বস্তিতে জন্মনিবন্ধনের হার কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জন্মনিবন্ধন! হেইডা আবার কী জিনিস! এইডা কি টিক্কার (টিকা) কাগজ? এইডা আমার নাই। ছোডবেলায় মায় আমারে থুইয়া আরেকটা বিয়া করছে। একটু বড় হইলে সৎমায়ে মানুষের বাসায় কামে দিছে। আমার জন্মনিবন্ধন করব কেডা?’মোহাম্মদপুর বস্তির ১৩ বছরের আসমা এভাবেই তার জন্মনিবন্ধন না হওয়ার কারণ ব্যাখ্যা করে।সম্প্রতি রাজধানীর পাঁচটি বস্তি ঘুরে দেখা গেছে, বস্তির অধিকাংশ শিশুরই জন্মনিবন্ধন করা হয়নি; বস্তিতে শিশুদের জন্মনিবন্ধন না করার জন্য অভিভাবকের অশিক্ষা-অসচেতনতাসহ রয়েছে নানা কারণ। তবে অন্য সব কারণকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে জন্মনিবন্ধনের আইন সম্পর্কে তাদের অজ্ঞতা। আইনানুযায়ী, নিবন্ধনকারীর বয়স ১৮ বছরের নিচে হলে সনদ পেতে কোনো ফি লাগে না। কিন্তু বস্তিবাসীর ভাষ্য, টাকা ছাড়া এই সনদ মেলে না। আর এ কারণে অনেকে জন্মনিবন্ধন করে না।মিরপুর বেড়িবাঁধ বস্তির রহিমা বেগমের দুই ছেলে। ছোট ছেলে হাবিবের বয়স নয় বছর ও বড় ছেলে ছগিরের বয়স ১১ বছর। তাদের জন্মনিবন্ধন করা হয়নি। এর কারণ হিসেবে রহিমা বেগম বলেন, ‘জন্মনিবন্ধন করাইতে অনেক ট্যাকা লাগে। তয় যহন লাগব, তহন করামু।’মিরপুর বেড়িবাঁধ, মোহাম্মদপুর, রায়েরবাজার, হাজারীবাগ ও গেন্ডারিয়া বস্তিতে প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, বস্তির প্রায় সবাই জন্মনিবন্ধনের প্রয়োজনীয়তার কথা জানে। কিন্তু তাদের শিশুদের নিবন্ধন করায় না। এ ক্ষেত্রে তারা বলেছে, যখন দরকার হবে তখন করাবে। দরকার না হলে করাবে না।খোঁজ নিয়ে আরও দেখা গেছে, ঢাকা সিটি করপোরেশনে জন্মনিবন্ধন ফরম পূরণ করতে হয় ইংরেজিতে। বস্তির অভিভাবকেরা পড়াশোনা না জানায় তারা এই ফরম পূরণ করতে পারে না। এ জন্য তাদের অন্যের সহায়তা নিতে হয়। আর এ সুযোগেই সিটি করপোরেশনের কিছ অসাধু কর্মকর্তার যোগসাজশে গড়ে উঠেছে দালাল চক্র। দালালেরা ফরম পূরণ করে জন্মসনদ পাইয়ে দিতে প্রত্যেকের কাছ থেকে ৩০০ বা তারও বেশি টাকা নেয়। সনদ পেতে সহায়তা করে টাকা নেওয়ার কথা স্বীকার করে হেলাল নামের এক দালাল বলেন, ‘আমি সঠিকভাবে ফরম পূরণ করে সনদ এনে দিই। এর জন্য যাতায়াত খরচ আছে। তবে আমি একা সব নিই না। অফিসেও কিছু দিতে হয়।’তবে এই অভিযোগ অস্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক শাখা-১-এর নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রথম আলোকে বলেন, ‘আমার এখানে এ ধরনের দুর্নীতি হয় না। হলেও সঙ্গে সঙ্গে শাস্তির ব্যবস্থা করি। তবে কোথাও যে হয় না, তা নয়।’বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জন্মসনদ জমা দেওয়া বাধ্যতামূলক হলেও বস্তিতে এর চিত্র উল্টো। বস্তিতে অধিকাংশ শিশু বিদ্যালয়ে যায় না। গেলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সনদের জন্য চাপ দেয় না। কারণ, এতে শিশুদের শিক্ষা থেকে ঝরে পড়া বেড়ে যাবে।মিরপুর বস্তির স্বপ্নধরা বিদ্যালয়ের শিক্ষিকা সাগরিকা দাস প্রথম আলোকে বলেন, ‘বস্তির কোনো শিশুরই জন্মনিবন্ধন করা হয় না। সনদ ছাড়াই ওদের ভর্তি করি। সনদের জন্য চাপ দিলে ওরা বিদ্যালয়ে আসবে না। ওদের অভিভাবকও সচেতন নয় যে জন্মসনদ সংগ্রহ করে বিদ্যালয়ে পাঠাবে। তবে নিজ উদ্যোগে আমরা শিশুদের জন্মনিবন্ধন করিয়ে থাকি।’বস্তির বাসিন্দাদের মতো দলিত সম্প্রদায়ের লোকজনও জানিয়েছে, প্রয়োজন হলেই তারা জন্মনিবন্ধন করে। সম্প্রতি রাজধানীর ওয়ারী এলাকায় দলিত সম্প্রদায়ের তেলেগু ও কানপুরি কলোনি এবং আগা সাদেক রোড এলাকার মিরনজল্লা সুইপার কলোনি ঘুরে দেখা গেছে, প্রয়োজন ছাড়া এখানে শিশুদের জন্মনিবন্ধন করানো হয় না। তবে অভিভাবকেরা এ ব্যাপারে সচেতন এবং তাদের প্রায় সবারই জন্মনিবন্ধন করা আছে। তেলেগু কলোনির বাসিন্দা ১৬ বছরের অঞ্জলি বলে, ‘জন্মসনদ নেই। আমাদের রীতিতে বিয়ে হয়েছে। তাই বিয়ের সময়ও এটা লাগেনি। তবে মা-বাবার আছে। তারা তো সিটি করপোরেশনে চাকরি করে।’কানপুরি কলোনির রজনীর দুই মেয়ে। ছয় বছর বয়সী বীথিকার জন্মনিবন্ধন করা হলেও দুই বছরের রিতিমার হয়নি। এর কারণ হিসেবে রজনী বলেন, ‘বড় মেয়ের স্কুলে এই সার্টিফিকেট লাগছে। তাই করছি।’একই কলোনির দুর্গার বয়স ছয় মাস। তারও জন্মনিবন্ধন হয়নি। এ সম্পর্কে দুর্গার মা বলেন, ‘ওর বাপ বাইরে (চট্টগ্রাম) থাকে। সে এলে করাব। তবে আমারটা করাইছি।’লক্ষ্মীর বাচ্চা জিগারের বয়স দুই বছর। মা-সন্তান কারোরই জন্মনিবন্ধন করা হয়নি। কারণ হিসেবে লক্ষ্মী বলেন, ‘এইটা লাগে, তা জানি না। এখন করামু।’