বাঁকখালীর চরে সবজির হাট
কুয়াশা ভেদ করে বাঁকখালী নদীর বুক চিরে ছুটছে সারি সারি নৌকা। কোনোটিতে বেগুন, আলু, কপি, কোনোটিতে কলা, মুলা, পেঁপেসহ নানা রকম সবুজ শাকসবজি। গন্তব্য সবজির হাট। কক্সবাজারের রামু উপজেলার ফকিরা বাজারের পূর্ব পাশে বাঁকখালী নদীর চরে সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার সবজির হাট বসে। সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এখানে বেচাকেনা হয়। নদীর চরে সবজির চাষ: চৌমুহনী স্টেশন থেকে পূর্বে পৌনে এক কিলোমিটার এলেই চেরাংঘাটা ঘাট। রাস্তা ধরে এ ঘাটে নামতেই দেখা যায়, দুই পাশে সবুজ শাকসবজির খেত। বেগুন, মুলা, মরিচ, টমেটো, মিষ্টিকুমড়া, ফুলকপি, বাঁধাকপিসহ নানা রকম সবজি মানুষের নজর কাড়ে। সবুজের বুক চিরে আর একটু সামনে গেলে দেখা যায় আরও অসাধারণ দৃশ্য। নদীর দুই তীরে বিস্তীর্ণ সবজিখেত, মাঝখানে বহমান নদী আর নদীর দুই তীরে যত দূর চোখ যায় সবজিখেত আর সবজিখেত।কোথায় ফলে এত শাকসবজি: খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল, নাশিকুল, খন্দকারপাড়া, সিকদারপাড়া, দক্ষিণ রাজারকুল, ফতেখাঁরকুলের হাইটুপি, দ্বীপ শ্রীকুল, অফিসের চর, লম্বরীপাড়া, পূর্ব মেরংলোয়া, কাউয়ারখোপের মনিরঝিল, পূর্ব মনিরঝিল, সোনাইছড়ি, লট-উখিয়ারঘোনা, ডাকভাঙ্গা, মৈষকুম, গর্জনিয়া ও কচ্ছপিয়া এলাকার বাঁকখালীর নদীর চরের অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তীর্ণ জমিতে এ বছর শীতকালীন শাকসবজির চাষ হয়েছে। রামু কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ বছর ফতেখাঁরকুল, রাজারকুল, কাউয়ারখোপ, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে বাঁকখালী নদীর চরে প্রায় ৭৫০ একর (৩০০ হেক্টর) জমিতে শীতকালীন শাকসবজির চাষ হয়েছে। চাষিদের কথা: হাইটুপি গ্রামের সবজিচাষি বিদ্যুৎ বড়ুয়া এ বছর ছয় কানি জমি বর্গা নিয়ে মুলা, মিষ্টিকুমড়া, ফরাশ শিম ও আঁখের চাষ করেন। এতে তাঁর এক লাখ ২০ হাজার টাকা খরচ হয়। তাঁর ধারণা, এ বছর খরচ বাদ দিয়ে প্রায় আড়াই লাখ টাকা লাভ হবে। পূর্ব মেরংলোয়া গ্রামের গোলাম আজম ৬০ শতক জমিতে ক্ষীরার চাষ করেছেন। এতে তাঁর খরচ হয় ২৫ হাজার টাকা। পরিবেশ অনুকূলে থাকলে তাঁর লাভ হবে প্রায় এক লাখ টাকা। সবজিচাষি নুরুল হক জানান, এ বছর প্রায় চার কানি জমিতে তিনি বেগুন, মুলা, মরিচের আবাদ করেছেন। ইতিমধ্যে খরচ উঠে তাঁর ২৫ হাজার টাকা লাভ হয়েছে। তাঁর ধারণা, এ বছর দুই লাখ টাকা মুনাফা হবে। কোথায় যায় এত সবজি: রামুর কলঘর বাজার থেকে এ হাটে আসেন কাঁচামাল ব্যবসায়ী আবু ছৈয়দ। তিনি জানান, আশপাশের অনেক হাটের তুলনায় এখানে প্রতি মণ সবজির দাম ৫০-১০০ টাকা কমে পাওয়া যায়। আর তরতাজা সবজি মেলে এ হাটে। শুধু রামুর ব্যবসায়ীরা নন, কক্সবাজার সদরের চৌফলদণ্ডী, খুরুসকুল, ঈদগাঁও এমনকি মহেশখালী, উখিয়া, টেকনাফ উপজেলার ব্যবসায়ীদের কাছে এ হাট এখন বিশেষভাবে পরিচিত। খুরুসকুলের ব্যবসায়ী নুরুল আমিন জানান, তুলনামূলক সস্তা ও তাজা সবজি পাওয়ার পাশাপাশি এ হাটের আরও সুবিধার দিক হচ্ছে নৌকায় করে নদীপথেও এখান থেকে সবজি বিভিন্ন স্থানে নেওয়া যায়। কৃষি বিভাগের বক্তব্য: রামু উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন ও লিপি বড়ুয়া জানান, এ বছর রামু উপজেলায় ৪৮০ হেক্টর জমিতে আলু, ২২০ হেক্টরে মুলা, ১৮০ হেক্টরে বেগুন, ৪০০ হেক্টরে মরিচসহ প্রায় এক হাজার ৩০০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির আবাদ করা হয়েছে। এর মধ্যে বাঁকখালী নদীর চরে আছে প্রায় ৩০০ হেক্টর। তাঁদের ধারণা, এবার হেক্টরপ্রতি গড়ে মুলা ৭৫ মেট্রিক টন, আলু ১৫ মেট্রিক টন ও বেগুন ৪৫ মেট্রিক টন উৎপাদিত হবে। উদ্বেগের বিষয় তামাক: হাইটুপি গ্রামের সবজিচাষি নুরুল ইসলাম ও তরুণ বড়ুয়া জানান, এ গ্রামের পাশে নদীতীরে ও বিস্তীর্ণ ধানি জমিতে একসময় শীতকালীন সবজির চাষ হতো। পাশাপাশি চলত ধানের চাষও। কিন্তু বর্তমানে সেখানকার বেশির ভাগ জমি তামাকের দখলে। শুধু এখানে নয়, উপজেলার সবখানে তামাকের আগ্রাসন উদ্বেগজনক হারে বাড়ায় দিন দিন কমে যাচ্ছে সবজির চাষ। তামাকের চাষ রোধ করতে সরকার ব্যবস্থা না নিলে আগামী দিনে সবজিচাষিরা হুমকির মুখে পড়বেন এবং সবজির ব্যাপক সংকট সৃষ্টি হবে।