বসে হাসো বসে হাসাও

পরিবারের একমাত্র ছেলেকে মা পাঠালেন মার্শাল আর্ট শিখতে। কয়েক দিন যাওয়ার পর খেয়াল করলেন, ছেলে তার ওয়ার্ডরোব থেকে কাপড় বের করে কলম দিয়ে কী যেন করে। একদিন হাতেনাতে ধরে ফেললেন। দেখলেন, তাঁর শীতের শালে আঁকিবুঁকি করছে ছেলেটা। ধমকে উঠলেন, এই কী করছিস এই সব!
ছেলে বলল, কেন, আমি তো এখন একজন মার-শাল আর্টিস্ট!
শব্দ নিয়ে এই যে নানান রকম খেলা, সাহিত্যে একেই বলে ‘পান’। বাংলায় এর একটা প্রতিশব্দ আছে বটে—যমক, তবে এর উপস্থিতি অভিধানেই বেশি দেখা যায়। এই পান নিয়েই ১৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়ে গেল ই-আরকি আয়োজিত ‘সিট-ডাউন কমেডি শো’।
সিট-ডাউন কমেডি শো বিষয়টা কী? মারাত্মক কিছু না। স্ট্যান্ড–আপ কমেডিতে কমেডিয়ানরা যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কমেডি পরিবেশন করেন, সিট–ডাউন কমেডিতে তাদের জন্য একটা চেয়ার বরাদ্দ থাকে—এই যা পার্থক্য!

পান বিষয়টাকে অনেকে পাশ্চাত্য সাহিত্যের ব্যাপার মনে করলেও, বাংলা সাহিত্যে মধ্যযুগ থেকেই এর প্রয়োগ দেখতে পাওয়া যায়। ভারত চন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিবরাম চক্রবর্তীরা পানের যে ধারা তৈরি করে গিয়েছেন, তার মিছিলে যোগ দিতে পিছিয়ে নেই এই সময়ের তরুণেরাও। মনের আনন্দে নানান শব্দের মিশেলে তাঁরা তৈরি করে যাচ্ছেন নানান রকম পান। আর এই ‘পান’ কারিগরদের নিয়েই অনলাইন হিউমার ও স্যাটায়ার প্ল্যাটফর্ম ই-আরকি উদ্যোগ নিয়েছিল সিট-ডাউন কমেডির।
পরীক্ষামূলক প্রথম আয়োজনেই টিকিট কেটে ঢল নেমেছিল দর্শকের। মুহুর্মুহু করতালি আর হাহা–হিহির সঙ্গে তাঁরা উপভোগ করেন আসিফ শাহরিয়ার, দুর্জয়, ইরাবতী, মিরাজ, আলভী, সালমান, আদ্রিতা, তন্ময় পাল, কাজল আবদুল্লাহ, মাসরুর সাদীদ, ঐশিক, মাহাতাবসহ আরও বেশ কিছু তরুণ পানবিদের প্রযোজনা। ই-আরকির নিজস্ব প্রযোজনায় ছিল বাংলা সাহিত্যে পানের বিস্তার নিয়ে আলোচনা। ছড়ায় ছড়ায় পান নিয়ে আসেন প্রখ্যাত ছড়াকার রোমেন রায়হান। কার্টুন ও হিউমার জগতে ‘বস’ খ্যাত উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীবের পরিবেশনও দর্শকদের আনন্দের খোরাক জোগায়। ‘পেঁয়াজ খাওয়া বারণ’ ‘তালায় তালায় উঠিয়ে দেব বালিশ তোমার’সহ নানান রকম প্যারোডি গান নিয়ে দর্শকদের মাতিয়ে তোলে ব্যান্ড কৃষ্ণপক্ষ ও নাফীস। সিমু নাসেরের প্রাণবন্ত উপস্থাপনা, সামিউল আজিজের মাঝেমধ্যেই পানবিষয়ক নানান ফোড়ন পুরো অনুষ্ঠান সঞ্চালনেই যোগ করেছিল ভিন্ন মাত্রা।
আইয়ুব বাচ্চুর প্রথম প্রয়াণ দিবস ছিল ১৮ অক্টোবর। এই দিনে আইয়ুব বাচ্চু ছাড়া চিন্তা করার সুযোগ কোথায়? ব্যান্ড দল কৃষ্ণপক্ষের পরিবেশনায় আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গাইতে গাইতে তাঁকে সম্মান জানানোর মধ্য দিয়েই শেষ হয় পানবিষয়ক এই সিট–ডাউন কমেডির। অনুষ্ঠান শেষে ই-আরকি ঘোষণা দেয় আসছে জমজমাট শীতেই ই-আরকির পরবর্তী সিট–ডাউন কমেডি শো আয়োজনের। প্রশ্ন হচ্ছে, শীত এবার জমজমাট পড়বে তো? কে জানে!