেক, নৌকা, ঝুলন্ত ব্রিজ, ছনের ঘর—বাংলাদেশ সমরাস্ত্র কারখানার গলফ ক্লাব প্রাঙ্গণের এই চমৎকার জায়গাটিকেই শিক্ষা সফরের জন্য বেছে নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের (আইডিএমভিএস) নবম ব্যাচের শিক্ষার্থীরা। প্রফেশনাল মাস্টার্স কোর্সের ৭০ জনের দলটি ২৫ ফেব্রুয়ারি সারাটা দিন কাটিয়েছে হাসি-আনন্দে।
শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের অনেকেই পুরোদস্তুর চাকরিজীবী। সহপাঠীদের মধ্যে বয়সের কিছুটা তারতম্য থাকলেও বন্ধুত্বের কমতি নেই। মাত্র দুমাসেই সবার মধ্যে দারুণ একটা সম্পর্ক গড়ে উঠেছে। সম্পর্কটা আরও গাঢ় করতেই নাকি এই আয়োজন। বিবাহিতরা সঙ্গে এনেছিলেন স্ত্রী-সন্তানকেও।
শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিয়েছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহবুবা নাসরিন ও সাবেক চেয়ারম্যান মোকাদ্দেম হোসেন। অল্প সময়ের মধ্যে এত চমৎকার আয়োজনের জন্য তাঁরা শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।