‘বাপে হটাত গত বছর মইরা গেল। মার উপরে সংসারের ভার পড়ল। আমগো সংসারে দাদি-ফুফুুুরে লইয়া সাতজন মানুষ। মায় সংসার চালাইব, না আমারে পড়াইব? আমার পড়া বন্ধ হইল। মায় আমারে এক বাসায় ঝিয়ের কাজে লাগাইয়া দিল।’রায়েরবাজার বস্তির ১২ বছরের ঝরনা এভাবেই তার চতুর্থ শ্রেণীতে থাকার সময় পড়া বন্ধ হওয়ার কারণ ব্যাখ্যা করে। এ রকম জীবন ও জীবিকার তাগিদে বস্তির বেশির ভাগ শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে।সম্প্রতি রাজধানীর বিভিন্ন বস্তি এলাকা ঘুরে দেখা গেছে, এখানকার শিশুদের পড়াশোনার সুযোগ খুবই কম। বেশির ভাগ শিশু প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতে পারছে না। অপরিপক্ব ফলের মতো এসব শিশু ঝরে যাচ্ছে। বস্তি এলাকায় ঝরে পড়া শিশুর হার প্রায় শতভাগ।রায়েরবাজার বস্তির লিমা, পুতুল, রেহানা, শফিকুল, রিনার বয়স ছয় থেকে দশের মধ্যে। এরা কেউ পড়াশোনা করে না। এদের মধ্যে পুতুল ও রিনা কখনো বিদ্যালয়েই যায়নি। আর লিমা, রেহানা, শফিকুল গেলেও পঞ্চম শ্রেণী পাস করতে পারেনি। ছোট ভাইকে রাখার জন্য লিমার আর দ্বিতীয় শ্রেণীতে, টাকার অভাবে শফিকুলের তৃতীয় শ্রেণীতে পড়া বন্ধ হয়ে যায়। রেহানার ক্ষেত্রে ঘটনা অন্য রকম। রেহানার পরিবার ঢাকায় নতুন এসেছে। জন্মসনদ না থাকায় এখানকার কোনো বিদ্যালয় রেহানাকে ভর্তি করেনি। রেহানা ভোলার এক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়েছে।প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, রায়েরবাজার, মোহাম্মদপুর, গেন্ডারিয়া ও কমলাপুর বস্তির ৮০টি পরিবারে (প্রতিটি বস্তির ২০টি পরিবার) ছয় থেকে আঠারো বছরের ১৫৭টি শিশু আছে। এদের মধ্যে বর্তমানে পড়াশোনা করছে ২৭ শিশু। কখনোই বিদ্যালয়ে যায়নি ৩৮ শিশু। আর বিদ্যালয়ে গেছে এমন শিশুর সংখ্যা ৯২। কিন্তু এদের মধ্যে মাত্র পাঁচজন পঞ্চম শ্রেণী পাস করেছে। বাকি ৮৭ শিশু নাম লিখিয়েছে ঝরে পড়া শিশুদের তালিকায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বস্তির শিশুদের পড়ালেখার পথ সরল নয়। আর্থসামাজিক প্রতিবন্ধকতাসহ নানা কারণে এসব শিশুর শিক্ষা বাধাগ্রস্ত হয়। সরেজমিন দেখা যায়, প্রতিটি শিশুর পড়াশোনা থেকে ঝরে পড়ার পেছনে রয়েছে নানা কারণ ও নানা সীমাবদ্ধতা। তবে সবকিছুকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে দারিদ্র্য।গেন্ডারিয়া বস্তির লতা। বয়স ১১। পড়ালেখা করে না। সারা দিন ছোট বোনকে কোলে নিয়ে বস্তির এ-ঘরে সে-ঘরে ঘুরে বেড়ায়। লতার পড়ালেখা না করার কারণ হিসেবে লতার মা গুলনাহার বলেন, ‘স্কুলে দিছিলাম। অহন আর যায় না। যাইব ক্যামনে? ওর বাপে ভ্যান চালায়, আমি কাগজ কুড়াই। ও স্কুলে গেলে ছোড মাইয়ারে দেখব কে? আর গরিবের পড়ালেহা করলেই কী, না করলেই কী!’বস্তিতে ঝরে পড়া শিশুর হার এত বেশি হওয়ার কারণ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক নেহাল করিম প্রথম আলোকে বলেন, লেখাপড়ার পূর্বশর্ত আর্থিক সচ্ছলতা ও পারিবারিক পরিচর্যা। বস্তির পরিবারগুলো শিশুদের ওপর আর্থিকভাবে অধিকমাত্রায় নির্ভরশীল। এ ছাড়া মা-বাবা পড়াশোনার ব্যাপারে সচেতন নন। আর পরিবেশগত কারণ তো রয়েছেই। বস্তির শিশুরা মূলত বেঁচে থাকার তাগিদেই ঝরে পড়ে। আর্থসামাজিক কারণ ছাড়াও নানা কারণে বস্তির শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। এর মধ্যে অন্যতম কারণ, বই ও বিদ্যালয় শিশুদের কাছে আকর্ষণীয় নয়। এ ছাড়া বিদ্যালয়ে শিক্ষকেরা শিশুদের সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি মারধরও করেন। কমলাপুর বস্তির হেলাল বলে, ‘স্যারে মাইরা দাগ লাগাইয়া দেয়। হের লেইগ্যা ইশকুলে যাই না।’ এ ছাড়া নিরাপত্তার অভাবে বস্তিতে বেশির ভাগ মেয়েশিশুর চতুর্থ-পঞ্চম শ্রেণীতে পড়া বন্ধ হয়ে যায়। বস্তিতে বাল্যবিবাহের হার প্রায় শতভাগ এবং কম বয়সে (১২-১৫) মেয়েদের বিয়ে দেওয়াই এখানকার রেওয়াজ। এ কারণেই বস্তির কন্যাশিশুর একটা বড় অংশ ঝরে যাচ্ছে। বাল্যবিবাহের শিকার রায়েরবাজার বস্তির শাবানা বলেন, ‘পড়ালেখার ইচ্ছা থাকলেও পারি নাই। কেলাস সেভেনে পড়ার সময় আমার বিয়ে হইছে। এরপর শ্বশুরবাড়ির লোকজন আর পড়তে দেয় নাই।’বস্তির শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা প্রাক-প্রাথমিক শিক্ষাসুবিধাসহ নানা শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করেছে। তবে এসব কর্মসূচি বস্তির শিশুদের নাগালের বাইরেই থেকে যাচ্ছে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. আবুল এহসান প্রথম আলোকে বলেন, সরকার প্রাথমিক শিক্ষা নিয়ে অনেক পরিসংখ্যান দেয়। তবে মাঠে কাজ করতে গিয়ে দেখা যায়, সরকারের দেওয়া চিত্রের সঙ্গে বাস্তবের অনেক তফাত। এ ছাড়া বস্তির বিদ্যালয়গুলোতে শিক্ষকদের উপস্থিতি ও পড়ানোর মান সন্তোষজনক নয়। তিনি আরও বলেন, শিক্ষা ও বিদ্যালয় শিশুদের জন্য আনন্দদায়ক নয়। বিদ্যালয়কে আনন্দদায়ক করে গড়ে তুলতে পারলে ঝরে পড়া শিশুর হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব।