বসন্তের ফুলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্তের বাতাস বইতে শুরু করে দিয়েছে। তবে বসন্তের ফুলগুলো কিন্তু এত দিন অপেক্ষা করেনি। ফাগুন আসার দিন দশেক আগে থেকেই চোখে পড়ছিল তাদের আসার জন্য উঁকিঝুঁকি। এখন পাপড়ি মেলে তাদের রূপ আরও খুলেছে।নগরে তাদের দেখা সবখানে মেলে না। তবে সন্ধান জানলে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল নয়। রমনা পার্কে মাধবী বা পলাশ দেখে যেতে পারেন। নীলমণি আর গোলাপজামের ফুল পাবেন শিশু একাডেমীর বাগানে। তা ছাড়া আরও আছে গ্লিরিসিডিয়া, উদাল ও রক্তকাঞ্চন। প্রকৃতিতে এরা আসে বসন্তের দূত হয়ে। নাগরিক উদ্যানে এমন হাতেগোনা কয়েকটি ফুল রয়েছে। যারা বসন্ত বাতাসের অপেক্ষা না করেই নিজেদের ঐশ্বর্য দেখাতে প্রতিযোগিতায় নেমে পড়ে। কিন্তু গ্রামবাংলায় বসন্ত বরণের দৃশ্য কিছুটা ভিন্ন। শিমুল, মাদার, জিকা ও শজনের ফুল বসন্তকে স্বাগত জানায়। প্রথমে বলা ফুলগুলো কিছুটা দুষ্প্রাপ্য ও ক্ষণস্থায়ী। এ কারণে ওদের সঙ্গে আমাদের তেমন চেনা-পরিচয়ও নেই।প্রথমেই মাধবী প্রসঙ্গ। মাধবী পাবেন রমনা পার্কের শতোর্ধ্ববর্ষী মহুয়ার পূর্ব পাশে। জানামতে আরও আছে শিশু একাডেমীর বাগান ও মিরপুর বোটানিক্যাল গার্ডেনে। কিন্তু ভুল করে মধুমালতী বা মধুমঞ্জরিকে মাধবী নামে ডাকা হয়। বাস্তব মাধবী নিতান্তই দুষ্প্রাপ্য। আছে গানে আর বনে। এদের প্রস্ফুটন স্বল্পকালীন। মাত্র কয়েক দিনেই তার সমস্ত উচ্ছ্বাস শেষ হয়ে যায়। প্রায় পাতাহীন ডাল ভরে থোকা থোকা সুগন্ধি সাদাটে প্রায় তিন সেন্টিমিটার লম্বা ফুল ফোটে। ভারি সুগন্ধি এবং ভ্রমরেরাও উতলা হয়। সিলেটের বনে আপনিতেই জন্মায়। শুকনো ফলগুলো তিনটি পাখা মেলে দিব্যি হাওয়ায় ভেসে বেড়ায়।আমাদের দেশে সাধারণত তিন ধরনের কাঞ্চন চোখে পড়ে—দেবকাঞ্চন, রক্তকাঞ্চন ও শ্বেতকাঞ্চন। রক্তকাঞ্চন ফোটে বসন্তের শুরুতে। রমনা পার্কের গাছগুলো মাঘ মাসের মাঝামাঝি সময় থেকেই পুষ্প-প্লাবনে প্লাবিত হতে শুরু করে। গাছের গড়ন, কাণ্ড, পাতা ও ডালপালার ক্ষেত্রে সব কাঞ্চন একই। গাছের উচ্চতা প্রায় আট মিটার, কাণ্ড নিচু। এর পাতা দেখতে দুটো জোড়া দেওয়া পাতার মতো। এ কারণে অন্য গাছ থেকে কাঞ্চনকে খুব সহজেই আলাদা করা যায়। ফুল বড়, চওড়া, লাল অথবা গোলাপি-বেগুনি রং। গন্ধ নেই, তবে দেখতে দারুণ। অনেক দিন সতেজ থাকে। মার্চ অবধি ফুটতে দেখা যায়।ঢাকায় বিক্ষিপ্তভাবে কিছু পলাশ ফুল ফোটে। সবচেয়ে বেশি দেখা যায় রমনা পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এরাও কাঞ্চনের মতোই বসন্তের আগে আগেই চটজলদি ফুটতে শুরু করে। উজ্জ্বল বর্ণের জন্য অনেক দূর থেকেই আমাদের নজর কাড়ে। তাই কবি বলেন, ‘পলাশকলি ওই অগ্নিশিখা।’ শীতে সব পাতা ঝরে পড়ার পর নিষ্পত্র গাছেই গাঢ়-কমলা রঙের ফুলগুলো ফোটে। ফুল বেশ লম্বা, সামনে একটি চওড়া পাপড়ি, পেছনে কয়েকটি একত্রে বাঁকানো, পাখির ঠোঁটের মতো। মৌ গ্রন্থী আছে বলেই পাখিরা মধুর লোভে ভিড় জমায়। ঢাকায় নীলমণি খুব বেশি নেই। বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট চত্বরে, সংরক্ষিত বোটানিক গার্ডেনের সুউচ্চ তেলশুরের গায়ে ও শিশু একাডেমীর বাগানে দেখা যায়। নীলমণি বসন্তের নীল প্রজাপতি যেন। দূর থেকে মনে হয় যেন নীল মেঘের একটা টুকরো হঠাত্ গাছে আটকে গিয়ে রঙের বৃষ্টি ঝরাচ্ছে। শক্ত লতার এ গাছে ফুল ফোটে অল্প সময়ের জন্য। গ্লিরিসিডিয়ার উৎসব দেখতে হলে যেতে হবে রমনা পার্ক, কার্জন হল প্রাঙ্গণ ও বোটানিক্যাল গার্ডেনে। গাছটি আমাদের দেশি না হলেও আমাদের দেশে তার অভিযোজনা এতই চমত্কার যে এখন তাকে আপন করেই নিতে হয়। বসন্ত আসার আগেই সে তার প্রাচুর্যের ঝাঁপি উন্মুক্ত করে দেয়। গাছটি ১৫ থেকে ২০ মিটার উঁচু, ডালপালা ছড়ানো-ছিটানো ধরনের। পৌষের শেষ দিকে পাতা ঝরিয়ে নির্জীব হয়ে ওঠে। কিন্তু মাঘ মাস শেষ হতে না হতেই ডালপালাগুলো ফুলে ফুলে ভরে ওঠে। বেগুনি বা গোলাপি রঙের থোকা থোকা ফুল দেখতে ভারি সুন্দর। পরিপূর্ণ প্রস্ফুটিত গ্লিরিসিডিয়া যেন একটি বিশাল পুষ্পস্তবক। গড়ন শিমের ফুলের মতো, ঈষত্ সুগন্ধি। দক্ষিণ আমেরিকায় কোকো খেতে ছায়া তৈরির জন্য এ গাছের চাষ হয়।এবার উদালের কথা শোনা যাক। এ গাছটি বনের। এ কারণে শহুরে উদ্যানে খুব একটা দেখা যায় না। মিরপুর বোটানিক্যাল গার্ডেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক গার্ডেনে কয়েকটি গাছ আছে। লম্বা ও ঝুলন্ত ডাঁটায় অনেক ফুল থাকে, চওড়া, হলুদ রঙের, ভেতরটা বেগুনি। চটজলদি ফুলগুলো ঝরে পড়ার পর রোমশ ফলগুলো আসতে শুরু করে। গাঢ় লাল রঙের পাকা ফলগুলো যেন আরেক বিস্ময়।সবশেষে গোলাপজাম ফুলের কথা। মাঘের শীত উপেক্ষা করেই এরা ফুটতে শুরু করে। মীরপুর চিড়িয়াখানা, শিশু একাডেমীর বাগান ও পুরোনো বাড়িগুলোর আঙিনায় এ গাছ চোখে পড়ে। ফুল দেখতে অনেকটা জামরুলের ফুলের মতোই। চিরসবুজ এ গাছটি মাঝারি উচ্চতার। দেখতে অনেকটা ঝোপাল ধরনের। ফুল দেখতে ভারি সুন্দর। সুতোর মতো ধূসর সাদা রঙের অসংখ্য পাপড়ি চার পাশে ঘন থাকে। দেখতে অনেকটা ব্রাশের মতো। একই সময় ফুল ও ফল এ গাছের অন্যতম বৈশিষ্ট্য।