বহুতল ভবনের জন্য কাটা পড়ল শতবর্ষী দুটি গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরের ডিসির বাংলো এলাকায় হাইওয়ে সড়কে কেটে ফেলা মেহগনি গাছ। ছবিটি গত বৃহস্পতিবার সকালে তোলা   সুপ্রিয় চাকমা
রাঙামাটি শহরের ডিসির বাংলো এলাকায় হাইওয়ে সড়কে কেটে ফেলা মেহগনি গাছ। ছবিটি গত বৃহস্পতিবার সকালে তোলা সুপ্রিয় চাকমা

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই শতবর্ষী দুটি মেহগনি গাছ কাটা পড়ল রাঙামাটি জেলা প্রশাসন ও বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখের সামনে।
শহরের রিজার্ভমুখ এলাকার ডিসির বাংলো সড়কে একটি বহুতল ভবন নির্মাণের সুবিধার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার গাছ দুটি কেটে ফেলেছেন বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন। গাছগুলো সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বলে জানা গেছে।

গাছগুলো কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বয়স্ক ব্যক্তি বলেন, ‘গাছগুলোর বয়স দেড় শ বছরের কম হবে না। আমরা ছোটবেলা থেকে এই গাছগুলো দেখে আসছি। গাছগুলো কেটে ফেলায় আমরা খুব দুঃখ পেয়েছি।’
জানা গেছে, গত মঙ্গলবার মো. জাহাঙ্গীর কামাল নামের একজন ঠিকাদার কয়েকজন শ্রমিক দিয়ে গাছগুলো কাটিয়েছেন। গাছ দুটির নিচে ওই ঠিকাদারের একটি বহুতল ভবন নির্মাণাধীন।

গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, জেলা প্রশাসক ও পার্বত্য চট্টগ্রাম উত্তর বিভাগীয় বন কর্মকর্তার বাসভবন থেকে প্রায় সাড়ে তিন শ গজ এবং অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) বাসভবনের মাত্র ১০ গজের মধ্যে কাটা পড়া গাছগুলোর অবস্থান। কিন্তু গাছগুলো কাটার সময় কাউকে বাধা দিতে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

যোগাযোগ করা হলে ঠিকাদার মো. জাহাঙ্গীর কামাল গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘গাছ দুটি কাটার জন্য সড়ক ও জনপথ বিভাগে আবেদন করেছি। গাছগুলোর ডালপালা মরে যাচ্ছে এবং অনেক আগাছা জমায় এগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। গাছগুলো কাটলে যে এত হইচই হবে আমি জানতাম না। এর আগে আমি ওই স্থানে অনেক গাছ লাগিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে সওজের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, ‘আবেদন পাওয়ার পর একজন উপসহকারী প্রকৌশলীকে তদন্তের নির্দেশ দিয়েছিলাম। কিন্তু তদন্তের আগেই গাছগুলো কাটা হয়েছে।’ গাছ দুটি সওজের মালিকানাধীন বলে নির্বাহী প্রকৌশলী জানান।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) হোসাইন মুহাম্মদ নিশাদ বলেন, গাছ কাটার খবর পেয়ে বন বিভাগ থেকে তদন্তের জন্য লোক পাঠানো হয়েছিল। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
ডিএফও জানান, ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের গাছ কাটার জন্য উপজেলা বা জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির অনুমোদন নিতে হয়। কিন্তু ওই দুটি গাছ কাটার জন্য কেউ কমিটিতে আবেদন করেননি।