বহুরূপে ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে তাঁর তিন নারী—মা, বউ ও মেয়ে। তিনজনেরই পছন্দ ফরমাল পোশাক। তাই তো ফেরদৌসও যেকোনো অনুষ্ঠানে ফরমাল পোশাককেই প্রাধান্য দেন। যদিও তিনি ক্যাজুয়াল পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসের কাছে ফ্যাশনের আরেক নাম আরাম। পোশাক, জুতা বা অন্য কোনো কিছু আরামদায়ক না হলে তিনি পরেন না। ছাত্রজীবন থেকেই পোশাক কেনার প্রতি ঝোঁক ফেরদৌসের। অনেক পোশাক আলমারির তাকে বহু বছর রাখা ছিল। কখনো পরা হয়নি। তবুও নতুন উদ্যোমে পোশাক ও জুতা কেনাকাটা করেন। ফেরদৌস বলেন, ‘কেনাকাটা হলো আমার জীবনের অন্যতম বিনোদন। শপিং মলে ঢুকলেই ভালো লাগে। যখনই কোথাও যাই, প্রচুর কেনাকাটা করে নিয়ে আসি। চলচ্চিত্রের জন্য অনেক পোশাক ও অনুষঙ্গ তখন কেনা হয়।’ গরমে জিনস টি-শার্ট পরতে ভালোবাসেন। ট্রু রিলিজিওন, ডি অ্যান্ড জি, আরমানি, এক্সপ্রেশনস ও স্পাইকার ব্র্যান্ডের জিনস তিনি বেছে নেন। আর আরমানি, গুচির সাধারণ নকশার রংচটা ধরনের টি-শার্ট সব সময় পরেন। শীতে অবশ্য গলায় পেঁচিয়ে নেন স্কার্ফ। পারিবারিক বা বিশেষ কোনো অনুষ্ঠানে জমকালো পাঞ্জাবিই থাকে তাঁর পছন্দের তালিকায়। ভাসাভি, নাবিলা, মান্যবর বা মানিশ মালহোত্রার বিশেষ নকশার পাঞ্জাবি যেমন পরেন, আবার পরিবেশ বুঝে সুতি বা খদ্দরের পাঞ্জাবিও পরে থাকেন। আজকাল আঁটসাঁট পাঞ্জাবি ফেরদৌসের পরা হচ্ছে বেশি। তিনি বলেন, ব্যক্তিকে আকর্ষণীয় করে তোলে তাঁর পোশাকের কাটিং ও ফিটিং। ফরমাল অনুষ্ঠান হলে তো কথাই নেই। সবার পছন্দের স্যুট-কোট, টাই পরেন। ইদানীং প্রিন্স কোট বেছে নিচ্ছেন ফরমাল অনুষ্ঠানে। বাংলাদেশে সানমুনের দূত তিনি। সানমুনের বাইরে আরমানি ও গুচির স্যুট-কোট পরেন। ফেরদৌসের রামিম রাজ নামের একজন নিজস্ব ডিজাইনার আছেন। ব্র্যান্ডের বাইরে বেশির ভাগ পোশাকের নকশা তিনি করে থাকেন। আরেকটি মজার শখ আছে ফেরদৌসের। তা হলো মাথার হ্যাট সংগ্রহ করা। যখনই দেশের বাইরে যান কিনে আনেন হ্যাট। পোশাকের সঙ্গে মিলিয়ে নানা ধরনের জুতাও পরেন তিনি। নাইকি, রিবোক ও অ্যাডিডাসের রং-বেরঙের স্নিকারস পরতে ভালোবাসেন। তিনি মনে করেন, উজ্জ্বল রঙের পোশাক মনকে তরুণ করে।পোশাকের সঙ্গে রোদচশমা না পরলে ফেরদৌসের চলেই না। এই মুহূর্তে রে-ব্যানের অ্যাভিয়েটর কাটের রোদচশমা বেশি পরছেন। এ ছাড়া হুগো বস ও আরমানির বিভিন্ন শেডের রোদচশমা ব্যবহার করেন।সুগন্ধির প্রতি রয়েছে খুব দুর্বলতা। বাইরে বের হলেই সুগন্ধি দিতে ভুল হয় না। হাঁটতে বের হলেও সুগন্ধি ব্যবহার করেন। নটিকা, ইসে মিয়াকে, গুচি ও ব্ল্যাক ব্র্যান্ডের সুগন্ধি ঘুরে-ফিরে ব্যবহার করেন। আর হাতে থাকে হাত ঘড়ি।নিজেকে ফিট রাখতে চেষ্টা করেন ব্যায়াম করতে। সময় পেলেই হাঁটেন ও সাঁতার কাটেন। ত্বকের পরিচর্চাও নিয়মিত করেন। ফেরদৌস বলেন, ‘সিনেমার জন্য প্রতিদিন মেকআপ করতে হয়। তাই ভালো মানের মেকআপ পরিষ্কারক দিয়ে সময় নিয়ে মেকআপ তুলি। ত্বক ভালো রাখতে এটি জরুরি। ময়েশ্চারাইজার ব্যবহার, ফেশিয়াল ও মেনিকিউর-প্যাডিকিউর সময় পেলে করি।’