বহু দূর যাওয়ার স্বপ্ন নিশীতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গান তো আমার আত্মায়, হূদয়ের স্পন্দনে। খাওয়ার সময়, চলার সময় এমনকি বাথরুমেও গান করি। এ জন্য মাঝে মাঝে বকাও খাই। কিন্তু পড়াশোনার চাপে এখন গানে তেমন সময় দিতে পারছি কই? নিয়মিত গলাসাধা আর হয় না।’ নিজের সাম্প্রতিক দিনগুলোর কথা আড্ডায় এভাবেই বলছিলেন ক্লোজআপ তারকা নিশীতা বড়ুয়া। তিনি ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি চট্টগ্রাম থেকে এমবিএ করছেন। বাবার চাকরির কারণে চট্টগ্রামেই থাকেন নিশীতা।নিশীতা নিজের অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল ছাড়াও বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন। সম্প্রতি কণ্ঠ দিয়েছেন পায়রা নামের একটি ছবিতে। এ ছাড়া নিয়মিত স্টেজ-শো তো আছেই। নিজের পড়ালেখার পাশাপাশি গানটা চালিয়ে যেতে একটু কষ্টই হয়। রেকর্ডিং ও প্রোগ্রামের জন্য প্রায়ই ঢাকায় যেতে হয় তাঁকে। সপ্তাহে দুটি দিন ক্লাস থাকে না। সেই দিন দুটি ঢাকায় গিয়ে এসব কাজ সারেন। এই যাওয়া আসার ধকল সইতে গিয়ে মাঝেমধ্যে সমস্যায়ও পড়তে হয়। তিনি বলেন, ‘হয়তো গান রেকর্ড করতে ঢাকায় যাচ্ছি দেখা গেল জার্নি করেই গলাটা বসে গেছে।’ শুভাকাঙ্ক্ষীরা তাই তাঁকে ঢাকাতেই স্থায়ীভাবে থাকার পরামর্শ দেন। কিন্তু আপাতত লেখাপড়ার কারণে তা সম্ভব হচ্ছে না।জীবনের নতুন কোনো অধ্যায় কি শুরু করতে যাচ্ছেন, মানে বিয়ে-শাদি? এই প্রশ্নের উত্তরে নিশীতার ঝটপট জবাব—‘বিয়ের কথা ভাবছি না। এখনো কি অতটা ম্যাচিউর হয়েছি? আরও চার-পাঁচ বছর পরে ভাবব। কিন্তু যখনই করি সেটা নিজের পছন্দেই করব।’ভবিষ্যতের স্বপ্ন নিয়ে নিশীতার ভাবনা কী? উত্তর দেওয়ার আগে কিছুক্ষণ ভাবলেন তিনি। বললেন, ‘আসলে আমি খুব অ্যাম্বিশাস, স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি। স্কুলে থাকতেই বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে গান করেছি। তখন দর্শক-শ্রোতারা আমার গান শুনত নিবিষ্ট মনে, তখন ভাবতাম যদি টিভিতে আমার গান প্রচার হতো। একদিন সেই সুযোগ এল। কিন্তু অন্য সহশিল্পীদের ভিড়ে আমি যেন হারিয়ে গেলাম। একটাতে আমার তৃষ্ণা মিটল না। আমার মনে হলো যদি নিয়মিত গাইতে পারতাম। এভাবে একটু একটু পাওয়া থেকে আমার চাওয়াটা দিনে দিনে বড় হতে থাকল।’ সেই চাওয়ার হাত ধরেই এগিয়েছেন নিশীতা। আর এই পথে হাঁটতে হাঁটতে ক্লোজআপ ওয়ান তারকা হয়ে ওঠা। শুধু কি গান নিয়েই স্বপ্ন দেখেন নিশীতা? না, আরও অনেক স্বপ্ন আছে তাঁর। বললেন, ‘পড়াশুনা শেষ করে ব্যবসা করব। এমবিএ করতে দেশের বাইরেও যেতে পারি।’ক্লোজাপ ওয়ানের পর দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতই গান গাওয়ার অনুরোধ আসে। গান গাইতে গিয়ে দেখা হয়ে গেছে বহু দেশ। অনেক অভিজ্ঞতাও জমা হয়েছে ঝুলিতে। তারই একটি শোনালেন তিনি। গত বছর নভেম্বরে কুয়েত এয়ার ওয়েজে যাচ্ছিলেন প্যারিস। মধ্যে যাত্রাবিরতি ছিল ইতালির রোমে। নিশিতা তা জানতেন না। গন্তব্যে পৌঁছে গেছেন মনে করে নেমে গেলেন ইতালিতে। তারপর শুরু হয় বিড়ম্বনা। রোমের বিমানবন্দরে কেউ না বোঝে বাংলা, না বোঝে ইংরেজি। সে এক নাটকীয় অভিজ্ঞতা। এক সময় বিমান বন্দরের কাছে এক বাঙালি ট্যাক্সি-চালকের দেখা পান। তিনি ছিলেন আবার তাঁর গানের ভক্ত। শেষ পর্যন্ত তিনিই নিশীতাকে গন্তব্য মানে প্যারিস পৌঁছানোর ব্যবস্থা করেন। সাফল্যের পাশাপাশি অতৃপ্তিও কম নয় তাঁর। তাঁর মতে ‘এখনো সে রকম গান গাইতে পারিনি যা মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। মনে হচ্ছে যা গাইছি তা প্রতিষ্ঠিত করতে পারছি না।’ প্রথমবার ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় ঝরে পড়েছিলেন। কিন্তু ভেঙে পড়েননি। এক বছর ওস্তাদ মিহির লালার কাছে গান শিখেছেন। করেছেন কঠোর সাধনা। যে বিচারকেরা তাঁকে ‘টোনাল কোয়ালিটি’ ভালো নয় বলেছিলেন তাঁরাই পরেরবার বললেন ‘তোমার টোনাল কোয়ালিটি অনেক ভালো।’ এভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি, যাবেনও। গানে গানে মানুষের হূদয়ে চিরদিনের জন্য ঠাঁই করে নেওয়ার স্বপ্ন তাঁর। সে স্বপ্ন কতদূর সত্যি হবে তা ভবিষ্যৎই বলতে পারে। তবে নিশীতা তাঁর লক্ষ্যে অবিচল। আত্মবিশ্বাসের জ্যোতি তাঁর চোখে মুখে।