বহিষ্কার, অতঃপর 'অনারারি ডিগ্রি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেড টার্নার
টেড টার্নার

‘মিডিয়া মোগল’ হিসেবেই পৃথিবী তাঁকে চেনে। তিনি কেবল্‌ নিউজ নেটওয়ার্ক-সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার। বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদ টিভি চ্যানেল নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা এই মানুষটি। শৈশবে যুক্তরাষ্ট্রের টেনেসির একটি প্রাইভেট স্কুলে পড়াশোনা করেন টেড। কলেজ শেষে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়-জীবনের প্রথম থেকেই সাহিত্য নিয়ে পড়াশোনা, বিতর্ক ও ক্রীড়ায় বেশ সম্পৃক্ত ছিলেন। খুব ভালো কথা বলতে পারতেন বলেই দ্রুত ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় তাঁকে দেখা যেত নিয়মিত। শুধু বিতর্ক নয়, নৌকা চালানোও রপ্ত করেছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের নৌকাবাইচ দলের ক্যাপ্টেন হিসেবে দীর্ঘ দিন বইঠা ছিল তাঁর হাতে। শুরুতে সাহিত্যে পড়াশোনা শুরু করলেও শেষ পর্যন্ত অর্থনীতি নিয়ে পড়া শুরু করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ডর্মের গুরুতর নিয়ম ভাঙার কারণে পড়াশোনার শেষ বর্ষে তাঁকে বহিষ্কার করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়মুখী হননি তিনি। বাড়ি ফিরে বাবার প্রতিষ্ঠানে কর্মী হিসেবে যোগ দেন। সেই বহিষ্কৃত টেডই ১৯৮৯ সালে ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে অনারারি বিএ ডিগ্রি লাভ করেন।

নিউইয়র্ক টাইমস অবলম্বনে