বসন্তের বৃষ্টিতে প্রাণ ফিরছে ফটিকছড়ির ১৭ চা-বাগানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক দিনের বৃষ্টিতে নতুন পাতা আসায় কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে ফটিকছড়ির চা–বাগানগুলোতে। শুরু হয়েছে বাগান থেকে পাতা তোলা। ছবিটি ২৮ মার্চ হালদা​​ ভ্যালি চা–বাগান থেকে তোলা l প্রথম আলো
কয়েক দিনের বৃষ্টিতে নতুন পাতা আসায় কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে ফটিকছড়ির চা–বাগানগুলোতে। শুরু হয়েছে বাগান থেকে পাতা তোলা। ছবিটি ২৮ মার্চ হালদা​​ ভ্যালি চা–বাগান থেকে তোলা l প্রথম আলো

দুই সপ্তাহ ধরে বিক্ষিপ্ত বৃষ্টিতে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন চা–বাগানে নতুন করে পাতা গজাতে শুরু করেছে। এত দিন একটানা খরায় এসব বাগানের চা–গাছে নতুন কুঁড়ি মেলতে দেখা যায়নি। কিন্তু বর্ষার আগেই বসন্তের বৃষ্টি নতুন প্রাণের সঞ্চার করেছে বাগানগুলোতে।
উপজেলার ১৭টি চা-বাগানে এখন সবুজের সমারোহ। সম্প্রতি বিভিন্ন বাগান ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। শ্রমিকেরা কিছু কিছু গাছ থেকে পাতাও তোলা শুরু করেছেন।
বাংলাদেশ চা সংসদ চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজুল হাসান বলেন, প্রতিবছর ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বাগানগুলোতে পাতা তোলা মূলত বন্ধ থাকে। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে সাধারণত বাগানগুলোতে চা-পাতা তোলা শুরু হয়। বৃষ্টির অভাবে এত দিন শ্রমিকেরা পাতা তোলার কাজ শুরু করতে পারেননি। বাগানের পাতা তোলা শুরু হওয়ায় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বাগানের প্রক্রিয়াজাতকরণ কারখানা আবারও চালু হয়েছে।
চা সংসদ কার্যালয় সূত্রমতে, উপজেলার ১৭টি চা-বাগানের ১৩টিতে চা-প্রক্রিয়াজাতকরণের কারখানা রয়েছে। দেশের মোট উৎপাদিত চায়ের ১০ শতাংশ উৎপাদন হয় এ উপজেলা থেকে। প্রায় সব বাগানের কারখানা সার্বক্ষণিক চালু রাখার জন্য বিদ্যুৎ সরবরাহ লাইনের পাশাপাশি নিজস্ব জেনারেটর রয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মালিকানাধীন কর্ণফুলী চা-বাগানের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ‘বছরের শুরুতে বৃষ্টিপাত না হওয়ায় চা পাতা উৎপাদন অনেকটা কম ছিল। দুই সপ্তাহ ধরে প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ায় এ বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’
হালদা ভ্যািল চা-বাগানের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘যেভাবে খরা শুরু হয়েছিল, ধরেই নিয়েছিলাম এবার উৎপাদন অর্ধেকে নামবে। কিন্তু এখন মনে স্বস্তি ফিরেছে। মাটির আর্দ্রতা বাড়ায় সারও দেওয়া যাচ্ছে। ফলে বাড়তে শুরু করেছে চা-গাছ। এতে ফলন যেমন বাড়বে তেমনি অর্জিতও হবে চা-উৎপাদনের লক্ষ্যমাত্রাও।’
চা-সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজুল হাসান আরও বলেন, ‘আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে চা উৎপাদনের লক্ষ্যমাত্রাও অর্জিত হবে।’