বহুরূপী গাদ্দাফি
আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্যক্তি গাদ্দাফি। অনেকেই ভেবেছিলেন, পাশ্চাত্যের ‘ওডিসি ডন’ অভিযান শুরু হওয়ার পরই লিবিয়ার দীর্ঘদিনের এ স্বৈরশাসকের প্রতিরোধ ভেঙে পড়বে। মানে মানে সম্মানজনক সমাধানের পথ খুঁজবেন তিনি। অন্তত এ পর্যন্ত যা মনে হচ্ছে, তাতে সে আশার গুড়ে বালি। পশ্চিমের বিমান আর ক্ষেপণাস্ত্র হামলা গাদ্দাফির বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুর দফারফা করলেও বিভিন্ন জনপদে সাধারণ মানুষকে ঘিরে রাখা সরকার-অনুগত সেনাদের কিছু করতে পারছে না। বেসামরিক প্রাণহানি এড়িয়ে গাদ্দাফির বাহিনীকে ঘায়েল করতে দৃশ্যত এখন দরকার স্থলসেনা। কিন্তু পদাতিক সেনা পাঠানোর মতো স্পর্শকাতর উদ্যোগ নিতে রাজি নয় পাশ্চাত্য। অন্যদিকে, যথাযথ অস্ত্র-সরঞ্জাম, প্রশিক্ষিত লোকবল আর নেতৃত্বের অভাবে বিদ্রোহীরাও বিশেষ সুবিধা করতে পারেনি। সব মিলিয়ে ফলাফল, এই মুহূর্তে লিবীয় ফ্রন্টে এক ধরনের অচলাবস্থা।এটা পরিষ্কার, সাদ্দাম হোসেনের তুলনায় গাদ্দাফির রণসম্ভার নগণ্য হলেও তাঁর প্রতিরোধ পশ্চিমা জোটের হামলার মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়েনি। তাঁর এ সাফল্যের কারণ, একাধারে কুশলী হিসাব-নিকাশ, আর পশ্চিমা অভিযানের সীমাবদ্ধতা। আন্তর্জাতিক রাজনীতিতেও কুশলী খেলোয়াড় হিসেবেই পরিচিত ছিলেন মুয়াম্মার গাদ্দাফি। কিন্তু এতটা কি কেউ আশা করেছিলেন? ‘চাপিয়ে দেওয়া’ যুদ্ধকে বহু বছর টেনে নেওয়ার হুমকি দিয়েছেন লিবীয় নেতা। তা কতটা বাস্তবসম্মত, এখনই নিশ্চিত করে বলা মুশকিল। কিন্তু পাশ্চাত্যের রণনায়ক আর গাদ্দাফি বিশেষজ্ঞরা যে নতুন করে ভাবতে বসেছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শেষ পর্যন্ত তাই গাদ্দাফিচরিতই প্রধান আলোচ্য হয়ে ওঠে। আর তা হয়তো কখনোই পুরোনো হওয়ার নয়। মুয়াম্মার গাদ্দাফির মতো বিচিত্র চরিত্রের ব্যক্তিত্বকে বর্ণনা করা কঠিন। কয়েক দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর পদচারণের ধরন এতটাই অনন্য ও ধারণাতীত যে বহুল ব্যবহূত ইংরেজি ‘ম্যাভেরিক’ অথবা ‘খামখেয়ালি’ শব্দদ্বয় তাঁকে সামান্যই বর্ণনা করতে পারে। গাদ্দাফি তাঁর শাসনামলে বিপ্লবের নায়ক থেকে আন্তর্জাতিক অঙ্গনে অস্পৃশ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। সেখান থেকে কূটনৈতিক দক্ষতার বলে আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত অংশীদার হিসেবে উত্তরণ ঘটাতে পেরেছিলেন। সেই অবস্থান থেকে আবারও পরিণত হয়েছেন অস্পৃশ্যে। গাদ্দাফির নিজস্ব রাজনৈতিক দর্শন রয়েছে। তিনি সবুজ বই নামে একটি বইতে এর পরিচয় দিয়েছেন। প্রণেতার ধারণা, বইটি প্রভাব বিস্তারের ক্ষমতায় প্লেটো, লক ও মার্কসের ঔজ্জ্বল্য ম্লান করে দিতে সক্ষম।বিচিত্র পোশাক বোধ, দেশের সর্বময় কর্তা হয়েও সময়ে সময়ে মরুতে তাঁবুবাস বা নারী দেহরক্ষী নিয়োগের মতো ভিন্ন রকম জীবনাচরণ ছাড়াও স্পষ্টবাদী বক্তব্য ও প্রথাবিরোধী আচরণের জন্য আলোচিত হয়েছেন গাদ্দাফি। সম্প্রতি একজন আরব ভাষ্যকার ‘মধ্যপ্রাচ্যের রাজনীতির পিকাসো’ হিসেবে বর্ণনা করেছেন তাঁকে।তবে শিল্পী পিকাসোর ব্লু, রোজ বা কিউবিস্ট পিরিয়ডের স্থলে তাঁর পর্বগুলোকে বিভক্ত করতে হবে প্যান আরব, ইসলামপন্থী ও প্যান-আফ্রিকান—এ ধরনের পর্বে।১৯৬৯ সালের উন্মাতাল দিনগুলোয় (যখন তিনি রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন) আর সত্তরের দশকের গোড়ার দিকে গাদ্দাফিকে দেখা হতো সুদর্শন আর মোহনীয় এক তরুণ সেনা কর্মকর্তা হিসেবে।মিসরের প্রেসিডেন্ট গামাল আবদুল নাসেরের অনুরাগী গাদ্দাফিও তাঁর মতো একই পদমর্যাদা গ্রহণ করেন। অভ্যুত্থানের পর নিজেকে ক্যাপ্টেন থেকে উন্নীত করেন কর্নেল পদে। নাসেরের জন্য আবেগের বিষয় ছিল সুয়েজ খাল, গাদ্দাফির ক্ষেত্রে তা হলো তেল। তেলশিল্পে বিদেশি আধিপত্যের ‘অন্যায্য অর্থনৈতিক উত্তরাধিকার’ ভেঙে দেওয়াকে তিনি বেছে নেন প্রথম লক্ষ্য হিসেবে।১৯৫০-এর দশকের শেষের দিকে লিবিয়ায় তেলের উল্লেখযোগ্য মজুদ আবিষ্কৃত হয়। তেল ওঠানোর নিয়ন্ত্রণ ছিল পুঁজি আর প্রযুক্তির মালিক বিদেশি কোম্পানিগুলোর হাতে। নিজ দেশের ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে তেলের দাম নির্ধারণ করত তারা। তেল বিক্রির আয়ের অর্ধেকই চলে যেত বিদেশি কোম্পানিগুলোর কাছে।গাদ্দাফি বিদেশি তেল কোম্পানিগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি পুনর্মূল্যায়নের দাবি তোলেন। তিনি হুমকি দেন, তেল কোম্পানিগুলো এতে রাজি না হলে উৎপাদন বন্ধ করে দেওয়া হবে। বিদেশি তেল নির্বাহীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নতুন লিবীয় নেতা বলেন, ‘যে মানুষ তেল ছাড়া পাঁচ হাজার বছর টিকে থাকতে পেরেছে, সেই মানুষ নিজের বৈধ অধিকার আদায়ের জন্য তেল ছাড়া কয়েক বছর কাটাতে পারবে।’গাদ্দাফির এই কৌশল কাজ দেয়। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে লিবিয়াই প্রথম দেশ, যে নিজের তেলের উৎপাদন থেকে বেশির ভাগ আয় দেশে রাখতে সক্ষম হয়েছে। পরে অন্যান্য দেশও এই নজির অনুসরণ করে এবং আরব বিশ্বের তেলকেন্দ্রিক দেশগুলোতে সত্তরের দশকে এর রমরমা শুরু হয়।রাজনৈতিক তাত্ত্বিকক্ষমতায় গিয়ে অনেকের কাছেই জনপ্রিয় আরব জাতীয়তাবাদের ধারা আঁকড়ে না ধরে বা উপসাগরীয় দেশগুলোর মতো ভোগবাদী পথে না গিয়ে নিজের সহজাত চটপটে চরিত্রের দ্বারা পরিচালিত হয়েছিলেন গাদ্দাফি। তাঁর নেতৃত্বে লিবিয়া বেছে নেয় একটি নতুন পথ।১৯৪২ সালে যাযাবর বেদুইন মা-বাবার ঘরে জন্ম গাদ্দাফির। তিনি নিশ্চিতভাবেই বুদ্ধিমান ও সমৃদ্ধ একজন মানুষ। তবে কোরআন পড়া শেখা এবং সামরিক প্রশিক্ষণ ছাড়া বিশদ আনুষ্ঠানিক পড়াশোনা তিনি করেননি। কিন্তু তা সত্ত্বেও সত্তরের দশকের শুরুর দিকে নিজেকে তিনি শীর্ষস্থানীয় একজন রাজনৈতিক দার্শনিক হিসেবে উপস্থাপনের ক্ষেত্র প্রস্তুত করেন। ওই সময় একটি মতবাদের জন্ম দেন গাদ্দাফি। এর নাম দেওয়া হয় ‘তৃতীয় সর্বজনীন তত্ত্ব’। তাঁর বিখ্যাত সবুজ বইয়ে এই তত্ত্বের রূপরেখা তুলে ধরা হয়।গাদ্দাফির দাবি, তাঁর তত্ত্ব বিশ্বকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিপ্লবের পথে আনতে এবং সর্বত্র নির্যাতিত মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে পুঁজিবাদ ও সাম্যবাদের সহজাত অসংগতি দূর করেছে। সমালোচকদের মতে, বাস্তবে লিবীয় নেতার এ তত্ত্ব মেধাহীন গালমন্দের দীর্ঘ পাঁচালির বেশি কিছু নয়। দুঃখজনক হচ্ছে, যে তত্ত্ব দিয়ে কায়েমি স্বার্থবাদী রাজনীতির শিকল ভাঙার কথা বলেছিলেন গাদ্দাফি, তা-ই তিনি ব্যবহার করেছেন গোটা জাতিকে দমিয়ে রাখতে। কর্নেল গাদ্দাফির তত্ত্বের ফলাফল হিসেবে লিবিয়ায় সুশীল সমাজ ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক অংশগ্রহণসহ অনেক কিছুই ক্রমে বিলুপ্ত হয়ে যায়।বিদেশে রোমাঞ্চ অভিযানগাদ্দাফি বিশ্বজুড়ে নানা কায়দায় তাঁর সাম্রাজ্যবাদবিরোধী প্রচারণা চালিয়ে গেছেন। বিশ্বের অনেক জঙ্গিগোষ্ঠী ও প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন এবং সেগুলোকে অর্থ দিয়ে সহায়তা করেছেন তিনি। বাংলাদেশে ফ্রিডম পার্টির মতো দলের প্রতিষ্ঠা হয়েছিল তাঁরই প্রত্যক্ষ সহায়তায়।বিদেশে স্বেচ্ছাই নির্বাসনে চলে যাওয়া লিবীয় নাগরিকদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন কর্নেল গাদ্দাফি। নির্বাসিত অনেক লিবীয়কে হত্যা করা হয়েছে। ধারণা করা হয়, লিবীয় গোয়েন্দা সংস্থার বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই এ কাজ করেছেন। ১৯৮৬ সালে বার্লিনে মার্কিন সেনারা যাতায়াত করত, এমন একটি নৈশ ক্লাবে বোমা হামলার জন্য লিবিয়ার গোয়েন্দাদেরই দায়ী করা হয়। ওই হামলায় দুই সেনা ও এক বেসামরিক লোক নিহত এবং অনেকে আহত হয়। এর প্রতিশোধ নিতে ত্রিপোলি ও বেনগাজিতে বিমান হামলার নির্দেশ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।১৯৮৮ সালে স্কটল্যান্ডের ছোট শহর লকারবির আকাশে প্যান-অ্যাম এয়ারলাইনের বিমান উড়িয়ে দেওয়া ছিল আরেকটি উল্লেখযোগ্য ঘটনা। ওই হামলার জন্য সন্দেহভাজন দুই লিবীয়কে প্রথমে ব্রিটিশ বিচারব্যবস্থার হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান গাদ্দাফি। এতে লিবিয়ার ওপর নেমে আসে জাতিসংঘের অবরোধের খাঁড়া। শেষ পর্যন্ত দুই সন্দেহভাজন ব্যক্তিকে বিচারের জন্য হস্তান্তরের পর অবরোধের অবসান ঘটে। বিচারে দোষী সাব্যস্ত আবদেল বাসেত আলী আল-মেগরাহিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে ক্যানসারে আক্রান্ত হওয়ায় স্কটল্যান্ড কর্তৃপক্ষ তাঁকে মানবিক কারণে মুক্তি দিয়েছে। ওই বিমানে হামলায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে কয়েক কোটি ডলার দিতে হয়েছে গাদ্দাফিকে।অবশেষে বিদ্রোহ২০১০ সালের ডিসেম্বরে তিউনিসিয়া থেকে যখন আরব বিশ্বে বিদ্রোহের হাওয়া বইতে শুরু করে, তখন প্রশ্ন ওঠে, ‘এরপর কোন দেশ?’ বেশির ভাগ মানুষের তালিকার ওপরের দিকে নাম ছিল না লিবিয়ার। কিন্তু বিদ্রোহের ঝড় থেকে রক্ষা পায়নি উত্তর আফ্রিকার দেশটি।অনেক সমালোচনা সত্ত্বেও নানা কারণে গাদ্দাফির সুনামও রয়েছে। তেলের আয় ও অন্যান্য চুক্তি থেকে তাঁর পরিবার বিপুলভাবে লাভবান হলেও তিনি জনগণের মধ্যেও দেশের সম্পদের পুনর্বণ্টন করেছেন। তাঁর জনহিতকর কাজগুলো উপেক্ষা করা যে কারও পক্ষেই কঠিন। তাঁর সম্পদ পুনর্বণ্টনের বড় কারণ ছিল অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা, শুধু মানুষের আনুগত্য অর্জন নয়। জনকল্যাণে গাদ্দাফি কৃত্রিম নদী প্রকল্পের মতো অনেক উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিয়েছেন।শেষ প্রশ্ন হচ্ছে, বর্তমান সংকট থেকে রক্ষা পেতে কর্নেল গাদ্দাফি কী করবেন? এটা সম্ভবত অপরিহার্য যে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য সম্ভাব্য সবকিছুই করবেন তিনি। কারণ, গাদ্দাফির অতীত এ ধারণার অন্যথা হওয়ার পক্ষে কিছু বলে না।গাদ্দাফির বিশ্বাসনারী ও ‘পাগলামি’ সম্পর্কেমতপ্রকাশের স্বাধীনতা প্রতিটি মানুষের একটি অধিকার। এমনকি সে ব্যক্তি যদি তার অসংলগ্নতা প্রকাশের জন্য অযৌক্তিক আচরণ করে তা-ও।নারীরা পুরুষের মতোই মানুষ। এটা বিতর্কাতীত সত্য। নারী আকৃতিতে পুরুষের চেয়ে ভিন্ন, কারণ তারা নারী—ঠিক যেভাবে কিনা প্রাণী ও উদ্ভিদ জগতের সব স্ত্রীজাতি পুরুষের চেয়ে আলাদা।...স্ত্রীরোগ বিশারদদের মতে, প্রতি মাসে নারীদের ঋতুস্রাব হয়, পুরুষদের যা হয় না।...পুরুষেরা যেহেতু গর্ভধারণ করতে পারে না, তাই নারীদের অসুস্থতাগুলো তাদের ভোগ করতে হয় না। সবুজ বই থেকেআরব বিশ্ব ও আফ্রিকা বিষয়েলিবিয়া একটি আফ্রিকান দেশ। দোয়া করি, আল্লাহ আরবদের সাহায্য করুন এবং তাদের আমাদের চেয়ে দূরে রাখুন। তাদের সঙ্গে কোনো লেনদেন নেই আমাদের।লিবীয় টিভি, মার্চ ২০০৭আমি একজন আন্তর্জাতিক নেতা, আরব শাসকদের অধ্যক্ষ, আফ্রিকার রাজাদের রাজা এবং মুসলিমদের ইমাম। আমার যে আন্তর্জাতিক মর্যাদা তার কারণে আমার নিচের পর্যায়ে নামার কোনো অবকাশ নেই।আরব লিগ শীর্ষ সম্মেলন, মার্চ ২০০৯গণতন্ত্র ও বিরোধিতা নিয়েগোটা দুনিয়ায় লিবিয়া ছাড়া কোনো রাষ্ট্রে গণতন্ত্র নেই।মধ্যপ্রাচ্যে রাজনৈতিক বিরোধিতা উন্নত দেশগুলোর বিরোধিতার চেয়ে অনেক পৃথক। আমাদের দেশে বিরোধিতা প্রকাশ করা হয় বিস্ফোরণ, রাজনৈতিক খুন ও হত্যাযজ্ঞের মাধ্যমে।মার্কিন তাত্ত্বিকদের উদ্দেশে দেওয়া ভাষণে, মার্চ ২০০৬