বসের সুবিধা বাড়ছে, কর্মীর না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজের ক্ষতি বা নিজের অসম্মান হয় এমন কোনো আচরণ কর্মস্থলে করা ঠিক না। ছবি: অধুনা
কাজের ক্ষতি বা নিজের অসম্মান হয় এমন কোনো আচরণ কর্মস্থলে করা ঠিক না। ছবি: অধুনা

সোহানা রেবেকা (ছদ্মনাম) চাকরি করছেন একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে। চাকরির বয়স তিন বছর পেরিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তা রোকসানা মোরশেদের (ছদ্মনাম) অধীনেই ঢাকায় কোম্পানির অফিসে কাজ করছেন সোহানা। কর্তা আর কর্মীর মধ্যকার পেশাদার সম্পর্কে দারুণ সখ্য তাঁদের। সোহানা বেশ আগ্রহ আর উৎসাহ নিয়েই বসের সব কথা আর দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁদের বিভাগের কর্মদক্ষতার খ্যাতি পুরো অফিসে ছড়ানো। কাজের অগ্রগতি হিসেবে সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদ রোকসানা মোরশেদের বেতন আর সুযোগ-সুবিধা বাড়িয়েছে। বসের সুযোগ-সুবিধা আর বেতন বাড়লেও সোহানার নিজের বেতন বা সুযোগ-সুবিধা বাড়েনি। পরিশ্রম আর আগ্রহ নিয়ে কাজের পরেও সম্মান না পাওয়ায় কষ্ট পেয়েছেন তিনি। সোহানার কী করা উচিত বা বস রোকসানা মোরশেদের কী করা উচিত এখন?
করপোরেট অফিস, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বিমা, আবাসন, মিডিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট মাত্রায় সব কর্মীকে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা দেওয়া হয়। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তারা একটি পরিচালনা পর্ষদের মাধ্যমেই অফিস ব্যবস্থাপনা ও কাজের সার্বিক দিক খেয়াল রাখেন। অফিসের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্তারা বিভিন্ন শ্রেণির কর্মীদের মাধ্যমে নিজেদের কাজ পরিচালনা করেন। প্রতিবছরই প্রতিষ্ঠানের নীতি অনুসারে সব শ্রেণির কর্তা ও কর্মীদের বেতন বাড়ানো হয়। অনেক সময় প্রণোদনা হিসেবেও সুযোগ-সুবিধা আর বেতন-ভাতা বাড়ানো হয়। প্রায় সব অফিসেই কর্মী আর বসের মধ্যে এমন সংকটকালীন মুহূর্ত দেখা যায়। কর্মীরাই তাঁদের কাজ আর নিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যান, আর কর্তারা সঠিক দিকনির্দেশনা দিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যান। প্রতিষ্ঠানের আর্থিক লাভ বা লক্ষ্য অর্জন নির্ভর করে সব স্তরের কর্মী ও কর্তাদের পারস্পরিক দক্ষতা ও কাজের আগ্রহের ওপর। এ ধরনের জটিলতা কাজের পরিবেশকে অস্থিতিশীল করে তোলে।

বস যা করতে পারেন
ঊর্ধ্বতন কর্তার শুধু নিজের সুযোগ-সুবিধা বা বেতন বৃদ্ধির দিকেই খেয়াল রাখা উচিত নয়। নিজের সুযোগ-সুবিধা যেমন গুরুত্বপূর্ণ, সে ক্ষেত্রে অধস্তন কর্মীদের সুযোগ-সুবিধা ও বেতন-ভাতার দিকেও খেয়াল রাখা উচিত। কর্মীরা যেন কোনো কারণে কাজে অসন্তুষ্ট বা হতাশ না হন, সেদিকে খেয়াল রাখতে হবে সব সময়। কর্মীরা বেতন-ভাতার কারণে হতাশ হয়ে পড়লে তাঁদের কাজে ফেরানো বেশ কঠিন হয়ে যায়। কেউ কেউ কর্মস্থল বদলেরও চিন্তা করতে পারেন, যে কারণে বড় ক্ষতিও হতে পারে নিজের। এমন পরিস্থিতিতে পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে কর্মীদের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা করা উচিত। কর্মী অসন্তোষ যেকোনো প্রতিষ্ঠানের জন্য বিশাল ক্ষতি করে। সেদিকে খেয়াল রেখে যত দ্রুত সম্ভব কর্মীদের ন্যায্য সুযোগ-সুবিধা বাড়ানো উচিত।

কর্মীরা যা করতে পারেন
অফিসে সবার কাজেই একেকটি সাফল্য বা লক্ষ্য অর্জিত হয়। সে ক্ষেত্রে বসের সুযোগ-সুবিধা বাড়লে নিজের ন্যায্য সুযোগ-সুবিধা নিয়ে বসের সঙ্গে সরাসরি কথা বলা উচিত। অফিসের অন্য কোনো সহকর্মীর সঙ্গে কথা বললে হয়তো তাঁরাও হতাশ হয়ে যেতে পারেন, যা কিনা প্রতিষ্ঠানের জন্য বড় ক্ষতি হতে পারে। এ অবস্থায় বসকে সরাসরি নিজের হতাশা বা সমস্যার কথা জানানো উচিত। যদি সরাসরি কথা বলায় জড়তা থাকে, সে ক্ষেত্রে ই-মেইলের মাধ্যমে সামগ্রিক পরিস্থিতি বসকে জানানোই বুদ্ধিমানের কাজ।
নিজের অস্বস্তি বসকে জানানোর মাধ্যমে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা যেতে পারে। যদি আদৌ কোনো ফলাফল না পেয়ে থাকেন কিংবা বসের উদাসীনতা আপনাকে বেশি হতাশ করে তোলে, তাহলে কর্মস্থল বদলানোর সর্বোচ্চ ঝুঁকি নিতে পারেন। মাথা গরম করে কিংবা রাগারাগি করে কোনো সিদ্ধান্ত নেওয়া এ ক্ষেত্রে বোকামি। নিজের অবস্থান আর প্রতিষ্ঠানের আচরণের ওপর নির্ভর করে আপনার সিদ্ধান্ত নিন।

বস-কর্মী নিয়েই তো অফিস
সুযোগ-সুবিধা ও বেতন-ভাতার বৈষম্যের হতাশা কর্মীদের হতাশ করে তোলে। সে ক্ষেত্রে বসের যেমন উচিত কর্মীর দিকে খেয়াল রাখা, আবার কর্মীর উচিত নিজের ন্যায্য অধিকারের মাত্রা জেনে বসকে সমস্যার কথা জানানো। নিজের মধ্যে জড়তা রেখে এমন পরিস্থিতির সমাধান করা যায় না। এমন পরিস্থিতি দীর্ঘসময় চলতে থাকলে তার ফলাফল কাজের ডেস্কেও এসে পড়ে। কাজের ক্ষতি না হয় কিংবা নিজের অসম্মান হয়, এমন কোনো কাজ আমাদের না করতে হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সচেতনতা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বুদ্ধিমান হলেই সঠিক সিদ্ধান্ত নিয়ে এ ধরনের সমস্যা ও জটিলতা এড়ানো যায়।

খেয়াল রাখুন
* বসের উচিত কর্মীদের ন্যায্য সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখা।
* কর্মী হিসেবে নিজের হতাশার কথা অন্য সহকর্মীদের না জানিয়ে বসকে সরাসরি বলা উচিত।
* নিজের বা বসের অসম্মান যেন না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত।
* বস হিসেবে নিজের কর্মীদের সুযোগ আর সুবিধা নিশ্চিত করার ব্যক্তিত্ব ও সৃজনশীলতা নিজের মধ্যে বিকাশ করতে হবে।
* কর্মী হিসেবে বসকে সম্মান ও নিজের অবস্থান থেকে সরাসরি কথা বলতে হবে।
* কোনটুকু নিজের অধিকার আর কোনটুকু বাড়তি অধিকার, তা সম্পর্কে সচেতন থাকতে হবে।
* কর্মস্থলের পরিবেশকে কোনো কারণেই অস্থিতিশীল করার মতো বোকামি থেকে বিরত থাকা উচিত।
লেখক: পরিচালক, মানবসম্পদ ও উন্নয়ন; বেস্ট হোল্ডিংস লিমিটেড।