
ফাল্গুনের প্রথম দিনে পুরো ঢাকা শহর সাজে ফাগুন সাজে। হলুদ, কমলা ও বাসন্তী রঙের ছোঁয়া সবার মধ্যে। যে যার মতো করে এই দিন ঘুরতে বের হন। কারও সঙ্গে পরিবার বা বন্ধুবান্ধব। নগরজুড়েও থাকে নানা আয়োজন। প্রতিবছরের মতো এ বছরও বসন্তকে বরণ করা হবে নানা আয়োজনে।
জাতীয় বসন্ত উদ্যাপন পরিষদ দুই দশক ধরে পয়লা ফাল্গুনে বসন্ত উৎসবের আয়োজন করে আসছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, ফুল ও ছবির প্রদর্শনী, পোশাক, সাজসজ্জা ও দেশজ সংস্কৃতির পরিবেশনার মাধ্যমে বসন্তকে স্বাগত জানানো হয়। এবারের বসন্ত উদ্যাপন সম্পর্কে পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মানজার চৌধুরী জানালেন, পয়লা ফাগুনে সকাল সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় যন্ত্রসংগীতের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে বসন্ত উৎসব। সকাল সাড়ে নয়টায় একটি শোভাযাত্রার পর শেষ হবে সকালের আয়োজন। দিনভর চলবে আড্ডা। বিকেল সাড়ে চারটায় একসঙ্গে বকুলতলা, ধানমন্ডির রবীন্দ্রসরোবর ও বাহাদুর শাহপার্কে একযোগে চলবে অনুষ্ঠান। অনুষ্ঠানে দলীয় সংগীত, আবৃত্তি ছাড়াও থাকছে আদিবাসী শিল্পীদের বিশেষ পরিবেশনা। থাকছে নবীন ও প্রবীণদের মধ্যে গাঁদা ফুলের প্রীতিবন্ধন। আবাহন, সুরের ধারা, ধ্রুবতাল, সপ্তক ইত্যাদি দল পরিবেশনা করবে এই আয়োজনে।
এ ছাড়া টিএসসি, শাহবাগ, বইমেলা প্রাঙ্গণসহ সব জায়গায় থাকবে বসন্তের ছোঁয়া।
বুলবুল ললিতকলা একাডেমিসহ (বাফা) বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সকাল থেকেই আলাদা আয়োজনে মেতে উঠবে বসন্তবরণের প্রাণোচ্ছল উৎসবে।