বাঁ পা আগে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি বাসে বাদুড়ঝোলা হয়ে যখন কলেজের পথ ধরি, ভুলে যাই, ‘সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি’। আমার যেমন ক্লাসের তাড়া, তেমনি অন্য কারও অফিসের তাড়া, স্কুলের তাড়া, কর্মে ফেরার তাড়া। বাসে উঠতে পারলেই কেল্লা ফতে। বাসের হেলপারদেরও তৃপ্তি নেই। বাসে গাদাগাদি ভিড়, তবু সে ডাকতে থাকে, ‘এ্যাই আসেন—আন্দরকিল্লা, লালদীঘি, নিউমার্কেট...সামনে আসেন...।আসার সময় নিউমার্কেট থেকে বাস ধরি, গন্তব্য চকবাজার। স্টেশন পার করে আর বাড়ে যাত্রীর সংখ্যা। সিট বুকড হওয়ার পর দাঁড়িয়ে থাকে আরও অনেক যাত্রী। এই সুযোগে অনেকের পকেটের স্বাস্থ্য যে খারাপ হয়, তা কিন্তু চতুর যাত্রীদের বেশ জানা। বিভিন্ন রকমের যাত্রী। সিট পাওয়া যাত্রীরা সৌভাগ্যের হাসি দিয়ে গল্প তোলে, আলোচনা করে। উঠে আসে শেয়ারবাজার, এমএলএম, এমনকি ছেলের ভর্তি পরীক্ষার কথাও। কেউ কেউ বিনয়ী ভাব নিয়ে আরেকজনকে সিট ছেড়ে দেয়। কেউ একজন উঠলে আবার তিনজন বসার প্রতিযোগিতাও চলে। অসহিষ্ণু কারও সঙ্গে লাগলে ধাক্কা চেঁচিয়ে ওঠে, ‘মানুষ দেখতেছেন না!’ কেউ খেঁকিয়ে ওঠে, ‘অত ক্ষমতা থাকলে যান না প্রাইভেট গাড়ি নিয়ে।’ আমরা নীরব যাত্রী। মৃদুমন্দ গতিতে চলে লোকাল বাস। জানালার পাশে সিট পেলে খানিক ভাবুক হয়ে যাই, ‘তাহলে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ও লোকাল বাস? উভয়ের মধ্যে সাদৃশ্য আছে।’বাসের হেলপার হাঁক দেয়, ‘এ্যাই আস্তে, ব্রেক, যাত্রী নামব... এ্যাই ভাই আসেন, চকবাজার...।’ গন্তব্যে আসার সুসংবাদে সিট ছেড়ে এগিয়ে আসি বাসের দরজার দিকে। আমার পেছনে-সামনে অনেকেই নামবে, পেছন থেকে ধাক্কা আসে, ‘তাড়াতাড়ি যান না ভাই...।’সামনের সবাই নেমে গেছে, শুধু একজন বাকি। মাঝবয়সী, লম্বা পাঞ্জাবি পরা, বাঁ বগলে ক্র্যাচ। বাসের হাতল ধরার চেষ্টা করছেন ডান হাতে। পেছনের যাত্রীদের বিরক্তি চরমে, হেলপার ধমকের সুরে বলে, ‘বাম পা আগে দিয়ে নামেন না...।’ হাত বাড়ায় নিচে নামা আরেক যাত্রী। পেছনের আমি অবাক হয়ে দেখি, ভদ্রলোকটির যে বাঁ পা-ই নেই...!এস ইলিয়াছ বাবরবাঁশখালী, চট্টগ্রাম