বাঁকখালী নদীর জেটিটি কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ফকিরাবাজার-পূর্ব রাজারকুল বাঁকখালী নদীর জেটিটি কোনো কাজে আসছে না। পৌনে দুলাখ টাকা ব্যয়ে নির্মিত জেটিটি এক বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে। স্থান নির্বাচন সঠিক না হওয়ায় এটি ব্যবহূত হচ্ছে না বলে জানা গেছে।স্থানীয় লোকজন জানান, বাঁকখালী নদীতে দীর্ঘদিন ধরে জেটির অভাবে বিভিন্ন এলাকা থেকে নৌপথে যাতায়াতকারী জনসাধারণের চলাচল ও নদীতীরে পণ্য ওঠানামার ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া, প্রতিবছর বর্ষায় বাঁকখালী নদীতে পানি বেড়ে যাওয়ায় এবং ঘন ঘন বন্যার কারণে ফকিরাবাজার থেকে পূর্ব রাজারকুলঘাট পর্যন্ত রাস্তাটি বেশ কাদাময় হয়ে যায়। এ সময় শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষকে হাঁটু পরিমাণ কাদা মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার এবং বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে হয়। উৎপাদিত শাকসবজিসহ নানান পণ্য ফকিরা বাজারে আনা-নেওয়া করার সময় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় কৃষকদের। এ রকম দুর্ভোগ দূর করার জন্য নদীতে জেটি নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকার লোকজন। এ অবস্থায় গত বছর জুলাইয়ের শেষের দিকে এক লাখ ৭৯ হাজার টাকায় জেলা পরিষদ জেটিটি নির্মাণ করে। কিন্তু মানুষের চলাচলের প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত না হওয়ায় ওই জেটি দিয়ে যাতায়াতে লোকজন অনীহা দেখান। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন বড়ুয়া বলেন, ‘যেখানে জেটিটি নির্মাণ করা হয়েছে সেটি পূর্ব রাজারকুলের মানুষের চলাচলের প্রধান সড়ক নয়। মূলত এর উত্তর পাশের (করাতকলসংলগ্ন) সড়ক দিয়ে লোকজন চলাচল করেন এবং ওই সড়কে জেটিটি নির্মাণ করা দরকার ছিল। এখন শুধু সরকারি টাকার অপচয় হয়েছে।’ঠিকাদার হুমায়ুন কবির চৌধুরী জেটি পরিত্যক্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘স্থানীয় কিছু লোকের অসহযোগিতার কারণে জেটিটি সঠিক স্থানে করা যায়নি।’ কক্সবাজার জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী সাইফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জেটি নির্মাণের জন্য প্রথমে উত্তর পাশের রাস্তাটি নির্বাচন করেছিল জেলা পরিষদ। সরঞ্জামও ওই স্থানে রাখা হয়। কিন্তু স্থানীয় কিছু মানুষ রাস্তার জায়গাটি নিজেদের খতিয়ানভুক্ত দাবি করে নির্মাণকাজে বাধা দেওয়ায় বর্তমান স্থানে জেটিটি করা হয়।’ সরেজমিনে দেখা যায়, চলতি বর্ষায় বাঁকখালী নদীর পানির স্রোতে জেটির পূর্ব অংশের প্রায় ৩০ ফুট ভেঙে গেছে। পশ্চিম অংশ দিয়ে উঠা গেলেও পূর্ব দিকে নামার ব্যবস্থা না থাকায় বর্তমানে জেটিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন সাধারণ মানুষ জানালেন, জেটিটি পরিত্যক্ত পড়ে থাকায় সন্ধ্যা হলেই কিছু মাদকসেবী জেটির ওপর মদ-গাঁজার আসর বসান।’