বস্তুকে আমরা যেভাবে দেখি, সেটাই কি পরিপূর্ণ দেখা? বস্তুময় এই জগতের চিরচেনা রূপের বাইরেও তো আরেকটা চেহারা থাকতে পারে। একজন শিল্পী তাই আরও গভীরে তলিয়ে দেখতে চান। আবিষ্কার করতে চান নতুন সত্য। ‘মূলাধার’ শিরোনামে আয়োজিত ভাস্কর্য প্রদর্শনীতে ভাস্কর গোঁসাই পাহ্লভী বস্তুর গভীরে বস্তুর আত্মারই অনুসন্ধান করেছেন। দর্শককে দাঁড় করিয়েছেন নতুন এক অভিজ্ঞতার সামনে।
২২ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় নগরের শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারিতে শুরু হওয়া এই প্রদর্শনী দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। কবি ও সাংবাদিক সিদ্দিক আহমেদের চিকিৎসা তহবিল গড়ে তোলার লক্ষ্যে এই প্রদর্শনী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আট দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন সিদ্দিক আহমেদ। আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্সের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী, শিল্পসমালোচক আবুল মনসুর ও প্রদর্শনীর কিউরেটর অধ্যাপক অলক রায়।
প্রদর্শনীতে স্থান পাওয়া ভাস্কর্যগুলো তৈরি হয়েছে কাঠ, ধাতু, গাছের ডাল ইত্যাদি ব্যবহার করে। জ্যামিতিক ও শারীরবৃত্তীয় রূপের সমন্বয় ঘটানো হয়েছে তাতে। কোনো কোনোটিতে ব্যবহৃত হয়েছে দরজার কি-হোল (ফুটো) ও তালা। কাঠের আসবাবের মতো চকচকে মসৃণ করে তোলা হয়েছে ভাস্কর্যের উপরিতল। তবু এসব আসবাব বা দরজা কোনোটিই নয়। বস্তুর ভেতরে ভিন্নতর অর্থ আরোপের কৌশলমাত্র। ভাস্কর্যের গায়ে বসানো কি-হোল বা ফুটো দিয়ে জগৎটাকেও কি নতুনভাবে দেখতে আহ্বান জানিয়েছেন শিল্পী?
প্রদর্শনীর ভাস্কর্যগুলোর আলাদা কোনো নাম নেই। সবগুলো মিলেই যেন একটি বড় শিল্পকর্ম। গ্যালারিতে ঢুকতেই একটি শিল্পকর্ম দেখে থমকে দাঁড়াতে হয়। ধাতু ও কাঠ ব্যবহার করে বীজ থেকে গাছের চারা রূপান্তরের প্রক্রিয়া ধরে রাখতে চেয়েছেন শিল্পী। চারা অঙ্কুরিত হওয়ার পর বীজপত্রটি যেভাবে লেগে থাকে, তা যেন জীবনের নানা পর্বেরই ইঙ্গিত। জীবনের নানা পর্যায়ের এই অনুস্মৃতি জীবের ভেতরে আত্মার মতোই বেঁচে থাকে চিরকাল। শিল্পী যেন সেই আত্মার সঙ্গেই কথোপকথনে লিপ্ত।
গোঁসাই পাহ্লভীর ভাস্কর্যের কিছু আলোকচিত্রও স্থান পেয়েছে প্রদর্শনীতে। বহিরাঙ্গনে স্থাপন করা গোঁসাইয়ের ভাস্কর্যের ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী কল্লোল কর্মকার। গ্যালারির চার দেয়ালের বাইরে ডাক বিভাগের চিঠির বাক্সের ওপরে বা সদর ঘাটে স্থাপন করায় গোঁসাইয়ের ভাস্কর্য নতুন অর্থও তৈরি করেছে। আজ ২৯ সেপ্টেম্বর শেষ হবে এই প্রদর্শনী।