এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেই আগামী দিনের পরিকল্পনা নিয়ে বসলাম। এর মধ্যে একদিন সাড়ে ১৮ হাজার ফুট উচ্চতায় অ্যাক্লাম্যাটাইজেশন হাইকিং করে আসা হলো। বেস ক্যাম্প থেকে একদিন দলবেঁধে সবাই যাত্রা শুরু করলাম অ্যাডভান্সড বেস ক্যাম্পের দিকে। এবিসির উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নিয়ে একদিন নর্থ কোলের দিকে যাত্রা করে প্রথম ক্রেভাস পর্যন্ত গিয়ে ঘুরে এলাম। উচ্চতার সঙ্গে শরীরের সাযুজ্য আনতে বেস ক্যাম্পে নেমে গেলাম সবাই। বিশ্রাম নিয়ে ফের চললাম এবিসির দিকে। পরদিন ঠিক ঠিক নর্থ কোলে গিয়ে হাজির। নর্থ কোলে এক রাত কাটাতে গিয়ে তুষারঝড়ে ডুবে গেলাম সবাই। বাধ্য হয়ে ফের এবিসিতে নেমে এলাম। শেরপাদের পরামর্শে আবারও বেস ক্যাম্পে নেমে গেলাম ভালো ভালো খাবার খেয়ে শরীরে শক্তি সঞ্চয় করতে।বেস ক্যাম্প থেকে তৃতীয়বারের যাত্রায় যখন এবিসি পৌঁছলাম, তত দিনে এভারেস্ট অভিযানে আবহাওয়ার চোখরাঙানিটাই ছিল সবচেয়ে বড় প্রতিবন্ধক। সেই সঙ্গে সেই উচ্চতায় শরীরকে কার্যক্ষম করতে গিয়েও বিস্তর বেগ পেতে হয়েছে। এভাবেই চলছিল সবকিছু।প্রায় দুই সপ্তাহ অপেক্ষার পর এল সেই বিশেষ দিন। কৈলাস আর লাকপাকে সঙ্গী করে ১৯ মে এবিসি থেকে চূড়ান্ত যাত্রা শুরু করলাম। মনে হলো যার জন্য এত দিনের তপস্যা, সেই এভারেস্টকে আলিঙ্গন করতে চলেছি। সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। একটা ঘোর লাগার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিলাম এবিসি থেকে নর্থ কোলে ক্যাম্প ওয়ানের দিকে। এবিসি থেকেই পর্বতারোহণের সব পোশাক পরে নিয়েছিলাম। ক্র্যাম্পন পয়েন্টে গিয়ে পর্বতারোহণের বাকি সব টেকনিক্যাল সরঞ্জাম পরে নিলাম। এরপর রংবুক গ্লেসিয়ারের ওপর দিয়ে হেঁটে জুমার পয়েন্টে গিয়ে শুরু হলো আইস ফেসে টেকনিক্যাল ক্লাইম্বিং। তিনটা ক্রেভাস পার হয়ে আড়াই ঘণ্টার মধ্যে পৌঁছে গেলাম ক্যাম্প ওয়ানে। এখান থেকে পরদিন ক্যাম্প টু যাওয়ার কথা থাকলেও তা বাতিল করতে বাধ্য হয়েছিলাম ক্যাম্প ওয়ানের সবাই। আসলে শুরু হয়েছিল ‘ব্লিজার্ড’। বাতাসের দিক বুঝতে গিয়ে ঘেমে উঠছিলাম সবাই সেই ঠান্ডার মধ্যেই। এই ২০ মে প্রায় ১২টা তাঁবু তছনছ হয়ে গেল। নিজেদের তাঁবু বাঁচাতে লাল বাহাদুর, কৈলাস, লাকপা আর আমি তাঁবুর মধ্যে ঢুকে হাত দিয়ে পুরোনো ভবনকে গাছের গুঁড়ি দিয়ে ঠেকা দেয় যেভাবে, সেভাবে ঠেকা দিলাম। একসময় তাঁবু থেকে বের হলে দেখলাম যে চোখের সামনে দিয়ে উড়ে গেল দুইটা তাঁবু। সব মিলিয়ে পরিস্থিতি বোঝা দায় হয়ে পড়েছিল। মনের ওপর দিয়ে যেন ঝড় বয়ে গেল এদিন।কৈলাস জানাল, যদি পরিস্থিতি পরদিনও একই রকম থাকে, তাহলে নিচে এবিসিতে নেমে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। মনে মনে তখন আল্লাহকে স্মরণ করছি আর ভাবছি যে ঠিক এভাবে, একেবারে এত কাছ থেকে কি নেমে যেতে হবে? ব্যর্থ হয়ে ফিরব এই অভিযান থেকে?২১ মে আল্লাহ সহায় হলেন। সকাল নয়টার দিকে প্রকৃতি তার তাণ্ডব কমিয়ে আনল পুরোপুরি। যেন সমুদ্রসৈকতে হালকা বাতাসের ঝাপটা এসে লাগছে, এমন বাতাস। কৈলাস এসে বলল, ‘মুসা, তৈরি হয়ে নাও। আমরা রওনা হব ক্যাম্প টুর দিকে, এখনই।’ আবারও বিদ্যুৎ খেলে গেল শরীরে। দ্রুত প্রস্তুত হয়ে ফিক্স রোপে জুমার ক্লাইম্বিং করে নর্থ কোলের সিডব্লিউএম ধরে এগিয়ে চললাম ২৩ থেকে ২৫ হাজার ফুটের ক্যাম্প টুর দিকে। এ দিন থেকে শুরু হলো অক্সিজেনের ব্যবহার, প্রতিঘণ্টায় আধ লিটার হারে। ক্রমাগত আরোহণ করে ক্যাম্প টুতে পৌঁছলাম বেলা আড়াইটার দিকে। পৌঁছেই বিশ্রাম, পানি আর চা পান, বিস্কুট, চিঁড়া আর চকলেট খাওয়া চলল। এসব করে সন্ধ্যার মধ্যেই ঘুমিয়ে পড়লাম।২২ মে সকালে উঠেই বিপত্তি। ঠান্ডায় হাত জমে গেল। ফলে আইসবুট পরার পর সেটায় আর ক্র্যাম্পন লাগাতে পারলাম না। কৈলাসকে সহায়তা করতে বলতেই যেন সে খেপে উঠল, বলল, ‘এই ঠান্ডাই সহ্য করতে পারো না, তাহলে আরও ওপরে এর চেয়ে বেশি ঠান্ডা সহ্য করবে কীভাবে? যাও, বাসায় ফিরে যাও।’ শুনে বুঝলাম যে তাকে অক্সিজেন সমস্যায় ধরেছে। তাই ধৈর্য ধরতে না পেরে এমন হঠাৎ ক্ষেপে উঠছে। বললাম, কৈলাস, যদি চাও যে আমি ওপরের দিকে যাই, তাহলে রাগ না করে এসো ক্র্যাম্পনটা লাগিয়ে দাও। এবার সে একটু সুস্থির হয়ে ক্র্যাম্পন লাগিয়ে দিল। এদিন অক্সিজেন ব্যবহার করছিলাম এক লিটার প্রতি ঘণ্টা হারে।এরপর একটানা ক্লাইম্বিং। একপর্যায়ে সবাইকে অতিক্রম করে সবার আগে গিয়ে পৌঁছালাম ক্যাম্প থ্রিতে—২৭ হাজার ফুট উচ্চতায়। আমার ক্লাইম্বিং দেখে কৈলাস খুশি। সে বলল, মুসা, তুমি যদি এভাবে ক্লাইম্ব করতে পারো, তাহলে এভারেস্ট জয় আর খুব বেশি দূরে নয়—এটা সময়ের ব্যাপার মাত্র। শুনে সব রোম খাড়া হয়ে গেল। ভাবলাম বলে কি!সিদ্ধান্ত ছিল, রাত আটটার দিকে চূড়ান্ত সামিট পুশ শুরু হবে। সন্ধ্যা ছয়টা থেকে সেই প্রস্তুতি নিতে শুরু করলাম। মাথায় ক্যাপ, গায়ে ফুলস্লিভ বিশেষ জামা ও ট্রাউজার, হাতে গ্লাভস, পায়ে বিশেষ মোজা—সবকিছুই অতিরিক্ত এক স্তর করে গায়ে চড়ালাম। একসময় এসে গেল সেই বিশেষ ক্ষণ। পায়ে এবার নিজেই আইসবুট আর ক্র্যাম্পন চড়িয়ে চললাম চূড়ান্ত গন্তব্যে। চারদিক সুনসান। শুধু পর্বতারোহীদের ফিক্স রোপে ক্লাইম্ব করার সময় পাথরে ক্র্যাম্পন ঘষা খাওয়ার আওয়াজ আসছিল একটানা।প্রথমেই ক্যাম্প থ্রি থেকে পর্বতের ঢাল বেয়ে সামিট রিজে উঠে যাওয়া। এরপর ক্লাইম্বিংটা সহজ। কিন্তু সেটাই কঠিন হয়ে এল সেকেন্ড স্টেপে। সেটা ছিল প্রায় ৩০ ফুট খাড়া পর্বতের পাথুরে দেয়াল। এটার শেষ পাঁচ ফুট পার হতে গিয়ে অক্সিজেন টিউব ফুটো হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেলাম যেন। কিন্তু আল্লাহ সহায় ছিলেন। কৈলাস আর খাত্রা দর্জি সেই ফুটো সারিয়ে দিয়ে অক্সিজেন চলাচল নিশ্চিত করল। এরপর টানা ক্লাইম্ব করে পৌঁছে গেলাম এভারেস্ট চূড়ায়। কিছুক্ষণ চলল একে অপরকে অভিনন্দন জানানো। এরপর সেখানে ওড়ালাম বাংলাদেশের লাল-সবুজ পতাকা। পূরণ হলো স্বপ্ন। বাংলাদেশকে এভারেস্টজয়ী দেশ হিসেবে পরিণত করার স্বপ্ন। নিজের লক্ষ্যে পৌঁছার স্বপ্ন। চ্যালেঞ্জ জয়ের স্বপ্ন। (শেষ)প্রথম বাংলাদেশি হিসেবে গত বছরের ২৩ মে পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয় করেছিলেন মুসা ইব্রাহীম। এরপর স্বপ্ন নিয়ে পাতায় তিনি এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি লিখেছেন ধারাবাহিকভাবে। প্রায় বছরজুড়ে প্রকাশিত তাঁর ‘পাহাড় ছোঁয়ার গল্প’-এর শেষ পর্ব ছাপা হলো আজ। আগামী ২৩ মে মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে আমাদের অভিনন্দন।—বি.স.