বাঁকখালী নদী খননের দাবিতে মানববন্ধন, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের প্রধান সমস্যা বাঁকখালী নদী খননের দাবিতে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নদীর তীর কস্তুরাঘাটে মানববন্ধন ও সমাবেশ করেছে কক্সবাজার বন্ধুসভা। দেশের প্রধান দৈনিক প্রথম আলোর চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।বন্ধুসভার সহসভাপতি নোমান হেলালীর সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুুল কুদ্দুস। তিনি জানান, প্রতিদিন গড়ে ৭০ লাখ পাঠক প্রথম আলো পড়েন। তাই যেখানেই বাংলা সেখানেই প্রথম আলো। বিশ্বজুড়ে বাংলাকে ছড়িয়ে দিতে কাজ করছে প্রথম আলো। সমাবেশে আরও বক্তব্য দেন, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়াছুর রহমান, জেলা সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট তাপস রক্ষিত, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা, প্রকৌশলী কানন পাল, জেলা গ্রামডাক্তার কল্যাণ সমিতির সভাপতি চন্দন কান্তি দাশ, নারীনেত্রী শামীম আকতার, শিক্ষক নুরুল হাশেম, তাসলিমা জন্নাত, বন্ধুসভার সদস্য আনোয়ার জাহিদ, কাজী মিজানুর রহমান, আহমদ শরীফ প্রমুখ। সমাবেশে আবু মোর্শেদ চৌধুরী জানান, একসময়ের প্রধান বাণিজ্যকেন্দ্র এই কস্তুরাঘাটে চট্টগ্রাম যাতায়াতের জাহাজ ভিড়ত। আর এখন সাম্পানও ভিড়তে পারে না। পাহাড় কাটার মাটি নেমে এসে বাঁকখালীর নদীর বিশাল বুক ভরাট হয়ে গেছে। গত ২০ বছরে এই বুক একবারও খনন করা হয়নি। প্রকৌশলী কানন পাল ও নারীনেত্রী শামীম আকতার জানান, বাঁকখালী নদী ভরাট হওয়ায় সামান্য বৃষ্টিতে পুরো শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। পৌরসভার নালা-নর্দমা কাদায় ভরে যায়। তখন আবর্জনার দুর্গন্ধে পৌরবাসীর দুর্ভোগ বাড়ে। প্রথম আলো নদী খননের ব্যাপারে সোচ্চার হলে মানুষ জেগে উঠবে।