বাঁকখালী নদীর বিভিন্ন স্থানে নয়টি ডুবোচর ভেসে উঠেছে। এসব ডুবোচরে প্রায় সময় নৌযান আটকা পড়ে দুর্ঘটনা ঘটে। এতে নৌচলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কক্সবাজারের কস্তুরাঘাট থেকে চরম ঝুঁকি নিয়ে মহেশখালী যাতায়াত করছেন পর্যটক, তীর্থযাত্রীসহ এলাকার হাজার হাজার মানুষ।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরসংলগ্ন কস্তুরাঘাট, ছয় নম্বর জেটি, মগচিতাপাড়া ও ফিশারিঘাট ছাড়াও সমুদ্র চ্যানেলে ছয়টি স্থানে ডুবোচর ভেসে উঠেছে। জোয়ারের সময় নৌযান চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও চরের কারণে ভাটার সময় চলে ধীরগতিতে।গত রোববার সকাল নয়টায় ভাটার সময় কস্তুরাঘাটে গিয়ে দেখা যায়, বাঁকখালী নদীর বুকে ৫০০ একরের বেশি আয়তনের একাধিক চর। আশপাশে কয়েকটি ছোট আকারের চরও দেখা গেছে। ভাটার সময় নৌযানে যাত্রী ওঠা-নামার জন্য প্রায় এক কিলোমিটার দীর্ঘ ইটের সড়ক ও কাঠের জেটি তৈরি করে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। সড়ক ও জেটি পেরিয়ে নৌকায় করে স্পিডবোট অথবা লঞ্চে উঠতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়েন যাত্রীরা। কস্তুরাঘাটের স্পিডবোট চালক মোহাম্মদ আলমগীর জানান, স্বাভাবিক অবস্থায় এখান থেকে ১৫ কিলোমিটার দূরে মহেশখালী যেতে স্পিডবোটের সময় লাগে ১০ থেকে ১২ মিনিট। কিন্তু বাঁকখালী নদী ও সমুদ্র চ্যানেলে ডুবোচরে আটকে গেলে সময় লাগে দ্বিগুণের বেশি। অনেক সময় চরে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।মাছ ধরার নৌযান এফবি সোহেল ও শিউলীর জেলে আমিন উল্লাহ ও আবুল মনজুর জানান, পাহাড় কাটার মাটি এসে বাঁকখালী নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় নদীর গতিপথ সংকুচিত হয়ে পড়েছে। অনেক সময় ডুবুচরে আটকে গিয়ে ট্রলার উল্টে যায়।কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, জেলার প্রায় সাত হাজার মাছ ধরার ট্রলার দুর্যোগের সময় এই নদীতে নিরাপদ আশ্রয় নেয়। গভীর সাগর থেকে ধরে আনা মাছ বিক্রির প্রধান বাজারও গড়ে উঠেছে এই নদীর তীরে। অথচ ভরাট হয়ে যাওয়ায় এসব ট্রলার বাঁকখালীতে ঢুকতে পারছে না। গত ৩০ বছরে একবারও এই নদীর তলদেশ খনন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া সিকদার বলেন, ‘একমাত্র এই নৌপথে কক্সবাজার থেকে মহেশখালী, বাঁশখালী, চকরিয়া, মগনামা, পেকুয়া, কুতুবদিয়া, বদরখালী, উজানটিয়াসহ অন্যান্য এলাকায় প্রতিদিন হাজারো মানুষ ও মালামাল পরিবহন করা হয়। কিন্তু একাধিক চর জেগে ওঠায় লোকজনকে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। নদী বা চ্যানেলটি খনন করার উদ্যোগ কেউ নিচ্ছেন না।’ কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, ‘প্রতিবর্ষা মৌসুমে পাহাড় কাটা মাটি স্রোতের সঙ্গে বাঁকখালী নদীতে নেমে আসছে। এতে শহরের নালা নর্দমাও ভরাট হয়ে যাচ্ছে। পৌরসভার তহবিল থেকে নালা নর্দমা পরিষ্কার করা হলেও বাঁকখালীর তলদেশ খননের টাকা পৌরসভার নেই। এ ব্যাপারে জেলা প্রশাসন উদ্যোগ নিতে পারে।’ জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘বাঁকখালী নদীর ভরাট অংশ খননের জন্য উচ্চ মহলে লেখালেখি চলছে। আশা করি সহসা এর সমাধান পাওয়া যাবে।’