বাঁকখালীতে স্বর্গের জাহাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামুর বাঁকখালী নদীতে ভাসানো হয় স্বর্গের জাহাজ l প্রথম আলো
রামুর বাঁকখালী নদীতে ভাসানো হয় স্বর্গের জাহাজ l প্রথম আলো

বাঁশ, বেত, রঙিন কাগজ আর কাপড় দিয়ে তৈরি সাতটি জাহাজ একে একে ভাসানো হয় বাঁকখালী নদীতে। এ সময় নানা বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ-গানে মেতে ওঠেন বৌদ্ধ সম্প্রদায়ের তরুণ–তরুণীরা। ৯ অক্টোবর বিকেলে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলায় এমন জাঁকজমকের সঙ্গে উদ্যাপিত হয় ‘স্বর্গের জাহাজ ভাসানো’ উৎসব।
উপজেলার হাইটুপি, দ্বীপ শ্রীকুল, হাজারীকুল, রাখাইনপাড়া, দক্ষিণ শ্রীকুল, পূর্ব রাজারকুল, জাদীপাড়া, পূর্ব মেরংলোয়াসহ ২০টি বৌদ্ধপল্লির কয়েক হাজার নারী–পুরুষ ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই উৎসবে যোগ দেন।
এ উপলক্ষে বাঁকখালী নদীর ফকিরাবাজার অংশের বালুচরে আয়োজিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন প্রবারণা ও জাহাজ ভাসানো উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক প্রবীর বড়ুয়া। অতিথি ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সাংসদ সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধবিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন থের, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক প্রশান্ত ভূষণ বড়ুয়া, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্ত ভূষণ বড়ুয়া প্রমুখ।
উৎসব সম্পর্কে রামুর কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের বলেন, আজ থেকে প্রায় ২০০ বছর আগে মিয়ানমারের মুরহনঘা নামক স্থানে একটি নদীতে সংঘরাজ ম্রাজংব্রান প্রথম জাহাজ ভাসানো উৎসবের আয়োজন করেন। সেখান থেকে বাংলাদেশের রামুতে এই উৎসব প্রচলন হয়।
বৌদ্ধভিক্ষুরা জানান, আড়াই হাজার বছর আগে বৈশালী রাজ্যে অনাবৃষ্টি, খরা ও দুর্ভিক্ষ দেখা দেয়। এর প্রভাবে মানুষ ও জীবজন্তু মারা যাচ্ছিল। তখন গৌতম বুদ্ধ বৈশালীর রাজার আমন্ত্রণে শিষ্যদের নিয়ে ওই রাজ্যে যান। তিনি ‘রত্ন সূত্র’ পাঠ করে খারাপ দেবতার প্রভাব থেকে বৈশালীকে রক্ষা করেন। ফিরতি পথে সর্প দেবতারা ৫০০টি নৌকায় শিষ্যসহ বুদ্ধকে যমুনা নদী পার করে দেন। সেই দিনটিকে স্মরণ করতেই বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বিভিন্ন স্থানে জাহাজ ভাসানো উৎসব উদ্যাপন করে আসছেন। প্রতিবছর তিন মাস ভিক্ষুদের বর্ষাব্রত পালন শেষে প্রবারণা পূর্ণিমার দিন জাহাজ ভাসানো উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের বেশ কিছু দিন আগ থেকে ঢোল, মন্দিরা, বাঁশিসহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে বৌদ্ধকীর্তন গেয়ে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে টাকা সংগ্রহ করে শিশু-কিশোর ও যুবকেরা। সেই টাকায় তৈরি করা হয় ময়ূর, কবুতর, হাঁসসহ বিভিন্ন প্রতিকৃতির একাধিক জাহাজ।