বহু স্বপ্ন ছিল পাঠাগারটি ঘিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড গণপাঠাগারে ভবন, বইয়ের শেলফ সবই আছে। নেই শুধু প্রয়োজনীয় বই। দ্বিতল পাঠাগারের অধিকাংশ বইয়ের শেলফই শূন্য। দৈনিক পত্রিকা রাখা হয় মাত্র তিনটি। এ কারণে পাঠাগারে পাঠকের সংখ্যা দিন দিনই কমে যাচ্ছে। অথচ এই গণপাঠাগারটিই বদলে দিতে পারে সীতাকুণ্ডকে।২০০৪ সালের ১৩ ডিসেম্বর সীতাকুণ্ড পৌরসভার পাশেই এ ভবনটি নির্মাণ করা হয়। নতুন দোতলা গণপাঠাগার ভবন দেখে আশান্বিত হয়েছিল উপজেলার বাসিন্দারা। পাঠাগারটি শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও জ্ঞানপিপাসুদের তীর্থকেন্দ্র হয়ে উঠবেমম—এমন স্বপ্ন দেখেছিলেন অনেকেই। কিন্তু নির্মাণের সাত বছরের বেশি সময় পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ রূপ পায়নি পাঠাগারটি। পাঠাগারের ৬৮টি বইয়ের শেলফে ৮৫ হাজার বই রাখা যাবে, তবে এখন বই আছে মাত্র এক হাজার ৩৫২টি।পাঠাগারে প্রতিদিন গড়ে ৭০ জন পাঠক আসেন, যাঁদের পড়ার জন্য সব মিলিয়ে চেয়ার আছে ৭৫টি, টেবিল আছে ১৪টি। দৈনিক পত্রিকা রয়েছে দুটি এবং আঞ্চলিক পত্রিকা একটি। এই পাঠাগারে একজন গ্রন্থাগারিক ও একজন তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করছেন অস্থায়ীভাবে।সম্প্রতি সরেজমিনে পাঠাগারে গিয়ে দেখা গেছে, ২০-২৫ জন পাঠক পাঠাগারে পড়তে এসেছেন। অধিকাংশ পাঠকের ভিড় পত্রিকার টেবিলে। স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও দেখা গেল পাঠাগারে ঘোরাফেরা করতে। এদের একজন জানাল পাঠাগারে ভালো বই নেই। তাই মাঝেমধ্যে ঘুরতে এলেও বই পড়তে আসে না।পাঠাগারের সিলিং ফ্যানগুলোর অধিকাংশই নষ্ট। এ ছাড়া নেই প্রয়োজনীয় টেবিল ও চেয়ার। শৌচাগারও অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। তবে মূল সমস্যাটি হলো, প্রয়োজনীয় বইয়ের অভাব। সাহিত্য, বিভিন্ন লেখকের রচনাবলি এবং ইতিহাস, দর্শন, বিজ্ঞান, গণিত ইত্যাদি বিষয়ের ভালো বই নেই পাঠাগারে। পাঠকদের দাবি, এসব বিষয়ের বই দ্রুত সংগ্রহ করে বইয়ের তাকে তোলা হোক। পাশাপাশি আরও চারটি দৈনিক পত্রিকা ও জনপ্রিয় সাময়িকীগুলো রাখা উচিত বলে মনে করেন তাঁরা। কয়েকজন পাঠক মনে করেন, নিত্যনতুন তথ্য জানার জন্য ইন্টারনেটসেবার ব্যবস্থাও করা উচিত। এ জন্য পাঠাগারে কম্পিউটার কর্নারও খোলা যেতে পারে বলে তাঁদের অভিমত। পাঠাগারে নিয়মিত পড়তে আসেন কামরুল হাসান। তিনি জানান, উপজেলার শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করতে পারত এ গণপাঠাগারটি। তেমন স্বপ্ন থেকেই এর প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় বইয়ের অভাবে পাঠাগারটি পাঠকদের কোনো কাজে আসছে না। গ্রন্থাগারিক আমজাদ হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা পরিষদকে বই-স্বল্পতার কথা জানানো হয়েছে। শিগগিরই কিছু বইয়ের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তাঁরা।