বহু প্রতীক্ষিত নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফটিকছড়ি পৌরসভার নির্বাচন। একটি রিট আবেদনের পর ১৭ সেপ্টেম্বর পৌর নির্বাচন স্থগিত করে রায় দিয়েছিল হাইকোর্ট। যে কারণে ২০ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে ফটিকছড়ির পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি এই রায়ের বিরুদ্ধে একজন প্রার্থী আপিল করলে উচ্চ আদালত হাইকোর্টের রায় আট সপ্তাহের জন্য স্থগিত করে। এরপর স্থগিত হওয়া নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, ৬ অক্টোবর পৌর নির্বাচনের ভোটগ্রহণ হবে।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশের ভ্রাম্যমাণ দল মাঠে থাকবেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সবুর প্রথম আলোকে বলেন, ‘১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেখানে পর্যাপ্তসংখ্যক পুলিশ চেয়েছি। আশা করছি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’ জানা গেছে, নির্বাচন কমিশন গত ৬ আগস্ট ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী গত ২০ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পৌর এলাকা রাঙ্গামাটিয়ার মেয়র প্রার্থী মো. ইদ্রিস রায়হান ও ধুরুং এলাকার কাউন্সিলর প্রার্থী নুরুল আলম ভোটার তালিকা হালনাগাদ করে সেখানে নির্বাচন দেওয়ার দাবি তুলে উচ্চ আদালতে একটি রিট করেন। আদালত শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর ওই নির্বাচন স্থগিত ঘোষণা করে। আদালতের নির্দেশে নির্বাচন কমিশন ২৫ সেপ্টেম্বর থেকে সেখানে ভোটার তালিকা হালনাগাদের কাজও শুরু করে। এরপর উচ্চ আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে অপর এক মেয়র প্রার্থী এম সিরাজুল ইসলাম সুপ্রিম কোর্টে আপিল করেন। ১৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শুনানি শেষে হাইকোর্টের ওই আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে। ফলে, নির্বাচন কমিশন ৬ অক্টোবর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে স্থগিত হওয়া পৌরসভার নির্বাচন পুনরায় অনুষ্ঠানের আদেশ দেয়।পৌর এলাকার সাধারণ ভোটার, প্রার্থী, কর্মী ও সমর্থকেরা উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণায় অংশ নেন। প্রতিটি বাড়িতে গিয়ে প্রার্থীরা ভোট চাইছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, ‘ইতিপূর্বে দেওয়া আদালতের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আট সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। ফলে কমিশন পুনরায় নির্বাচনের নির্দেশ প্রদান করেন। এখন পুরোদমে নির্বাচনের প্রস্তুতিও চলছে।’