বাঁকখালী নদী গিলে খাচ্ছে অবৈধ দখলদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বাঁকখালী নদী গিলে খাচ্ছে অবৈধ দখলদারেরা। দুই তীর দখল করে গড়ে উঠেছে চিংড়িঘের, লবণমাঠ, পোলট্রি খামার, চাল ও ময়দার মিল, ঘরবাড়ি-দোকানপাটসহ কয়েক শ স্থাপনা।
এদিকে পৌরসভা কর্তৃপক্ষের অত্যাচারের হাত থেকেও রেহাই পাচ্ছে না বাঁকখালী। পৌর কর্তৃপক্ষ আবর্জনার ভাগাড় বানিয়েছে নদীকে। শহরের সব ময়লা-আবর্জনা নদীতে ফেলায় সংকুচিত হয়ে পড়ছে গতিপথ। পলিথিনসহ নানা বর্জে ধ্বংস হচ্ছে প্যারাবন। তলদেশ ভরাট হওয়ায় নদীর তীরের অন্তত দুই হাজার নলকূপের পানি লবণাক্ত হয়ে গেছে।
পৌরসভার মেয়র সরওয়ার কামাল জানান, দীর্ঘ কয়েক বছর ধরে পৌরসভা কর্তৃপক্ষ নদীতে শহরের বর্জ্য ফেলে পরিবেশ দূষিত করে তুলেছে। তিনি বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি মাত্র চার মাস। এর মধ্যে বর্জ্য ফেলার জন্য শহরের বাইরে জমি দেখছি। তা ছাড়া দখলদারদের তালিকাও তৈরির চেষ্টা চলছে। এরপর দখলদারদের উচ্ছেদ করে নদীর তলদেশ খনন করে আগের পরিবেশ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
৬ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান নদীর বিভিন্ন স্থান পরিদর্শন করে হতাশা ব্যক্ত করে বলেন, এই নদীর অবস্থা ঢাকার বুড়িগঙ্গার চেয়েও ভয়াবহ। চোখের সামনে ভূমিদস্যুরা নদীর তীর দখল করে নানা স্থাপনা নির্মাণ করলেও প্রশাসন কিছু করতে পারছে না। এতে পরিবেশ-প্রতিবেশ বিপন্নের পাশাপাশি নদীর মাছ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে।
এ সময় সৈয়দা রেজওয়ানা হাসানের সঙ্গে ছিলেন ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, বেলা চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম চৌধুরী, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।
বন বিভাগ সূত্র জানায়, আটটি মৌজায় বাঁকখালী নদীর বিভিন্ন অংশে এক হাজার ৪৩৬ একর ভূমি অবৈধ দখলে চলে গেছে। এর মধ্যে শহরের নুনিয়াছটা, ছয় নম্বর, কস্তুরাঘাট, নূরপাড়া, টেকপাড়া ও মাঝিরঘাট এলাকায় ৪২ জনের দখলে রয়েছে ৭১ একর, ঝিলংজা এলাকায় ১১ জনের দখলে ১০ একর, খুরুশকূলে ২০ জনের দখলে ১৬০ একর, গোমাতলীতে ৫১ জনের দখলে রয়েছে ২০৮ একর, চৌফলদণ্ডীতে ৪৯ জনের দখলে ৪২০ একর, তেতৈয়ায় ৫৩ জনের দখলে ১৭৫ একর। এসব জমি ভরাট করে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নানা স্থাপনা।
এদিকে ৬ ফেব্রুয়ারি শহরের একটি মোটেলে ‘বাঁকখালী নদীর ভরাট, দখল ও দূষণ-আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। সভাপতিত্ব করেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান। সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, পাহাড় কাটার মাটিতে নদীর তলদেশ ভরাট হচ্ছে। পাশাপাশি নদীতে ফেলা হচ্ছে শহরের ময়লা-আবর্জনা। এতে নদীর গতিপথ সংকুচিত হচ্ছে। তা ছাড়া নদীর দুই তীর দখল করে তৈরি করা হয়েছে অসংখ্য অবৈধ স্থাপনা। এসব দ্রুত উচ্ছেদ দরকার।
উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক ভূঁইয়া বলেন, নদীতে পলিথিনসহ বর্জ্য ফেলার কারণে দুই তীরের প্রায় ৭০০ একরের প্যারাবন ধ্বংস হচ্ছে। নদীর তীরের কয়েক হাজার নলকূপের পানি লবণাক্ত হয়ে পড়েছে।
সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, বাঁকখালী নদীটি রক্ষা করতে হলে অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি পাহাড়কাটাও বন্ধ করতে হবে। এ জন্য বেলা আইনি সহায়তা দেবে।