
তিনি একজন মুক্তিযোদ্ধা। আরও অনেক পরিচয় তাঁর—গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী। বহু গুণের এই ব্যক্তি আহমেদ ইমতিয়াজ বুলবুল।তাঁর জীবনযাপনের কথা জানা যাক আজ।
বাসার দোরঘণ্টি চাপতেই দরজা খুলে সামনে দাঁড়ালেন দুজন পুলিশ। তাঁদের দেখে ভাবলাম, ভুল বাসায় এসে পরলাম না তো। দুঃখিত বলতে যাব, এমন সময় চোখে পড়ল আহমেদ ইমতিয়াজ বুলবুলের একটি আলোকচিত্র। পরিচয় জেনে তাঁরা ভেতরে ঢোকার অনুমতি দিলেন। ঘরে ঢুকেই সোজা ভেতরের কক্ষে। নানা রকম বাদ্যযন্ত্র, কম্পিউটারে ঠাসা ঘরের একপাশে ঘুমানোর ব্যবস্থা। এখানেই দিন কাটছে সংগীত পরিচালক ও সংগীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুলের। আপন মনে বাজাচ্ছেন বেহালা।মিষ্টি হেসে বেহালা বাজানো ছেড়ে কাছে ডাকলেন। এগিয়ে যেতেই বললেন, ‘এই হলো আমার বর্তমান লাইফস্টাইল। সারাক্ষণ বন্দী ঘরে ২৪ ঘণ্টা পুলিশ পাহারায় আছি। বাইরে যেতে হলে নানা স্থানের অনুমতি নিয়ে সেখানকার পরিস্থিতি নিরাপদ মনে হলেই একঝাঁক গার্ডসহ বেরোতে হয়।’ মানবতাবিরোধী অপরাধের বিচারে সাক্ষী হওয়ার পর থেকেই তাঁর জন্য এই নিরাপত্তা।

এসবের মধ্যেও নিজের জগৎ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতে চেষ্টা করেন। প্রতিদিন সকালে উঠে মুখ-হাত ধুয়ে বেহালা নিয়ে বসেন। এই সময় কালো পাঞ্জাবি আর লুঙ্গি থাকে পরনে।

এরপর চা নিয়ে টেবিলে বসে চোখ বোলান পত্রিকার পাতায়। জানালেন, ‘নানা ধরনের পোশাক পরতে ভালোবাসি। অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে পোশাক সরবরাহ করে ফ্যাশন হাউসগুলো। তবে আমি সব সময় চেষ্টা করি নিজের পোশাক পরতে। সেই সঙ্গে ঘড়ি পরি একেক দিন একেকটা।’ কোনো হোটেল বা রেস্তোরাঁয় গেলে সাধারণত স্যুট পরেন। সম্মাননা বা পুরস্কারের অনুষ্ঠান হলেও বেছে নেন স্যুট। তবে স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের অনুষ্ঠান হলে পাঞ্জাবি পরেন। সাদা-কালো আর মেরুন রঙের পোশাক তাঁর পছন্দ। জিনস পরলে, সঙ্গে পরেন শার্ট।

‘বেহালা বাজানো শেষ হলে রেকর্ডিং থাকলে কি-বোর্ডে বসে নিজের কাজ তৈরির পর রেকর্ড করে নিয়ে স্টুডিওতে যাই। রাতের বেলায় ঘুমানোর আগে অনেকখানি সময় নিয়ে বাজাই।’ নিজের জীবনযাপনের কথা বলছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই সময়েও পরেন আলাদা পোশাক। তাঁর আছে নানা ধরনের জুতা। পোশাকের সঙ্গে মানানসই জুতাটাই বেছে নেন সেখান থেকে।
সংগীতের নানা বিষয় নিয়ে একটা বই লিখছেন ‘সার্কেল অব সিক্সটিন’ শিরোনামে। প্রায় সাড়ে আট বছর ধরে এই বই লিখছেন বলে জানালেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। বই লেখার সময় একদম পরিপাটি হয়ে পাঞ্জাবি-পাজামা পরে বসেন টেবিলে। পাজামায়ও থাকে বিভিন্ন নকশার কাজ। ল্যাপটপেই লেখেন ঘণ্টা খানেক বা তারও বেশি।

অনেক বছর ধরেই নিজের বড় চুলের স্টাইলটা ধরে রেখেছেন। তবে বয়সের সঙ্গে সঙ্গে চুল অনেক পড়ে যাচ্ছে, সেটা নিয়ে চিন্তাও করছেন। ভালোবাসেন সুগন্ধি। নানা ব্র্যান্ডের সুগন্ধির সংগ্রহ আছে তাঁর। আড্ডা দিতে খুবই পছন্দ করেন। তবে আজকাল সেটা অনেক কমে গেছে। মাঝে মাঝে বেড়াতে মন চাইলে কোনো পাঁচতারকা হোটেলে যান ছেলে বা বন্ধুদের নিয়ে। কারণ, সেখানে নিরাপত্তা পাওয়া যায়। কথা বলতে বলতেই এই তারকা আশা করেন, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে তাঁর। মেতে উঠবেন আড্ডা আর ঘোরাঘুরিতে। সৃষ্টি করবেন মনের আনন্দ নিয়ে আরও আরও গান।