বহির্নোঙরে পণ্য খালাস ব্যাহত
টানা বৃষ্টি ও সাগরে উত্তাল ঢেউয়ের কারণে বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসকাজ ব্যাহত হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে টানা তিন দিন ধরে এই অবস্থা চলছে। পণ্য খালাস না হওয়ায় কাঁচামালের অভাবে চিনি ও সিমেন্ট শিল্পকারখানায় উৎ পাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস করে ছোট জাহাজে বোঝাই করা হয়। এরপর এসব ছোট আকারের জাহাজে করে কর্ণফুলী নদীসহ সারা দেশের বিভিন্ন ঘাটে পরিবহন করা হয়। ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) এসব ছোট আকারের জাহাজ বরাদ্দ দেয়। কয়েক দিন ধরে এই সংস্থা জাহাজ বরাদ্দ দিলেও এগুলো এখন কর্ণফুলী নদী ও বিভিন্ন ঘাটে নোঙর করে আছে।বন্দর-সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বন্দরের জেটি, মুরিং ও বহির্নোঙরে এখন ৫৯টি জাহাজ আছে। বৃষ্টির কারণে বহির্নোঙরে পণ্য খালাসের কাজ ব্যাহত হচ্ছে। তবে জেটিতে কনটেইনারবাহী জাহাজে কনটেইনার ওঠানো-নামানো স্বাভাবিক রয়েছে। শুধু খাদ্যশস্যবাহী জাহাজ থেকে পণ্য খালাসকাজ ব্যাহত হচ্ছে।বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের বহির্নোঙরে সারবাহী ছয়টি, সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকারবাহী ১০টি, কাঁচা চিনিবাহী দুটি, লবণবাহী একটি এবং তেলবাহী নয়টি জাহাজ রয়েছে। এসব জাহাজ থেকে পণ্য খালাসকাজ ব্যাহত হচ্ছে। উত্তাল ঢেউ ও বৃষ্টির কারণে ছোট আকারের জাহাজগুলো বড় জাহাজের কাছাকাছি যেতে পারছে না। এ ছাড়া জেটিতে সরকারি আমদানির খাদ্যশস্যবাহী তিনটি জাহাজ থেকেও খালাসকাজ ব্যাহত হচ্ছে।জানা গেছে, বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসকাজ প্রকৃতির ওপর নির্ভর করে। বৃষ্টির সময় জাহাজের খোলের ঢাকনা (হ্যাচ) খুলে খালাসকাজ করা হলে পানিতে পণ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ কারণে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে বেশ কিছু সময় ধরে পণ্য খালাসকাজ ব্যাহত হয়। এ বছর বর্ষা মৌসুমে জুলাই মাসের প্রথম সপ্তাহে টানা পাঁচ দিন এবং আগস্টের প্রথম দুই সপ্তাহে নয় দিন টানা বৃষ্টিপাত হয়। এ কারণে তখন কাঁচা চিনিবাহী জাহাজ থেকে খালাসকাজ ব্যাহত হওয়ায় পরিশোধন কারখানার মালিকেরা চিনি পরিশোধনে বাধার সম্মুখীন হন।জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, এসব বড় জাহাজের প্রতিদিনের ভাড়া জাহাজের আকারভেদে ১০ থেকে ১৫ হাজার মার্কিন ডলার। সময়মতো পণ্য খালাস করতে না পারলে এসব জাহাজ অলস বসে থাকায় ক্ষতিপূরণ গুনতে হয় জাহাজ পরিচালনাকারীদের। তবে ধাপে ধাপে ভাড়া বাড়িয়ে এই টাকা আমদানিকারকদের থেকে আদায় করে নেন তাঁরা। আর আমদানিকারকেরা পণ্যের দাম বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে আদায় করেন।