বাঁকখালী-মাতামুহুরীর তীরে সবজির সমারোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলতি মৌসুমে চার কানি জমিতে বেগুন, মুলা, টমেটো ও মরিচের আবাদ করেছি। ইতিমধ্যে সবজি বিক্রি করে খরচের ৬৩ হাজার টাকা উঠেছে। আরও অন্তত দুই লাখ টাকা আয় হবে।’ কথাগুলো বলছিলেন কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর গ্রামের চাষি নুরুল হক (৫৫)। গত শনিবার দুপুরে কথা হয় তাঁর সঙ্গে।সরেজমিনে দেখা গেছে, রামুর চৌমুহনী থেকে পূর্ব দিকে প্রায় এক কিলোমিটার লম্বা চেরাংঘাট পর্যন্ত রাস্তার দুই পাশে বিশাল এলাকা সবুজ শাকসবজিতে ভরপুর। বেগুন, মুলা, মরিচ, টমেটো, মিষ্টিকুমড়া, ফুলকপি, বাঁধাকপিসহ নানা রকম সবজি নজর কাড়ছে। সবুজের বুক চিরে একটু সামনে গেলে আরও বিস্তৃত সবজিখেত। বাঁকখালী নদীর দুই তীরজুড়ে সবজি আর সবজি। এদিকে নদীতে ছুটছে সবজিভর্তি সারি সারি নৌকা। কোনটিতে বেগুন, আলু, ফুলকপি, মূলা, পেঁপে আরও নানা রকম সবুজ শাকসবজিতে ভরা। গন্তব্য সবজির হাট।উপজেলার ফকিরা বাজারের পূর্ব পাশে বাঁকখালী নদীর চরে সপ্তাহের শনি ও মঙ্গলবার সবজির হাট বসে। সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই ফসলের বেচাকেনা।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান বলেন, বর্তমানে নদীর দুই তীরের প্রায় ১৫ কিলোমিটার লম্বা এলাকা এবং আশপাশের আরও সাড়ে তিন হাজার একর জমিতে সবজি চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনে চাষিরা মহাখুশি। শ্রীকূল গ্রামের সবজিচাষি রাজু বড়ুয়া বলেন, নদীর তীরে বছর-বছর পলি জমাতে এখানকার কম উর্বর জমিতেও ফসল উৎপাদন ভালো হয়। কম সার প্রয়োগ করে বেশি ফলন হওয়ায় নদীর তীরে সবিজ চাষে ঝুঁকছেন লোকজন।সবজিচাষি বিদ্যুৎ বড়ুয়া এ বছর ছয় কানি জমি বর্গা নিয়ে মুলা, মিষ্টিকুমড়া, ফরাসশিম ও আখ চাষ করেছেন।এতে খরচ হয় এক লাখ ২০ হাজার টাকা। তাঁর ধারণা, খরচ বাদ দিয়ে আড়াই লাখ টাকা লাভ থাকবে। একই অবস্থা দেখা গেছে, চকরিয়ার মাতামুহুরী নদীর দুই তীরে। সেখানে অন্তত ২০ হাজার একরের জমিতে শীতকালীন সবজি ও ফসল উৎপাদনের ধুম পড়েছে। কক্সবাজারসহ জেলার বিভিন্ন হাটবাজার দখল করে নিচ্ছে বাঁকখালী ও মাতামুহুরী নদীর তীরে উৎপাদিত শীতকালীন সবজিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় শীত মৌসুমে সবজির উৎপাদন আড়াই লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মুলা, শসা, চিচিঙ্গা, পটোল, গাজর, বরবটি, পুঁইশাক, লালশাক ও মুলাশাকের ফলন ভালো হচ্ছে। গত বছর উৎপাদিত হয়েছিল দুই লাখ ৩০ হাজার ১২৯ মেট্রিক টন। ফসল উৎপাদন ভালো হওয়ার কারণ সম্পর্কে আশীষ কুমার বলেন, ‘ফসলের উৎপাদন বাড়াতে উন্নত চাষ পদ্ধতির বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ ও ভালো বীজ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এ ছাড়া চলমান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চাষিরা আর্থিক সহায়তা পেয়েছেন। ফলে ফসলের উৎপাদন বাড়ছে।’