উচ্ছল প্রাণবন্ত তরুণী মানসী রায়। সহকর্মী, বন্ধু ও আত্মীয়স্বজনের কাছে পরিচিত বহ্নি নামে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আবৃত্তি করে বিভাগীয় পুরস্কারও পেয়েছেন। বেতারে ছোটদের আসরে গান করেছেন একাধিকবার। কিন্তু এসব করতে গিয়ে লেখাপড়ায় ছেদ পড়েনি একটুও। প্রমাণ তাঁর ঈর্ষণীয় ফলাফল।স্নাতক পর্যায়ে ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। এখন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বিষয়ে গবেষণা করছেন, পড়াচ্ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রথম আলোর মুখোমুখি হন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতাম। আমি মনে করি, এটি একটি মহান পেশা। এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেও লক্ষ্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া।’২০১০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং ২০১১ সালে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি। দুটিতেই প্রথম শ্রেণীতে প্রথম হন। স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে পান প্রধানমন্ত্রী স্বর্ণপদক। এই অর্জনের পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতার কথা কৃতজ্ঞতাভরেই স্মরণ করলেন তিনি। গত বছরের ৩ অক্টোবরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বহ্নিসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ মেধাবী শিক্ষার্থীকে এই পদক দেওয়া হয়।পড়াশোনার ব্যাপারে বরাবরই মনোযোগী ছিলেন বহ্নি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েও এর ব্যতিক্রম ঘটেনি। বিভিন্ন রেফারেন্স বই ঘেঁটে নিজেই নোট তৈরি করতেন। তাঁর মতে, ‘ভালো ফলাফলের জন্য নিজের চেষ্টা থাকতে হবে। একই সঙ্গে স্নাতক এবং স্নাতকোত্তর দুটি পর্যায়ে ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’পদক পাওয়ার প্রতিক্রিয়া সম্পর্কে বহ্নি জানালেন, ‘খু-উব-ই ভালো লেগেছে। কিন্তু কষ্ট পেয়েছি মনে মনে। কারণ, আমার প্রিয় নানি এ সাফল্যটুকু দেখে যেতে পারেননি।’ বহ্নির বড় প্রেরণা ছিলেন নানি ঝুনু রানী মজুমদার। ছোটবেলা থেকেই সারাক্ষণ ছায়াসঙ্গী হয়ে ছিলেন নানি। তিনিই লালন-পালন করেছেন। কারণ, তাঁর বাবা তখন কুয়েতে ছিলেন। তাই মাকে নিয়ে নানির সঙ্গে থাকতেন।নানি মারা যাওয়ার পর সে শূন্যতা অনেকটাই পূরণ করেছেন খালা অনুভা দত্ত। অনুভা বললেন, ‘আমার মেয়ে নেই। ওকে আমি তাই মেয়ের মতোই আগলে রাখি।’বহ্নিরা দুই বোন, এক ভাই। সবার বড় তিনি। মা প্রতিভা মজুমদার গৃহিণী। বাবা দীনেশ রায় ব্যবসায়ী।পড়াশোনা আর কাজের চাপে আবৃত্তি ও সংগীতচর্চায় কিছুটা ছেদ পড়েছে। তবে মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা ও আবৃত্তির সুযোগ পেলে হাতছাড়া করেন না। বহ্নি বর্তমানে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে (বিবিএ) প্রভাষকের দায়িত্ব পালন করছেন। এর আগে কিছুদিনের জন্য শিক্ষকতা করেছেন ইসলামিয়া কলেজ ও চিটাগাং গ্রামার স্কুলে।বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমফিল কোর্সে ভর্তি হয়েছেন বহ্নি। তাঁর গবেষণার বিষয় ‘বাংলাদেশের উন্নয়নে বিদেশি বিনিয়োগ’।বহ্নির বাবাও চান মেয়ে গবেষণা শেষ করুক। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে আবেদনও করেছেন। নিজের স্বপ্নের পথে হাঁটতে থাকা বহ্নি চান বহ্নিশিখার মতোই জ্বলে উঠতে।