
ভোরের আলো ফুটতে ফুটতেই এখানে হলুদ গাঁদা ও রাঙা পলাশের মধ্যে শুরু হয়ে যায় কানাকানি। নিজেদের সাজগোজ নিয়ে নয়, সাজাতে আঙিনা। আমাদের প্রিয় প্রাঙ্গণ—ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা। কোকিলের আবহসংগীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের সবুজ নদীর বুক চিরে হলুদ আভায় যেন প্রতিবছর আসে বসন্ত। আর সেই বসন্তের মিঠে রোদ বইমেলার তোরণে তোরণে জুড়ে দেয় ঝিকিমিকি। ‘জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়’—তরুণ হৃদয় নিয়ে ঘরে থাকা তখন হয়ে ওঠে দায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
গতকাল শনিবার এবারের ফাল্গুনের প্রথম দিনটায় চারুকলা অনুষদের বকুলতলায় ভোর থেকেই শুরু হয় বসন্তবরণের তোড়জোড়। সকাল সাতটার কিছু পর থেকে শুরু হলো জাতীয় বসন্ত উদ্যাপন পরিষৎ–এর বসন্ত উৎসব ১৪২২। একে একে চলতে থাকে গান, আবৃত্তি, নাচ—সবই বসন্ত ঘিরে। ওদিকে হলুদ, বাসন্তী রঙের পোশাক পরে সকালেই আসতে থাকে সবাই। শিশু থেকে শুরু করে তরুণ–তরুণী, বয়ষ্ক কেউ বাদ নেই। সকাল আটটা, নয়টা—বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। শাহবাগ, চারুকলার সামনের রাস্তায় ফুলের মুকুট, ফুলের মালার বিক্রিও বাড়তে থাকে। গতকাল পয়লা ফাল্গুনের দিনটিতে অনেকেরই ছিল সাপ্তাহিক ছুটি। আবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজার আয়োজনটাও ছিল কাল। ফলে সারা দিনই যেন বাসন্তী সাজে উৎসবমুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
শীতের মলিন ভাবটা ঝেড়ে নগরজীবন আনন্দযজ্ঞে জেগে ওঠে পয়লা বসন্তে। গোটা ঢাকা শহরের ইতিউতি বাসন্তী সাজ চোখে পড়লেও এটা জমাট বাঁধে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। কলাভবনের সামনে, মল চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগার আঙিনা, রূপময় টিএসসি, ছায়াঘেরা বাংলা একাডেমি, দোয়েল চত্বর, কার্জন হলের গলি ও আঙিনায় মেয়েদের ফাগুনের শাড়ি, খোঁপায় গোঁজা গোলাপ আর ছেলেদের বাসন্তীরঙা পাঞ্জাবি বসন্তকে বরণ করে উৎসবমুখরতায়।
হাকিম চত্বরে চা খেতে খেতে দিন কয়েক আগে কথা হচ্ছিল বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের পলির সঙ্গে। বলছিলেন,‘ছাত্রী হলগুলোতে সপ্তাহ খানেক আগে থেকেই শুরু হয় মেয়েদের বাসন্তী সাজের প্রস্তুতি। ভালো শাড়ি পরাতে পারেন—এমন বড় আপুদের এই দিন কদর বেড়ে যায়! ভোরের আলো ফোটার আগেই সবাই লাইন দেয় তাঁর কাছে।’
কেবল পয়লা ফাল্গুনের বসন্তদিন নয়, জানি আজ ভালোবাসার দিনটিতেও ক্যাম্পাস থাকবে তারুণ্যের উচ্ছ্বাসে ভরা।
নারায়ণগঞ্জ থেকে আসা ভাষাবিজ্ঞানের শিক্ষার্থী পূজা চক্রবর্তী জানালেন, গতবার পয়লা ফাল্গুনে হলুদ শাড়ি পরে সেজেগুজে এসে সবাই ক্লাস করেছেন। এবার একই দিনে সরস্বতী পূজা থাকায় লাল-হলুদ শাড়ি আর ফুলের গয়না পরার কথা তাঁদের।
‘ফেব্রুয়ারি মাসে বইমেলার প্রতিদিনের রূপ আর পয়লা ফাল্গুনের রূপ পুরোই আলাদা। ফাল্গুনকে কেন্দ্র করে বইয়ের বিক্রি বেড়ে যায়। ভালোবাসা দিবসে প্রিয়জনের জন্য কেউ কেনেন প্রেমের উপন্যাস, কারও পছন্দের তালিকায় থাকে কবিতার বই।’ বলছিলেন বর্ষাদুপুর প্রকাশনীর স্বত্বাধিকারী মাশফিক উল্লাহ।