বাঁকখালীকে বাঁচাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালীকে বাঁচাতে হলে দ্রুত সময়ের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। পাশাপাশি ভরাট অংশ খনন করে ঠিক করতে হবে নৌ–চলাচলের গতিপথ। এটা এখন কক্সবাজারবাসীর প্রাণের দাবি।
৮ জুন দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আয়োজিত ‘বাঁকখালী নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠকের আয়োজন করে কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দীপক শর্মা। সূচনা বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক মাসুদুর রহমান।
প্রবন্ধে বলা হয়, শহরে পাহাড় কাটার মহোৎসব চলছে। পাহাড় কাটার মাটি নেমে ভরাট হচ্ছে পৌরসভার নালা ও পাশের বাঁকখালী নদী। তারপর নদীর ভরাট অংশ দখল করে রাতারাতি তৈরি হচ্ছে নানা স্থাপনা। উচ্চ আদালত থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ জারি করা হলেও তার বাস্তবায়ন হচ্ছে না। এখন অবৈধ একটি বহুতল ভবন ভাঙা জরুরি। তাহলে এর দেখাদেখি অন্যরা নিজেদের অবৈধ স্থাপনা সরিয়ে নেবে। তা ছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদের বিপরীতে সরকারি বরাদ্দ প্রয়োজন।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজি আবদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মো. আলী কবীর, বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক নয়ন শীল, উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক জি এম মোহাম্মদ কবির, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জাহানারা ইয়াসমীন, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, প্রকৌশলী কানন পাল, সাংবাদিক তোফায়েল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মাজাহারুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর রাজবিহারী দাশ ও মঞ্জুমান নাহার, কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, পৌরসভার নালার ওপর ছয়তলা ভবন নির্মাণ হয় কী করে? মানুষের সামান্য জ্ঞান থাকলে এই কাজ হয় না। অবৈধ দখলদারদের শুধু জেলে পাঠালে এই সমস্যার সমাধান হবে না। সম্মিলিত উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পর্যটন শহর কক্সবাজারকে গড়ে তুলতে হবে।