>কথা বলার শুরুটাই হয় নিজের মায়ের ভাষা দিয়ে। বড় হতে হতে অন্যান্য ভাষাও শেখে মানুষ। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শিখতে হয়। এ ছাড়া কাজের প্রয়োজনে কিংবা নিজের ইচ্ছায় ফরাসি, জার্মান, জাপানিজ, আরবি, স্প্যানিশও শেখেন অনেকে। রুপালি পর্দায়ও এমন অনেক তারকা আছেন, যাঁরা একাধিক ভাষা জানেন। ভিনদেশি ভাষায় গানও গাইতে পারেন। একাধিক ভাষার চর্চা করেন এমন কজন তারকার কথা থাকছে আজ।

আবিদা সুলতানা
বাংলাসহ ৩৫টি ভাষায় গান গাইতে পারেন সংগীতশিল্পী আবিদা সুলতানা। কোরিয়ান, জাপানিজ, জার্মান, চীনা, ইংরেজি—সব ভাষার গানই আছে তাঁর দখলে। তবে বাংলা গান গাইতে সবচেয়ে ভালো লাগে তাঁর। এর বাইরে রুশ ও আরবি গান গাইতে পছন্দ করেন।

নাটালি পোর্টম্যান
ব্ল্যাক সোয়ান চলচ্চিত্রে মানসিক বিষাদগ্রস্ত এক ব্যালে নৃত ড্যান্সারের ভূমিকায় অভিনয় করে জিতে নেন অস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর জন্ম জেরুজালেমে। তাই জন্মসূত্রেই প্রাচীন হিব্রুই তাঁর প্রথম ভাষা। পারিবারিক পরিমণ্ডলে হিব্রুতেই কাজ সারেন নাটালি। কিন্তু হলিউডে অভিনয়ের সময়ে তিনি ইংরেজিতেই স্বচ্ছন্দ।
কিন্তু এই দুটি ভাষা ছাড়াও নাটালি ফরাসি, জার্মান, আরবি ও জাপানিজেও সমান পারদর্শী। বহুভাষী এই অভিনেত্রী বলেন, ‘ছোটবেলা থেকেই আমার শখ ছিল বিভিন্ন ভাষা শেখা। হয়তো কিছুটা হলেও আমি তা অর্জন করতে পেরেছি!’

শাহরুখ খান
হিন্দি ছাড়াও বর্তমানে কিং খান তামিল ভাষাটা ভালোমতো শিখে নিচ্ছেন। অবশ্য তিনি তামিল শিখেছেন চেন্নাই এক্সপ্রেস চলচ্চিত্রে অভিনয়ের সময়েই। তবে শুটিংয়ের সময়ে খুঁটিনাটি ভুল বলেই যাচ্ছিলেন। তাই নিজের ওপর বিরক্ত হয়ে অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তামিল ভাষা রপ্ত করার। এ ছাড়া কিং খান কিন্তু টুকটাক বাংলাও বলতে পারেন।

প্রিয়াঙ্কা চোপড়া
সম্প্রতি বলিউড থেকে হলিউডেই তাঁকে বেশি দেখা যাচ্ছে। শুরুটা হয়েছিল পিটবুলের সঙ্গে ইংরেজি গানের মাধ্যমে। এই ভাষায় নিজের গানের অ্যালবামও আছে তাঁর। পাশাপাশি ইংরেজি ধারাবাহিকে অভিনয় তো আছেই।
তবে ইংরেজির পাশাপাশি প্রিয়াঙ্কা তেলেগু ভাষাও বলতে পারেন। জাঞ্জির চলচ্চিত্রে অভিনয়ের সময়ে সরাসরি এই ভাষাতেই সংলাপ বলেছেন তিনি। তাই তিনি বেশ কষ্ট করেই এই ভাষাটা আয়ত্ত করেছিলেন।

সালমা হায়েক
মেক্সিকান এই সুন্দরীর ফ্রিডা চলচ্চিত্রের কথা মনে আছে? যেখানে শিল্পী ফ্রিডা কাহলোর চরিত্রে অভিনয় করে নিজের ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তোলেন তিনি। হ্যাঁ, সালমা হায়েকের কথাই বলা হচ্ছে। হলিউডে পেয়েছেন অনেক স্বীকৃতি। আর স্বাভাবিক কারণেই নিজ মাতৃভাষা স্প্যানিশের সঙ্গে ইংরেজিটাও তাকে রপ্ত করতে হয়েছে বেশ ভালো করেই।
ফ্রিডা চলচ্চিত্রে তার পরিষ্কার ইংরেজি উচ্চারণ ছিল অনেকের জন্যই বিস্ময়ের কারণ।
এ তো গেল শুধু ইংরেজিতে দক্ষতার কথা, সালমা হায়েক কিন্তু অনায়াসেই পর্তুগিজ ও আরবি ভাষাতেও কথোপকথন চালিয়ে যেতে পারেন।

লিওনার্দো ডিক্যাপ্রিও
যদিও তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বড় হয়েছেন, তারপরও ঘরে ছিল একজন জার্মান ভাষাবিদ। আর তিনি হলেন ডিক্যাপ্রিওর মা। ডিক্যাপ্রিওর অনেক আত্মীয়ই আছেন, যাঁরা এখনো জার্মানিতে রয়ে গেছেন। সেই সুবাদে প্রায়ই তাঁকে পাড়ি দিতে হয় সেখানে। আর কথোপকথনের জন্য তো জার্মান ভাষাই সেখানে একমাত্র ভরসা।

শাকিরা
কলম্বিয়ায় জন্ম নেওয়া এই সংগীতশিল্পীর মাতৃভাষা স্প্যানিশ। কিন্তু তার বহু অ্যালবাম রয়েছে ইংরেজিতে। ইতালীয়, পর্তুগিজ, ফরাসি ও ক্যাটালান ভাষাতেও (ইন্দো-ইউরোপীয় ভাষা) তিনি বেশ দক্ষ। তাই গানের জগতে তাঁর হাতেখড়ি হয় স্প্যানিশ ও ক্যাটালান ভাষা দিয়েই। তাঁর বেশ কয়েকটি অ্যালবামও রয়েছে এই দুটি ভাষায়।
শাকিরার নাকি সংগীতজগৎ ছাড়াও বেশ আগ্রহ রয়েছে ইতিহাস এবং বিভিন্ন ভাষার জগতে। তাই তিনি নতুন কোনো দেশে গেলেই সেখানকার ভাষা শিখতে খুব আগ্রহী থাকেন। শাকিরা ভেবেছেন তাঁর পাঁচ বছরের ছেলে মিলানকেও অন্তত পাঁচটি ভাষা শেখাবেন। মিলান নাকি এখনই তাঁর মা ও বাবার স্প্যানিশ ও ক্যাটালান ছাড়াও রাশান, চীনা, ফরাসি ভাষা চর্চা করছে। আর এ জন্য ছোট মিলানকে নিত্যদিন ভাষার স্কুলেও যাতায়াত করতে হচ্ছে।
গ্রন্থনা: নাদিয়া নাহরিন
সূত্র: বলিউড সেলেবডেন ডট কম, ডিট্রান্সলেশন ডট কম