বস্তিতে বাল্যবিবাহ হয় বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী, শ্বশুরবাড়ি কিংবা যৌনমিলন সম্পর্কে ধারণা হওয়ার আগেই বিয়ে হয়ে যায় বস্তির বেশির ভাগ মেয়েশিশুর। যখন শিশুটির বিদ্যালয়ে দাপিয়ে বেড়ানোর কথা, তখন তাকে ব্যস্ত থাকতে হয় স্বামী-সংসার সামলাতে অথবা শ্বশুরবাড়ির লোকজনের মন জোগাতে।বাংলাদেশে বাল্যবিবাহের হার খুব বেশি। প্রতি তিনজনে দুজনের বাল্যবিবাহ হয়। আর বস্তিতে মেয়েশিশুর বাল্যবিবাহের হার প্রায় শতভাগ। সম্প্রতি রাজধানীর বৌবাজার বস্তি, রায়েরবাজারে রশিদের বস্তি, তেজগাঁও রেললাইন বস্তি, মোহাম্মদপুর বাঁশবাড়ী বস্তি ও শ্যামপুর বস্তি ঘুরে দেখা গেছে, সাধারণত ১৩ থেকে ১৫ বছরের মধ্যেই বস্তিবাসী মেয়েদের বিয়ে হয়ে যায়। অনেকের আবার বিয়ে হয় বয়ঃসন্ধিকাল শুরুর আগেই। এসব বস্তি ঘুরে একটিও ১৮ বছরের মেয়েকে পাওয়া যায়নি, যাঁর বিয়ে হয়নি।বৌবাজার বস্তির ১৪ বছরের নাজমার কোলে নয় মাসের শিশু। বিয়ের বয়স দুই বছর। চার মাস ধরে প্রতিমাসে তার অনিয়মিতভাবে তিনবার করে ঋতুস্রাব হচ্ছে। কিন্তু লজ্জায় কাউকে সে কথা বলতে পারেনি। এখনো কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়নি তার। এ ছাড়া বাচ্চার পাতলা পায়খানা ও বমি সব সময় লেগেই থাকে। এ বিষয়ে নাজমার পাশের ঘরের বয়োজ্যেষ্ঠ হালিমুন খাতুন বলেন, ‘হে তো নিজেই বাইচ্চা। এইডুক মাইয়া ক্যামতে স্বামী-পোলাপানের যত্ন নিব, আর ক্যামতে সংসার করব।’বাল্যবিবাহের শিকার মেয়েরা স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন দিয়ে বেশি শারীরিক নির্যাতনের শিকার হয়। তেজগাঁও রেললাইন বস্তির কুলসুমের বিয়ে হয় ১৩ বছর বয়সে। বছর না ঘুরতেই প্রথম সন্তানের জন্ম দেয় সে। শিশু অবস্থায় মা হওয়ায় তার স্বাস্থ্য ভেঙে পড়ে। কিন্তু রিকশাওয়ালা স্বামী প্রতিদিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। আপত্তি জানালে কুলসুমকে মেরে বাপের বাড়ি পাঠিয়ে দেয়।আইনানুসারে, ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। কিন্তু বস্তিতে বাল্যবিবাহ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রথম আলোর অনুসন্ধানে উঠে এসেছে এর নানা কারণ। অভিভাবকের অসচেতনতা, অজ্ঞতা, অর্থনৈতিক দুরবস্থা ও কাজিদের দুর্নীতি অন্যতম। তা ছাড়া বখাটে, সন্ত্রাসী ও বস্তির প্রভাবশালী ব্যক্তির ভয়ে বা মেয়েকে যৌননিপীড়নের হাত থেকে বাঁচাতেও অনেক অভিভাবক মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। তবে সব কারণকে ছাপিয়ে বাল্যবিবাহের ক্ষেত্রে বড় হয়ে উঠেছে বস্তির সামাজিক অবস্থা।এসব বস্তিতে গিয়ে জানা গেছে, এখানকার মেয়েশিশুরা খুব কম বয়সেই ছেলেদের সঙ্গে প্রেম বা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। জীবিকার প্রয়োজনে মা-বাবাকে কাজে ছুটতে হয়। আর এ সুযোগে অনেক ছেলেমেয়ের অবাধে মেলামেশার সুযোগ তৈরি হয়। বস্তির অনেক মেয়েই অভিভাবককে না জানিয়ে নিজেরা বিয়ে করে। আবার অনেক অভিভাবক ইচ্ছার বিরুদ্ধে মানসম্মান রক্ষার তাগিদে মেয়েকে বিয়ে দেন। বস্তিতে মেয়েদের এত কম বয়সে বিয়ে সম্পর্কে তেজগাঁও রেললাইন বস্তির বয়োজ্যেষ্ঠ খোদেজা বেগম বলেন, ‘১০ বছর হইলেই হেরা বিয়ার লেইগ্যা পাগল হইয়া যায়। ঘর থিকা পালায়। পরে বাপ-মায় মানসম্মান বাঁচাইতে বিয়া দেয়। ওগো বিয়া মাইন্যা নেয়।’এ ছাড়া বাল্যবিবাহের কুফল সম্পর্কে সঠিক ধারণা নেই অভিভাবকদের। তাঁদের মতে, মেয়ের বয়স ১৫ বছর হলে তাকে আর কোনোভাবেই ঘরে রাখা যাবে না। তাকে বিয়ে দিতে পারলেই যেন তাঁদের কাঁধ থেকে বোঝা নেমে যায়। তাঁরা মনে করেন, এতে একজন মানুষের খাওয়ার খরচ বেঁচে যাবে। এ ক্ষেত্রে তাঁদের সাহায্য করেন কাজিরা। জন্মনিবন্ধন সনদ দেখে বিয়ে নিবন্ধন করার নির্দেশ থাকলেও বিভিন্ন কারসাজির মাধ্যমে বাল্যবিবাহ হচ্ছে। সনদে বয়স বাড়িয়ে বা ভুল বয়স লিখে নিবন্ধন করা হয়। এ ছাড়া নোটারি পাবলিক করে অভিভাবকের হলফনামা দিয়েও বিয়ে হয়। এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের কাজি মো. ইলিয়াস হোসেন বলেন, ‘অনেক সময় মা-বাবা ও রাজনৈতিক ব্যক্তিদের অনুরোধে বা সন্ত্রাসীদের হুমকিতে আমরা বাল্যবিবাহ দিতে বাধ্য হই। তবে সে ক্ষেত্রে অভিভাবকের হলফনামা থাকে।’বস্তির অধিকাংশ মেয়ের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ থাকে না। এ কারণে বয়স বাড়িয়ে লিখে বাল্যবিবাহ দেওয়া যায়। এ বিষয়ে উচ্চ আদালতের আইনজীবী মোহাম্মদ হাফিজ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিয়ে নিবন্ধন করার ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ সংরক্ষণ বাধ্যতামূলক নয়। এটা বাল্যবিবাহ প্রতিরোধের প্রধান অন্তরায়। তবে বাল্যবিবাহের শিকার মেয়ের মা-বাবা, অভিভাবক, সাক্ষী ও কাজির শাস্তি নিশ্চিত করতে পারলে বাল্যবিবাহ কিছুটা রোধ করা যাবে।’বাল্যবিবাহের কুফল দীর্ঘমেয়াদি। এ বিষয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের চিকিৎসক হাসিনা এমরোজ মল্লিক বলেন, ১৮ বছরের কম বয়সী মেয়েদের শরীর যৌনমিলনের জন্য প্রস্তুত হয় না। এ সময় সাধারণত স্বামীরা জোরপূর্বক যৌন সম্পর্ক করে। এতে বিভিন্ন ধরনের যৌনরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। মেয়েদের জরায়ুমুখে ক্যানসার হওয়ার একটি বড় কারণ হচ্ছে অল্প বয়সে বিয়ে। জরায়ুমুখের কোষগুলো পরিপক্ব হওয়ার আগেই তারা স্বামীর সঙ্গে যৌনমিলনে বাধ্য হয়। এর ফলে কোষগুলোয় বিভিন্ন সংক্রমণ হয়ে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তিনি আরও বলেন, বস্তির মেয়েদের গর্ভপাতের হার খুব বেশি, যা অনেক সময় মৃত্যুর কারণ হয়ে থাকে।