সাগরের উত্তাল ঢেউ ও ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস পুরোপুরি বন্ধ আছে গত তিন দিন। উত্তাল ঢেউয়ের কারণে ছোট আকারের লাইটার জাহাজ বড় জাহাজ থেকে পণ্য খালাসের জন্য বহির্নোঙরে যেতে পারছে না। ফলে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল দুই দিন ধরে কোনো লাইটার জাহাজ বরাদ্দ দেয়নি।ওয়াটার ট্রান্সপোর্ট সেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সাগরে ঢেউয়ের উচ্চতা এত বেশি যে, উপকূল ছেড়ে কোনো জাহাজ বহির্নোঙরে যেতে পারছে না। এ কারণে বড় জাহাজ থেকে পণ্য খালাসের জন্য কোনো লাইটার জাহাজ বরাদ্দ দেওয়া হয়নি।চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর পর্যন্ত বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল পণ্যসামগ্রীবাহী ৪৫টি জাহাজ। প্রতিকূল আবহাওয়ায় এসব জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। জাহাজগুলোর মধ্যে রয়েছে আটটিতে খাদ্যশস্য, দুইটিতে সিমেন্ট ক্লিংকারবাহী, চারাটিতে সার রয়েছে। বহির্নোঙরে কাজ না হলেও বন্দরের মূল জেটি, বিশেষায়িত জেটি ও রিভার মুরিংয়ে ২২টি জাহাজে কাজ হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) গোলাম ছরোয়ার প্রথম আলোকে বলেন, ভারী বর্ষণ হলে বহির্নোঙরে খোলা পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। তবে জেটি ও মুরিংয়ে থাকা জাহাজগুলোতে কাজ হয়।বন্দর সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে খোলা (বাল্ক) পণ্য খালাসে ব্যাঘাত হলেও কনটেইনার ওঠানামায় খুব বেশি সমস্যা হচ্ছে না। তবে জাহাজে কন্টেইনার ওঠা-নামার (হ্যান্ডলিং) কাজ স্বাভাবিক সময়ের চেয়ে ধীরগতিতে হচ্ছে। গতকাল শনিবার ভোর ছয়টার আগের ২৪ ঘণ্টায় মূল জেটিতে জাহাজ থেকে এক হাজার ৫৫৫ ইউনিট কনটেইনার খালাস হয়েছে। একই সময়ে জাহাজে বোঝাই করা হয়েছে দুই হাজার ৯৪ ইউনিট কনটেইনার। দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকলে জাহাজে কন্টেইনার ওঠানামা আরও বেশি হওয়ার কথা।