বহু জাতির সংস্কৃৃতির জমকালো আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শক সারির পেছন থেকে হঠাৎ বেজে উঠল ঢাকের শব্দ। অনুষ্ঠান শুরুর অপেক্ষায় মঞ্চের দিকে তাকিয়ে থাকা দর্শকদের অনেকেই সচকিত হয়ে উঠে দাঁড়িয়েছেন দেখার জন্য। চট্টগ্রামের বাবুল জলদাস ও তাঁর দলের শিল্পীরা ঢাক, করতাল আর বাঁশি বাজিয়ে জানান দিলেন—উৎসব শুরু হয়ে গেছে। ঢাক বাদনের রেশ কাটতে না-কাটতেই দর্শক সারির আরেক প্রান্ত থেকে মেঘ গর্জনের মতো ভেসে এল ধামসার শব্দ। বিশাল আকৃতির ধামসা-ঢাক বাজাচ্ছিলেন ভারতীয় শিল্পীরা। দর্শকদের একাংশ এবার সেদিকে ছুটলেন। ঢাকের শব্দ থামতেই শিল্পীদের হাতে হাতে জ্বলে উঠল মোমবাতি। বাংলা, ওড়িয়া, সাঁওতালি ও মালয়ালাম ভাষায় দর্শককে অভিনন্দন জানালেন তাঁরা। এরপর বাদ্যের তালে তালে উঠে গেলেন মঞ্চে।চট্টগ্রাম শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গত সোমবার ক্ষণে ক্ষণেই এমন সব রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হচ্ছিল। এমন ব্যতিক্রমী বহুজাতিক সাংস্কৃতিক উৎসব প্রথমবারের মতো উপভোগ করার সুযোগ পেল চট্টগ্রামবাসী। ভারতের শান্তিনিকেতনের সাংস্কৃতিক দল মিলন মেলার বাউল, ছৌ, গোটিপুয়া এবং কালারিপায়াত্তু শিল্পীরা আক্ষরিক অর্থেই মন জয় করলেন দর্শকের। শিল্পকলার মুক্তমঞ্চে সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই অনুষ্ঠানের আয়োজক ছিল আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও সহকারী ভারতীয় হাইকমিশন।শুরুতে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক স্যামুয়েল বার্থেড মিলনমেলা দলের বাংলাদেশে আসার প্রেক্ষাপট তুলে ধরেন। তাঁর কথা থেকে জানা গেল, মিলনমেলা একটি বহুজাতিক সাংস্কৃতিক দল। এই দলটি ২০ বছর ধরে ইউরোপসহ বিশ্বের নানা দেশে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরছে। বাংলাদেশে মিলনমেলার শিল্পীরা প্রথমবারের মতো এলেন। ১৬ সদস্যের সাংস্কৃতিক দলের নেতৃত্ব দিয়েছেন অবনী বিশ্বাস। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও স্থানীয় শিল্পী ও নাট্যকর্মীদের নিয়ে সেমিনার এবং কর্মশালাও করেছেন তাঁরা।অনুষ্ঠানের প্রথম পর্বে বাউল গান পরিবেশন করে শান্তিনিকেতনের বাউল দল। ‘সহজ মানুষ, ভজে দেখ নারে মন দিব্যজ্ঞানে’। বাউলদের এমন আহ্বান দর্শকহূদয়কে নাড়া দিয়েছে। বাউল গানের পরেই ছিল ছৌ-নাচ। অধর কুমারের নেতৃত্বে ছৌ নৃত্যশিল্পীরা দুর্গা, গণেশ ও কার্তিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। মাথায় ময়ূরপুচ্ছের শিরস্ত্রাণ ও মুখোশ পরে নেচেছেন ছৌশিল্পীরা। নাচের মাধ্যমে দুর্গার অসুরবধের দৃশ্যও ফুটিয়ে তুলেছিলেন তাঁরা। ছৌ-নাচের পর শুরু হলো গোটিপুয়া নাচ। ওডিশার মন্দির থেকে উদ্ভূত এই নাচের ঐতিহ্য হাজার বছরের। ওডিশি নাচ ও শারীরিক কসরতের সমন্বয়ে তৈরি এই নাচ দেখার সময় দর্শক চোখের পলকও ফেলতে ভুলে গিয়েছিলেন। কেরালার প্রাচীন মার্শল আর্টের রীতিতে গড়ে তোলা হয়েছে কালারিপায়াত্তু নাচ। শিল্পী অনিল বিশ্বাস এই নাচের বেশ কয়েকটি ধরন দেখালেন। আগুন নিয়ে খেলতে খেলতে হাওয়ায় অপরূপ দৃশ্যচিত্রও তৈরি করেছেন তিনি। জমকালো এই আসর যেভাবে শুরু হয়েছিল, ঠিক সেভাবেই শেষ হলো। বহুদিন স্থায়ী হবে এমন একটা স্মৃতি নিয়ে উৎসব প্রাঙ্গণ ছাড়লেন দর্শক।