বহদ্দারহাটে অনুমোদনহীন বাস কাউন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের গুরুত্বপূর্ণ বহদ্দারহাট মোড় এলাকায় আন্তজেলা বাস মালিক সমিতির অনুমোদন ছাড়াই চলছে অবৈধ ছয়টি বাস কাউন্টার। এসব কাউন্টারের কারণে বহদ্দারহাট মোড়ে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। তবে কাউন্টার পরিচালনাকারীদের দাবি, অনুমোদন নিয়েই কাউন্টার চালু করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বহদ্দারহাট মোড়ের পুলিশ বক্সের পেছনে ছয়টি দোকানে চলছে টিকিট বিক্রি। এখান থেকে ভোলা, লালমোহন, চরফ্যাশন ও বরিশালের বাস ছেড়ে যায়। তবে সাইনবোর্ডে ঢাকা, নারয়ণগঞ্জ, উত্তর ও দক্ষিণ বঙ্গের টিকিট বিক্রি হয় বলে লেখা আছে। যে ছয়টি কাউন্টারে টিকিট বিক্রি হয় সেগুলো হলো সীমান্ত এক্সপ্রেস, ভোলা ট্রান্সপোর্ট, ভোলা এন্টারপ্রাইজ, তোহা এন্টারপ্রাইজ, মেঘনা এক্সপ্রেস ও শতাব্দী এন্টারপ্রাইজ।জানা যায়, নগরের রাজাখালী ও কাপ্তাই রাস্তার মাথা থেকে ভোলা ও বরিশালগামী বাসগুলো ছেড়ে আসে। এরপর এসব কাউন্টারের সামনে এসে দাঁড়ায়। কাউন্টারগুলো থেকে উত্তর ও দক্ষিণ বঙ্গের টিকিট বিক্রি করা হলেও এসব পথের বাস ছাড়ে চান্দগাঁও এলাকা থেকে।কাপাসগোলা এলাকার বাসিন্দা আনিসুল ইসলাম বলেন, ‘কয়েক বছর ধরে এসব কাউন্টার চলছে। বহদ্দারহাট ফ্লাইওভারের নির্মাণকাজ চলায় এমনিতেই মোড়ে যানবাহন চলে ধীর গতিতে। এর সঙ্গে কাউন্টারগুলোর সামনে বাস দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। দিনের যেকোনো সময় এসব বাস কীভাবে গুরুত্বপূর্ণ এই মোড়ে দাঁড়িয়ে থাকে?’এ বিষয়ে জানতে চাইলে সীমান্ত এক্সপ্রেসের পরিচালক মোহাম্মদ বাবুল বলেন, ‘বাস মালিক সমিতির অনুমোদন নিয়েই আমরা কাউন্টার চালাচ্ছি। বাস রাজাখালী এলাকা থেকে ছেড়ে আসে। এই পথে যাওয়ার সময় যাত্রী তুলে নিয়ে যায়। এ কারণে কোনো যানজট হয় না।’এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির আবুল কালাম আজাদ বলেন, ‘বহদ্দারহাট পুলিশ বক্সের পেছনের ওইসব কাউন্টারের কোনো অনুমোদন নেই। আমি নভেম্বরের শেষ সপ্তাহে একবার গিয়ে দেখে এসেছি। মালিক সমিতির অনুমোদন ছাড়া কেউ কাউন্টার চালাতে পারে না। এসব কাউন্টারের নিজস্ব তেমন কোনো বাসও নেই। এখানে টিকিটের দাম বেশি রাখা হয় বলেও আমরা অভিযোগ পেয়েছি।’গতকাল মঙ্গলবার সকালে সরেজমিন দেখা গেছে, কাউন্টারগুলোতে টিকিট বিক্রি চলছে। যাত্রী হিসেবে উত্তর বঙ্গের টিকিট কিনতে চাইলে বিক্রেতারা তাৎক্ষণিকভাবে টিকিট প্রাপ্তির বিষয়ে কিছু জানাতে পারেননি। ১৫ মিনিট পরে যোগাযোগের পরামর্শ দিয়ে তাঁরা মুঠোফোনে অন্য পরিবহনের সঙ্গে যোগাযোগ করে টিকিট প্রাপ্তির বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন।কাউন্টারের কারণে যানজট সৃষ্টির বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (যানবাহন) উত্তম কুমার পাল বলেন, ‘কউন্টারের অনুমোদন দেয় বাস মালিক সমিতি। এ বিষয়ে আমাদের এখতিয়ার নেই। তবে রাস্তায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা অপসারণের দায়িত্ব আমাদের। সড়কে বাস দাঁড় করিয়ে রাখার কারণে যানজট হলে আমরা নিয়মিত মামলা দেওয়াসহ আইনি ব্যবস্থা নিয়ে থাকি।’