বহদ্দারহাট-মুরাদপুরে যাত্রীবাহী বাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে বহদ্দারহাট হয়ে ষোলশহর ২ নম্বর গেট পর্যন্ত এলাকায় প্রায় ২০টি জায়গায় গতকাল বুধবার সকালে ব্যাপক হারে যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। আনুষ্ঠানিকভাবে কাউন্টার-ভিত্তিক বাস সার্ভিসব্যবস্থা চালুর তিন দিনের মাথায় এই ভাঙচুর করা হলো। কাছাকাছি সময়ে বিভিন্ন স্থানে বাস ভাঙচুরের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কাউন্টার-ভিত্তিক বাস চলাচলব্যবস্থা ভণ্ডুল করে দিতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।পুলিশ ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত মো. ওসমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশকে তিনি তাঁর পেশা সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। অভিযোগ উঠেছে, এঁদের ভাড়া করে গাড়ি ভাঙচুরের কাজে লাগানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ঘটনার সূত্রপাত হয় বহদ্দারহাটের একটি কাউন্টার থেকে। বাস আসতে দেরি হওয়ার অজুহাত দেখিয়ে একদল লোক বাসটি ভাঙচুর শুরু করে। পরে কিছু লোক বলতে শুরু করে ভাড়া বেশি নেওয়া হচ্ছে।এরপর ওই লোকজন বিভিন্ন দলে ভাগ হয়ে গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় একে একে বহদ্দারহাট মোড়, ইকবাল বোর্ডিং, এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মুরাদপুর, শিক্ষা বোর্ড কার্যালয়, ষোলশহর রেলস্টেশন, শপিং কমপ্লেক্স ও ষোলশহর দুই নম্বর গেট এলাকা পর্যন্ত বাস ভাঙচুর করা হয়। গাড়ি ভাঙচুরের সময় যাত্রীদের প্রাণভয়ে বাসের জানালা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায়।পরে ভাঙচুর করা বাস দিয়ে এ সময় সড়কে অবরোধ সৃষ্টি করা হয়। ফলে সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে যান চলাচল শুরু হলেও ওই সড়কে পর্যাপ্তসংখ্যক যাত্রীবাহী বাস পাওয়া যায়নি। ফলে লোকজনকে রাস্তায় দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। বহদ্দারহাট, ষোলশহর রেলস্টেশন, শপিং কমপ্লেক্সের সামনে ও ষোলশহর দুই নম্বর গেট এলাকা ঘুরে যাত্রীদের ভোগান্তির এ চিত্র দেখা গেছে।এ প্রসঙ্গে নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘দৌড়ে দৌড়ে গাড়ি ভাঙতে যাত্রীদের ঠেকা পড়েনি। যারা কাউন্টারভিত্তিক বাস চলাচল-ব্যবস্থার বিরোধিতা করেছে, তারাই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।’পুলিশ প্রশাসনের হিসাবে দেখা যায়, নগর পরিবহনে নতুন ব্যবস্থায় যাত্রী পরিবহন শুরু হলে সড়কের যেখানে-সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো-নামানো বন্ধ হবে। এতে যাত্রী-পথচারীদের ভোগান্তি ও সড়কের যানজট বহুলাংশে হ্রাস পাবে। কিন্তু আয় কমে যাওয়ার আশঙ্কা থেকে বাস মালিক ও পরিবহন শ্রমিকদের একটি অংশ গোড়া থেকেই নতুন ব্যবস্থা চালুর বিরোধিতা করে। এ কারণে এর আগে গত তিন মাসে অন্তত তিন দফায় দিনক্ষণ ঠিক করেও কাউন্টারভিত্তিক বাস চলাচল-ব্যবস্থা চালু করা যায়নি।গতকালের ঘটনার ব্যাপারে বাস মালিক কিংবা শ্রমিক নেতাদের কারও বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের সঙ্গে বৈঠক করার কারণ দেখিয়ে তাঁরা কথা বলতে রাজি হননি। সূত্রমতে, নগরের ১১টি রুটে প্রতিদিন প্রায় দেড় হাজার যাত্রীবাহী বাস চলাচল করে। এর মধ্যে ৪০০ থেকে ৫০০ বাস প্রতিদিন কৌশলে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) প্রায় দেড় লাখ শ্রমিক পরিবহনের কাজে লাগানো হয়। ফলে নগরের গণপরিবহন-ব্যবস্থায় মারাত্মক সংকট দেখা দেয়। এ সংকট কাটাতে পুলিশ কাউন্টারভিত্তিক বাস চলাচল-ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়। কিন্তু সিইপিজেডে গাড়ি সরবরাহকারী মালিকেরা কাউন্টারভিত্তিক বাস চলাচল-ব্যবস্থার বিরোধিতা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।