
দুই শতাধিক আবৃত্তিশিল্পী এক মঞ্চে। সমবেত কণ্ঠে তাঁরা আবৃত্তি করছিলেন কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতাটি। শত কণ্ঠের আবৃত্তি যেন মিলেমিশে এক হয়ে একটা প্রবল স্রোতের মতো আছড়ে পড়ল শিল্পকলার প্রাঙ্গণে। সেই স্রোতে ভাসলেন উপস্থিত দর্শকেরাও।
১৪ মে বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে ‘স্বাতন্ত্র্যের অভিন্ন কোরাস’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের শুরুতেই ছিল এই সমবেত পরিবেশনা। চট্টগ্রামের ১৮টি আবৃত্তি দলের সংগঠন সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এই আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানে আবৃত্তির পাশাপাশি ছিল কবিদের স্বকণ্ঠে কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান।
আবৃত্তি ও আলোচনা পর্ব শুরুর আগে একাত্তরের শহীদ ও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নিহত শিক্ষক ও সংস্কৃতিকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ঢোলবাদনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
উদ্বোধনের পর সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথামালায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
কথামালার পর আমন্ত্রিত আবৃত্তিশিল্পী শুভ্রা বিশ্বাস আবৃত্তি করেন কবি জীবনানন্দ দাশের ‘অন্ধকার’ কবিতাটি। এরপর স্বরচিত কবিতা পাঠ করেন ইউসুফ মুহাম্মদ, সেলিনা শেলী ও মনিরুল মনির।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাধুর্য চাকমা পরিবেশন করেন সুকুমার রায়ের ‘সৎপাত্র’ কবিতাটি। এ ছাড়া স্নেহা খিসা কাজী নজরুল ইসলামের ‘খুকি ও কাঠবেরালি’, পাপড়ি খিসা শামসুর রাহমানের ‘পণ্ডশ্রম’, বিপ্লব জলদাস রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রশ্ন’ কবিতাটি আবৃত্তি করে শোনান। এ ছাড়া আবৃত্তি করেন ওমর ফারুক, মোরশেদুল আলম, আবুল হোসেন, লিটন সরকার ও ঊর্মি দেব।
একক আবৃত্তির পর ছিল বৃন্দ পরিবেশনা। প্রমা আবৃত্তি সংগঠনের সদস্যরা ‘চিরকালের প্রমিথিউস’, নরেন আবৃত্তি একাডেমির আবৃত্তিশিল্পীরা ‘মুখোশ ছেঁড়ার মিছিল’ ও ‘নির্মাণ’ আবৃত্তি অঙ্গন ‘জীবনের যৌবন এখনো বিদ্রোহের’ শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে।
ভালো লেগেছে তাসকিয়াতুন নূরের গ্রন্থনা ও নির্দেশনায় ‘রামধনুকের গান শিখে ভাই’ শিরোনামের সুচয়ন ললিতকলা কেন্দ্রের শিল্পীদের সমবেত পরিবেশনা। সেলিম রেজার গ্রন্থনা ও নির্দেশনায় ‘প্রণমি বাংলাদেশ’ শিরোনামে কণ্ঠ নীড়ের বৃন্দ আবৃত্তিও মুগ্ধ করেছে দর্শকদের। সবশেষে ‘স্বাধীনতা প্রিয় স্বাধীনতা’ শিরোনামে মামুরা মমতাজের গ্রন্থনা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তি পরিবেশন করে রাউজান আবৃত্তি পরিষদ।