
কন্ডাক্টর মামাটা ‘ভাড়া দেন, ভাড়া দেন। যাঁরা যাঁরা ভাড়া দেননি, তাঁরা ভাড়াটা দিয়ে দেন মামা’ বলতে বলতে অয়নকে পাশ কাটিয়ে যায়। অয়ন পকেট থেকে ম্যানিব্যাগ বের করেছিল, কন্ডাক্টর মামা ওর দিকে না তাকানোয় সে ভাড়ার টাকাটা বুকপকেটে রাখে। ডেকে ভাড়াটা না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। কন্ডাক্টর মামা পেছনের যাত্রীদের ভাড়া কেটে আবার অয়নকে পাশ কাটিয়ে সামনে চলে যায়। এবারও ভাড়া চায় না ওর কাছে। অয়নও ডেকে দেয় না। ওর মাথায় চিন্তা খেলে যায়, ভাড়ার টাকার সঙ্গে আর মাত্র ১০ টাকা যোগ করলেই দিব্যি সকালের নাশতা সেরে ফেলা যাবে। চাকরিতে যোগ দেওয়ার পর এক দিনও বাসা থেকে নাশতা করে বেরোনো হয় না। মাত্র আট কিলোমিটার দূরের অফিস সকাল ১০টায় ধরতে হলে বাসা থেকে বেরোতে হয় সকাল আটটায়। এই শহরে যা যানজট! নাশতা খাওয়ার আশায় প্রতিদিন তাই একবার করে এই ভাড়ার টাকাটা মেরে দিতে ইচ্ছে করে ওর। কিন্তু এমন সুযোগ যে মেলে না রোজ।
গাড়িটা রোজকার মতো যানজটে আটকা পড়লে রাস্তার পাশে একটা অদ্ভুত সুন্দর পাখি দেখে ও। পাখিটা অবাক করা কসরতে এক পায়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে। কী ভাবে যেন তার একটা পা ভেঙে গেছে। পাখিটার আশ্চর্য নীল রং দেখে নীলার কথা মনে পড়ে অয়নের। অনেক দিন আগে একবার এক কুয়াশাঢাকা সকালে নীলাকেও অমন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দেখেছিল ও। তারও আগে দেখেছিল নীলার হোঁচট খাওয়ার দৃশ্যটা। ওকে দেখতে পেয়ে মেয়েটার অনিন্দ্য মুখটায় সে কী বিব্রত ভাব! নীলার বিব্রত মুখটা মনে পড়তেই অয়নের মনে হয়, এই যে ও ভাড়া না দিয়ে বাস থেকে নেমে যেতে চাচ্ছে, এটা যদি নীলা দেখত? তাহলে কি ও নিজেও অমন বিব্রত হতো না? একবার কোথায় যেন পড়েছিল,Í‘আমার জামার বুকপকেটে/ ঠিক হৃদয়ের কাছে/ তোমার দেয়া কষ্টগুলো/ যত্নে রাখা আছে।’ কবিতাটা মনে হতেই অয়ন বুঝতে পারে, ওর জামার বুকপকেটে; হৃদয়ে নীলার দেওয়া কষ্টগুলো থাকতে পারে, নীলার জন্য ভালোবাসা থাকতে পারে। কিন্তু এই ভাড়ার টাকাটার, বিব্রত বোধটার কোনো স্থান সেখানে নেই।
গন্তব্য কাছে এলে বুকপকেট থেকে ভাড়ার টাকাটা হাতে নিয়ে কন্ডাক্টর মামার দিকে এগিয়ে দেয় অয়ন।